কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার প্রেক্ষাপটে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আগামীকাল মঙ্গলবার সকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের এই বিষয়ে অবহিত করবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আগামীকালের এই ব্রিফিংয়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজ সোমবার ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ দিনে (৭ থেকে ১৯ নভেম্বর) সারা দেশে মোট ৮৭টি স্থানে ককটেলের বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে। এসব সহিংস ঘটনার প্রেক্ষিতে সারা দেশে মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে এবং এ পর্যন্ত ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশব্যাপী নাশকতা প্রতিরোধ করতে ঢাকা মহানগরসহ মোট সাতটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, নাশকতাকারীরা বর্তমানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাকে ‘টার্গেট’ (নিশানা) করে হামলা চালাচ্ছে। আগামী দিনগুলোতে তারা থানা ও অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করার পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনাও রয়েছে তাদের। পুলিশ জানিয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং মহাসড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।