ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাঁর এই তৎপরতা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, মূলত নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যেই ইরানে পুনরায় হামলা চালাতে চাইছেন নেতানিয়াহু; এর পেছনে অন্য কোনো কারণ থাকার সুযোগ নেই বলে তারা মনে করছেন।
ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনের পর নেতানিয়াহু বর্তমানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে তিনি বিরোধীদের সঙ্গে নিয়ে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের কথা বলছেন, যদিও সেই প্রচেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি। সব মিলিয়ে তিনি বর্তমানে তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছেন।
ইরানে নতুন করে হামলার যৌক্তিকতা তুলে ধরতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি হোয়াইট হাউস, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি পাঠিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট অবগত কর্মকর্তারা।
তবে এই মুহূর্তে ইরানে হামলার প্রয়োজনীয়তা কী, এর মাধ্যমে কী অর্জন করা হবে কিংবা এই হামলা আঞ্চলিক সংঘাতের রূপ নিলে তা কীভাবে নিয়ন্ত্রণ করা হবে—সে বিষয়ে ইসরায়েলি নাগরিকদের কাছে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে, এই নতুন হামলা ইসরায়েলের জাতীয় স্বার্থ রক্ষা করবে নাকি কেবল নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির হাতিয়ার হবে, তা এখনো অস্পষ্ট।
তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে ইরান বিষয়ক গবেষণার প্রধান রাজ জিমট জানান, ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের আলোচনার ধরন থেকে বোঝা যাচ্ছে যে ইরানের সামরিক সক্ষমতা ক্রমেই ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে উঠছে। ফলে অদূর ভবিষ্যতে ইরানে আগাম সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাঁদের মধ্যে ঐকমত্য বাড়ছে। তবে এমন পদক্ষেপ নেওয়ার সঠিক সময় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজ জিমট। তিনি বলেন, “ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা আগাম সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত এটা ঠিক। তবে কখন নেওয়া হবে, সে বিষয়ে ঐকমত্য নেই।” জিমটের ভাষায়, “এ জন্য এখনই কি সত্যিই পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আমার সন্দেহ আছে।”
ইসরায়েলিদের মধ্যে এখন একটি ধারণা প্রবল হয়ে উঠেছে যে, ক্ষমতায় টিকে থাকার জন্য নেতানিয়াহু যেকোনো পদক্ষেপ নিতে পারেন। ফলে ইরানে হামলার প্রয়োজনীয়তা নিয়ে তাঁর বক্তব্যের প্রতি অনেকেরই আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে এই হামলা এখনই করতে হবে—এমন দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইসরায়েলের বামপন্থী দল ডেমোক্র্যাটসের নেতা ও দেশটির সামরিক বাহিনীর সাবেক উপপ্রধান ইয়ার গোলান বলেন, “নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে নেতানিয়াহু ইসরায়েলকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নিরাপত্তা ব্যর্থতার জন্য দায়ী একটি সরকারের নতুন সামরিক অভিযান শুরু করার কোনো যৌক্তিকতা নেই।”
ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে দেশে এমন এক জাতীয় জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে, যা নেতানিয়াহুর ঐক্যের সরকার প্রস্তাব প্রত্যাখ্যান করার ক্ষেত্রে আইজেনকট ও তাঁর মিত্রদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে।
সম্প্রতি নেতানিয়াহু বিরোধী রাজনৈতিক জোটের নেতৃত্বদানকারী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের সুযোগ দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। গত সোমবার আইজেনকট বলেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিংবা নতুন সরকার গঠনের আগে ইরানে সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন—এমন কোনো হুমকি আমি দেখছি না।”
এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, “যাঁরা তাৎক্ষণিক হুমকির গুরুত্ব কমিয়ে দেখছেন, তাঁরা রাজনৈতিক কারণেই সেটি করছেন।” অন্যদিকে প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান দাবি করেছেন, ইরান বিষয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের একমাত্র বিবেচ্য বিষয় হলো ইসরায়েল ও এর নাগরিকদের নিরাপত্তা।
ইসরায়েল কি একাই ইরানে হামলা চালাবে, নাকি যুক্তরাষ্ট্রের অনুমোদন এবং পাল্টা হামলার মুখে মার্কিন সহায়তার নিশ্চয়তা নিয়ে এগোবে—তা এখনো পরিষ্কার নয়। ইসরায়েলের তিনজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে এক আলোচনায় সামরিক বাহিনীর অবস্থান ছিল যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে হামলার সুযোগ তৈরি হলেই কেবল ইসরায়েলের মাঠে নামা উচিত।
তবে আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে এই সুযোগ বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন ইসরায়েলি কর্মকর্তারা। ওই তিন কর্মকর্তার মতে, এরপরও ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের অনেকেরই মত হলো, নিকট ভবিষ্যতে ইরানে এককভাবে হামলা চালানো উচিত হবে না।
রাজনৈতিকভাবে এখনই সামরিক পদক্ষেপ নিলে নেতানিয়াহু লাভবান হতে পারেন। এতে ৬ ডিসেম্বর সময়সীমা শেষ হওয়ার আগে নতুন সরকার গঠনে আইজেনকটের প্রচেষ্টা ব্যাহত হতে পারে এবং জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবিতে জনমত তৈরি হতে পারে, যেখানে নেতানিয়াহুও থাকবেন।
আইজেনকট ও তাঁর মিত্ররা সরকার গঠনে ব্যর্থ হলে নতুন নির্বাচনের সম্ভাবনা রয়েছে, আর সেই নির্বাচনে গত মাসের তুলনায় ভালো ফল করবেন বলে প্রত্যাশা করছেন নেতানিয়াহু।
২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচনের আগে জনমত জরিপে নেতানিয়াহুর পরাজয়ের আভাস পাওয়া গিয়েছিল। নির্বাচনী প্রচারের সময় তিনি জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিলেও গত দুই সপ্তাহ ধরে গণমাধ্যমে এ ধরনের সরকারের পক্ষে কথা বলে আসছেন।
নির্বাচনে নেতানিয়াহুর জোটের ফল সন্তোষজনক হয়নি। ১২০ আসনের পার্লামেন্টে বিরোধী দলগুলো ৬৭টি আসন পেয়েছে। নির্বাচনের পর প্রথমে ভোটের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং আরব দলগুলোর সমর্থনে বিরোধীদের সরকার গঠন ঠেকানোর চেষ্টা করেন। আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
তবে ৭ নভেম্বর নেতানিয়াহু ও তাঁর মিত্ররা হঠাৎ জাতীয় ঐক্যের সরকারের পক্ষে প্রচার শুরু করেন। তাঁদের যুক্তি, ইসরায়েলের ইহুদি রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে থাকতে হবে, অর্থাৎ তাঁর ডানপন্থী জোটের সঙ্গে মধ্যপন্থী ও বামপন্থী দলগুলোকে যুক্ত হতে হবে। নেতানিয়াহুর ভাষায়, এর লক্ষ্য হবে “ইরানের পারমাণবিক হুমকি দূর করা এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে রক্ষা করা।”
দুই দিন পর নেতানিয়াহু আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। তাঁর ভাষায়, “স্বাভাবিকভাবেই এই সরকারের নেতৃত্ব দেওয়া উচিত সবচেয়ে বড় দলটির।” সেই দলটি হলো তাঁর নিজের দল লিকুদ, যারা নির্বাচনে ২৭টি আসন পেয়েছে। তবে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো এই প্রস্তাবে সাড়া দেয়নি। আইজেনকটের দল ইয়াশার পেয়েছে ২১টি আসন।
ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হলে তৈরি হওয়া জাতীয় জরুরি পরিস্থিতি আইজেনকট ও তাঁর মিত্রদের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে। এর নজির রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর, যখন আইজেনকট নেতানিয়াহুর নেতৃত্বাধীন জাতীয় ঐক্যের সরকারে যোগ দিয়েছিলেন।
এরই মধ্যে গত বুধবার ও বৃহস্পতিবার আইজেনকটের দুই গুরুত্বপূর্ণ মিত্র—সাবেক প্রধানমন্ত্রী ও বিয়াচাদ পার্টির নেতা নাফতালি বেনেট এবং ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যানের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ ব্রিফিং করেন নেতানিয়াহু।
বেনেট জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে থাকলেও শুরুতে আইজেনকটকে নেতৃত্বে দেখার কথা বলেছেন। অন্যদিকে লিবারম্যান নেতানিয়াহুর নেতৃত্বাধীন ঐক্যের প্রস্তাবকে ‘ফাঁদ’ বলে অভিহিত করে প্রত্যাখ্যান করেছেন। তাঁর ভাষায়, “পৃথিবী উল্টে গেলেও আমি নেতানিয়াহুর সঙ্গে সরকারে যাব না।”
বিশ্লেষকদের মতে, এই মতপার্থক্যগুলোই প্রমাণ করে যে জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাব দিয়ে নেতানিয়াহুর কৌশল কিছুটা সফল হয়েছে, যার ফলে আইজেনকটের জোটের ভেতরে বিভেদ বাড়ছে। আইজেনকট ও তাঁর মিত্ররা সরকার গঠনে ব্যর্থ হলে নতুন নির্বাচন হতে পারে, যেখানে নেতানিয়াহু ভালো ফল করবেন বলে আশা করছেন।