তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস এবং সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মনে করেন সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের মতে, খেলাধুলাকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে দেখলে চলবে না, বরং একে পেশা ও কর্মসংস্থানের একটি কার্যকর ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এই লক্ষ্য অর্জনে খেলার মাঠগুলো দখলমুক্ত করা, ক্রীড়া অবকাঠামোর আধুনিকায়ন এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে ‘ডিএনসিসি কাপ ২০২৬’-এর উদ্বোধন, লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, “নগর উন্নয়ন শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; নগরবাসীর সুস্থতা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও প্রকৃত উন্নয়নের অংশ।” ফুটবলের মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন তৈরি হয় বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে তরুণদের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের প্রভাব থেকে দূরে রাখতে প্রতিটি পাড়া-মহল্লায় খেলাধুলার অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানান মন্ত্রী।
পর্যটনমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন। এই উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের শনাক্ত করা, যথাযথ প্রশিক্ষণ প্রদান, পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা এবং ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল সমাজ উপহার দিতে সরকার নিরলস কাজ করছে। তিনি জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া আয়োজন এবং উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০২৭ সালের শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু-কিশোরদের মুঠোফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, ফুটবল, হকি ও ক্রিকেটের মতো খেলাগুলোতে বর্তমানে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে ফুটবল আবার প্রাণ ফিরে পাচ্ছে এবং মানুষ মাঠে ফিরছে। ডিএনসিসির এই উদ্যোগকে প্রশংসনীয় আখ্যা দিয়ে তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও একই ধরনের আয়োজনের কথা ভাবছে। খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খেলার মাঠগুলো দখলমুক্ত করে খেলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেশ কিছু মাঠ সংস্কার করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর থেকে ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে একযোগে এই টুর্নামেন্টের খেলা শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন যে, টুর্নামেন্টের ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পাশাপাশি ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনের এক বিশেষ কর্মসূচি ঘোষণা করেন প্রশাসক। এই কর্মসূচির মধ্যে রয়েছে হাতিরঝিলে নৌকাবাইচ, ৩০০ জনের অংশগ্রহণে ম্যারাথন, বনানীর কামাল আতাতুর্ক মাঠে ফুলের মেলা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ডিএনসিসি কাপের টেকনিক্যাল ডিরেক্টর সাইদ হাসান কানন এবং সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালী সাব্বির।
এ অনুষ্ঠানে সাবেক ও বর্তমান ফুটবলার, ক্রীড়া সংগঠক, বিভিন্ন এলাকার সোসাইটি ও স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।