ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে তীব্র দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন। ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট তাঁকে সরিয়ে প্রধানমন্ত্রী পদে বসতে পারেন—এমন সম্ভাবনা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। নেতানিয়াহুর সাবেক উপদেষ্টা নির হেফেৎজ সম্প্রতি দেশটির ১০৩এফএম রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর দাবি করেছেন।
নেতানিয়াহুর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কথা উল্লেখ করে হেফেৎজ বলেন, ‘নেতানিয়াহুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আতঙ্কই প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। চোখ বন্ধ করলেই আমি সেই আতঙ্কের পরিবেশ অনুভব করতে পারি।’
নির হেফেৎজের সাথে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত নেতানিয়াহু সরকারের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি সরাসরি নেতানিয়াহুর পরিবারের ব্যক্তিগত উপদেষ্টা এবং পিআর (জনসংযোগ) কৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালের শুরুতে একটি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি নেতানিয়াহু পরিবারের অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন।
সাক্ষাৎকারে হেফেৎজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরের পরিবেশের এক ভীতিকর চিত্র তুলে ধরেন। তিনি জানান, রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে নেতানিয়াহুর স্ত্রী সারা এবং ছেলে ইয়ার অত্যন্ত ঘন ঘন জরুরি ফোন করতেন, যা একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল।
সেই সময়ের স্মৃতিচারণ করে হেফেৎজ বলেন, ইয়ার ও সারা প্রতি পাঁচ সেকেন্ড পরপর একই কথা বলে জরুরি ফোন করতেন। তিনি আরও বলেন, “আপনি যদি গোপনে খেয়াল করেন, তবে নিজের চোখেই এই আতঙ্ক দেখতে পাবেন। নিজের অবস্থান যখন ঝুঁকিতে থাকে, তখন তাঁর (নেতানিয়াহু) ক্ষেত্রে এমন আচরণ অস্বাভাবিক কিছু নয়। নিজের স্বার্থের প্রশ্ন এলে তিনি এভাবেই কাজ করেন।”
ক্ষমতা হারানোর আশঙ্কায় নেতানিয়াহু ও তাঁর পরিবারের মানসিক অবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে হেফেৎজ মন্তব্য করেন যে, বিরোধী দলের আসনে যাওয়া প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের জন্য অত্যন্ত কঠিন একটি অভিজ্ঞতা হবে।
হেফেৎজ বলেন, “সহজভাবে বলতে গেলে, বাড়িতে তাঁর জীবন একদমই সহজ হবে না। এটাও ভোলা যাবে না যে তিনি এমন একজন মানুষ, যিনি বিশ্বনেতাদের কাছ থেকে পাওয়া সম্মান খুব উপভোগ করেন।”
ইসরায়েলের সরকারি বিমান ‘উইং অব জিয়ন’-এর কথা উল্লেখ করে হেফেৎজ প্রশ্ন তোলেন, তিনি কি সত্যিই বিরোধী দলের আসনে বসতে পারবেন? তিনি প্রশ্ন করেন, তিনি কি হঠাৎ দেখবেন যে আইজেনকট গাড়িবহর নিয়ে ঘুরছেন, হেলিকপ্টারে করে সব জায়গায় যাচ্ছেন এবং উইং অব জিয়নে উড়ছেন?
হেফেৎজের দাবি, এই পরিস্থিতি তৈরি হলে নেতানিয়াহু, সারা ও ইয়ার—এই ত্রিমূর্তি রীতিমতো ক্ষোভে ফেটে পড়বেন। তাঁদের কাছে এটি “গাজায় মানুষের জিম্মি হওয়ার চেয়েও খারাপ কিছু মনে হবে।”
তবে কেবল রাজনৈতিক ক্ষমতা হারানোই নয়, প্রধানমন্ত্রিত্ব হারালে নেতানিয়াহুর চলমান দুর্নীতি মামলার বিচারেও বড় প্রভাব পড়তে পারে বলে মনে করেন হেফেৎজ। তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রধানমন্ত্রী হওয়ার কারণে আদালত নেতানিয়াহুর উপস্থিতির সময়সূচির ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখিয়েছে। কিন্তু তিনি যদি বিরোধী দলে চলে যান, তবে বিচারকেরা তাঁকে আরও কঠোরভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন।
এই বিষয়ে হেফেৎজ প্রশ্ন করেন, “আপনারা কি ভেবে দেখেছেন যে তাঁর জীবন কতটা বদলে যাবে? জেলা আদালতের বিচারকদের যে প্যানেলটি অমিত হাদাদকে বিচারকাজ পরিচালনার সুযোগ দিচ্ছে, তারাই তখন তাঁকে বলবে: আপনাকে প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে।”
পরিশেষে হেফেৎজ বলেন, “বিচারকেরা নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেবেন, আর তাঁকে দিনের পর দিন সেখানে বসে থাকতে হবে।”