ইউরোপের শ্রমবাজার বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। সাম্প্রতিক তথ্যানুসারে, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মসংস্থানের হার এক রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ২০০৫ সাল থেকে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে দেখা গেছে, এই সময়ে ইইউর আটটি দেশ তাদের সর্বোচ্চ কর্মসংস্থানের হার রেকর্ড করেছে। পাশাপাশি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ইইউতে বেকারত্বের হার ২০০০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
কর্মসংস্থানের এই সাফল্যের তালিকায় শীর্ষ ১০টি দেশের বিস্তারিত চিত্র নিচে দেওয়া হলো:
১. আইসল্যান্ড: ৮৫ দশমিক ৬ শতাংশ
দেশটির শ্রমবাজার অত্যন্ত শক্তিশালী এবং বেকারত্বের হার তুলনামূলকভাবে কম। এছাড়া নারী ও বয়স্ক জনগোষ্ঠীর শ্রমবাজারে ব্যাপক অংশগ্রহণ আইসল্যান্ডের কর্মসংস্থানের হারকে শীর্ষে রাখতে সাহায্য করেছে।
২. নেদারল্যান্ডস: ৮২ দশমিক ৩ শতাংশ
২০০৫ সালের পর থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে একমাত্র নেদারল্যান্ডসই কর্মসংস্থানের হার ৮০ শতাংশের বেশি ধরে রাখতে সক্ষম হয়েছে। দেশটির নমনীয় শ্রমবাজার এবং বিশেষ করে নারীদের মধ্যে খণ্ডকালীন কাজের ব্যাপক প্রচলন এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে।
৩. সুইজারল্যান্ড: ৮০ দশমিক ৪ শতাংশ
উদ্ভাবননির্ভর অর্থনীতি, দক্ষ জনশক্তি এবং অত্যন্ত কম বেকারত্বের হারের কারণে সুইজারল্যান্ডের শ্রমবাজার অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।
৪. জার্মানি: ৭৭ দশমিক ৬ শতাংশ
জার্মানির স্থিতিশীল অর্থনীতি এবং শক্তিশালী শিল্পভিত্তি কর্মসংস্থান ধরে রাখতে সহায়ক। এছাড়া দেশটির কারিগরি ও পেশাগত শিক্ষাব্যবস্থা এবং রপ্তানিনির্ভর শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
৫. নরওয়ে: ৭৭ শতাংশ
জ্বালানি খাতের সমৃদ্ধি, শ্রমবাজারে উচ্চ অংশগ্রহণ এবং শক্তিশালী সামাজিক সুরক্ষাব্যবস্থা নরওয়ের কর্মসংস্থানের হারকে শক্তিশালী রেখেছে।
৬. ডেনমার্ক: ৭৬ দশমিক ৯ শতাংশ
ডেনমার্কের উচ্চ কর্মসংস্থানের পেছনে রয়েছে তাদের নমনীয় শ্রমবাজার ব্যবস্থা, নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ এবং শক্তিশালী সামাজিক সুরক্ষা কাঠামো।
৭. সুইডেন: ৭৬ দশমিক ২ শতাংশ
শিক্ষা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ, নারী-পুরুষের সমান সুযোগ এবং তরুণ ও বয়স্ক জনগোষ্ঠীর শ্রমবাজারে সক্রিয় অংশগ্রহণ সুইডেনের কর্মসংস্থানের হার বৃদ্ধিতে সহায়তা করেছে।
৮. চেক প্রজাতন্ত্র: ৭৫ দশমিক ৬ শতাংশ
ইউরোপের সামগ্রিক সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত শিল্পাঞ্চল এবং উৎপাদন খাতের শক্তিশালী অবস্থানের কারণে চেক প্রজাতন্ত্রে বেকারত্বের হার কম এবং কর্মসংস্থানের হার উচ্চ।
৯. হাঙ্গেরি: ৭৫ দশমিক ১ শতাংশ
শিল্প খাতে বিদেশি বিনিয়োগের বৃদ্ধি, শ্রমবাজারের প্রয়োজনীয় সংস্কার এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হাঙ্গেরির কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
১০. এস্তোনিয়া: ৭৫ দশমিক ১ শতাংশ
প্রযুক্তি খাতের দ্রুত বিকাশ, ডিজিটাল-নির্ভর অর্থনীতি এবং উদ্ভাবনী চিন্তাভাবনা এস্তোনিয়ার শ্রমবাজারে কর্মসংস্থান ধরে রাখতে বিশেষ সহায়তা করছে।