গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীদের লক্ষ্য করে একের পর এক আক্রমণ শুরু করেছেন। এমনকি তিনি নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বর্তমানে তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে ইসরায়েলের নেতৃত্ব দেওয়া নেতানিয়াহু সম্ভবত এবার ক্ষমতা ছাড়তে চলেছেন। তবে তা নির্ভর করছে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো সরকার গঠন করতে পারে কি না, তার ওপর। সরকার গঠনের লক্ষ্যে বিরোধীদের ইসরায়েলে বসবাসকারী আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন প্রয়োজন হতে পারে। এই সম্ভাবনা রুখতে নেতানিয়াহু আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। তিনি নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন, যদিও এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি।
নেতানিয়াহুর তৈরি করা এই উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা এখন গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। সমালোচকদের একাংশের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকার জন্য নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ বাধানোর চেষ্টা করছেন।
এদিকে প্রকাশিত খবর অনুযায়ী, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির নেতৃত্বাধীন স্বরাষ্ট্র গোয়েন্দা সংস্থা শিন বেত পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিল। বিদেশি হস্তক্ষেপের সন্দেহে এই পদক্ষেপের কথা বলা হলেও, নির্বাচনের দিন ইসরায়েলের আরব বংশোদ্ভূত কয়েকজন রাজনীতিককে গ্রেপ্তারের অনুমতিও চেয়েছিল সংস্থাটি। তবে অ্যাটর্নি জেনারেল এই অনুরোধগুলো নাকচ করে দেন।
বিরোধী শিবিরের অন্যতম নেতা ইয়ার লাপিদ এবং আরব প্রতিনিধিত্বকারী রাজনৈতিক জোট জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিনসহ অন্যান্য নেতারা এই পুরো প্রক্রিয়াকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, নির্বাচনের আগে ভোট কেনাবেচার অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সাজানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিশ্লেষক ও ইসরায়েলি রাজনীতিকদের মতে, নেতানিয়াহুর মূল লক্ষ্য হলো যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকা। তা সম্ভব না হলে এমন একটি সরকার গঠন করা, যা তাঁর ও তাঁর মিত্রদের সমর্থনের ওপর নির্ভরশীল থাকবে। তাঁর রাজনৈতিক উত্তরাধিকার এবং ব্যক্তিস্বাধীনতা এখন চরম হুমকির মুখে। প্রধানমন্ত্রী হিসেবে যে প্রভাব তিনি ভোগ করেছেন, তা না থাকলে এই হুমকির পরিণতি হতে পারে সুদূরপ্রসারী।
২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। ২০২০ সালের মে মাসে শুরু হওয়া তাঁর বিচারকাজ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে বারবার পিছিয়ে গেছে। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। প্রধানমন্ত্রিত্ব হারানো মানে তাঁর জন্য সুরক্ষাকবচ হারানো, তাই তিনি এখন মরিয়া হয়ে লড়াই করছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার আগে নেতানিয়াহু ও তাঁর সরকারের ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জোরালো হয়েছে। গাজায় ইসরায়েলের গোষ্ঠী নিধনমূলক (জেনোসাইডাল) যুদ্ধ শুরুর পর থেকে এই দাবি জানানো হচ্ছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে মিসর ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যেষ্ঠ কর্মকর্তারা নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন। এই তথ্যের পর তদন্ত কমিশন গঠনের দাবি আরও জোরালো হয়েছে এবং গত সপ্তাহে পার্লামেন্টের নতুন অধিবেশনের আইন প্রণয়নের তালিকায় বিষয়টি গুরুত্ব পেয়েছে।
একইভাবে গাজা যুদ্ধ এবং বিচার বিভাগের নজরদারি দুর্বল করার জন্য নেতানিয়াহুর নেওয়া পদক্ষেপগুলো এক সাংবিধানিক সংকট তৈরি করেছে, যা তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ থেকে মনোযোগ সরিয়ে রাখতে সহায়তা করেছে।
লন্ডনের কিংস কলেজের ইসরায়েলি বিশ্লেষক আহরন ব্রেগম্যান বলেন, “নেতানিয়াহু এখন আহত পশুর মতো আচরণ করছেন। নির্বাচনে হেরে যাওয়া তাঁর কাছে শুধু রাজনৈতিক বিষয় নয়, ব্যক্তিগত বিষয়ও। বিশেষ করে তাঁর দুর্নীতির বিচার চলছে, যার পরিণতিতে তাঁকে কারাগারেও যেতে হতে পারে। প্রধানমন্ত্রিত্ব হারানো মানে তাঁর সুরক্ষাকবচ হারানো। তাই নেতানিয়াহুর কাছে কোনো কিছুই এখন অসম্ভব নয়।”
ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার ঝুঁকি ক্রমশ বাড়ছে। নির্বাচনের পর ডানপন্থী বিক্ষোভকারীরা বিরোধী নেতা গাদি আইজেনকটের বাড়ির সামনে জড়ো হয়ে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন না করার হুমকি দেন এবং তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে স্লোগান দেন।
এদিকে হাইফার ইহুদি ধর্মীয় আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরডের এক চিঠিতে ‘দিন রোদেফ’ বা ‘ধাওয়া করার আইন’ নামের একটি ধর্মীয় বিধানের উল্লেখ পাওয়া গেছে। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে হত্যাকারী ইয়িগাল আমির এই একই বিধান ব্যবহার করে তাঁর অপরাধকে যুক্তি দিয়েছিলেন। ফলে অ্যাক্সেলরডের চিঠিতে এই বিধানের উল্লেখ রাজনৈতিক সহিংসতার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
বামপন্থী হাদাশ পার্টির সংসদ সদস্য ওফের কাসিফ বলেন, “আইজেনকটের সরকার গঠনে যত দেরি হবে, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি তত বৃদ্ধি পাবে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু যেকোনো কিছু করতে প্রস্তুত। আমি সত্যিই যেকোনো কিছুর কথা বলছি। ডানপন্থীদের মধ্যে গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে। আমি সেই আশঙ্কা উড়িয়ে দিতে পারছি না। নেতানিয়াহু তাঁকে ঘিরে একধরনের ব্যক্তিপূজার সংস্কৃতি গড়ে তুলেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই গোষ্ঠী সহজেই অস্ত্র হাতে তুলে নিতে পারে।”
নির্বাচনের বৈধতা ক্ষুণ্ন করার চেষ্টার জন্য নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে কোনো আইনি পরিণতির মুখে পড়বেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে নির্বাচনের আগের রাতে পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাঁর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হতে পারে। এছাড়া শিন বেতের প্রধান জিনি গণতান্ত্রিক প্রক্রিয়া বানচালের চেষ্টায় অংশ নিয়ে থাকলে তাঁর সংস্থার স্বাধীনতা এবং নিজের পদ—দুটিই বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ পরামর্শক ফেলো ইয়োসি মেকেলবার্গ বলেন, “নেতানিয়াহু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে লড়ছেন। এ জন্য তাঁর আশপাশের সহযোগীরা বিপদে পড়লেও তিনি পরোয়া করেন না। তবে এবার তিনি সফল না-ও হতে পারেন। সহযোগীদের পরিণতি কিংবা নিজের রাজনৈতিক উত্তরাধিকার—কোনো কিছু নিয়েই তাঁর মাথাব্যথা নেই। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্ষমতায় টিকে থাকা। প্রতিটি দিন ক্ষমতায় থাকার জন্য লড়াই করা এবং যেকোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা।”