গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং পাঁচটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম (৫২) ও জায়েদ শেখকে (৩৬) দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, মিকাইল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় সমাবেশে দাঁড়ানোকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় ১০ জন আহত হওয়ার পাশাপাশি ১০টি দোকান ভাঙচুর করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় হিরন ইউনিয়নের নেতা-কর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করেন। মিছিলটি যখন দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছায়, তখন হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে অন্য এক সম্ভাব্য প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা-কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটি থেকে একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হন এবং পাঁচটি দোকান ভাঙচুর করা হয়।

সংঘর্ষের বিষয়ে মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।’ এছাড়া শফিকুলের ভাই মুন্সী রইচ উদ্দিন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলেও দাবি করেন মশিউর।

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। আমি দীর্ঘ দিন ধরে ছাত্রলীগ করে আসছি। আমার ভাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। সে বিরোধ থেকে আমার ওপর আগে হামলা হয়। হামলায় আমিসহ কয়েকজন আহত হয়েছি। এ ছাড়াও আমাদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর তিনি পেয়েছেন। তবে এখন পর্যন্ত এই বিষয়ে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তিনি আরও বলেন, অভিযোগ দিলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।