কর্মনিষ্ঠা, আধুনিক দৃষ্টিভঙ্গি, নীতিতে অটল থাকা এবং সবার প্রতি সহযোগিতার মানসিকতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিক্ষক মনজুরুল হক। সহকর্মী, অনুজ এবং পরিচিত মহলে তিনি এভাবেই অমর হয়ে থাকবেন।

মুক্তকণ্ঠের টোকিও প্রতিনিধি হিসেবে কর্মরত মনজুরুল হক গতকাল রোববার জাপানের রাজধানী টোকিওতে তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দলমত-নির্বিশেষে জাপানপ্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধার পাত্র। একইসাথে জাপানসহ টোকিওতে কর্মরত বিদেশি সাংবাদিকদের কাছে তিনি ছিলেন এক প্রিয় ও আলোকিত ব্যক্তিত্ব।

গতকাল মনজুরুল হকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার সারাদিন জাপানে অনেকের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে এবং মুক্তকণ্ঠের কাছে অসংখ্য শোকবার্তা পৌঁছেছে।

মুক্তকণ্ঠের প্রতিনিধি হিসেবে মনজুরুল হক পুরো জাপান চষে বেড়িয়েছেন। পাশাপাশি দীর্ঘ প্রায় আড়াই দশক ধরে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। এছাড়া জাপানের রাষ্ট্রীয় গণসম্প্রচার কেন্দ্র এনএইচকে ওয়ার্ল্ডে ব্রডকাস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাপানে বিদেশি সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপনডেন্টস ক্লাব অব জাপানের (এফসিসিজে) নেতৃত্ব দিয়েছেন তিনি।

জাপানের শীর্ষস্থানীয় সংবাদপত্র মাইনিচি শিম্বুনে তিনি নিয়মিত কলাম লিখতেন। সরকারি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক অঙ্গন কিংবা শহর থেকে গ্রাম—যেখানেই তিনি কাজ করেছেন, সেখানে মানুষের সঙ্গে এক গভীর ও শ্রদ্ধাশীল সম্পর্ক গড়ে তুলেছিলেন। তাঁর এই জনপ্রিয়তার মূলে ছিল তাঁর কর্মনিষ্ঠা, আধুনিক চিন্তা-চেতনা, নীতির প্রতি অবিচল থাকা এবং জাপানি সমাজ, রাজনীতি ও ইতিহাস সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান।

তাঁর অনুজ সহকর্মীদের মতে, মনজুরুল হকের নাম শুনলেই অনেক কঠিন কাজ সহজ হয়ে যেত, কারণ তিনি মুহূর্তেই সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। সম্প্রতি ফরেন প্রেস সেন্টার জাপানের পঞ্চাশতম বর্ষপূর্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক ও বৈশ্বিক সংগঠনের শীর্ষ নেতারা সমবেত হয়েছিলেন। সেখানে প্রদর্শিত ছবির তালিকায় মনজুরুল হকের উজ্জ্বল উপস্থিতি ছিল। এক ভারতীয় সাংবাদিক এ বিষয়ে জানতে চাইলে সংস্থার এক কর্মকর্তা বলেন, “কারণ, তিনি আমাদের কাছে এক মহিরুহ। তাঁর ছবি তো থাকবেই।”

ষাটের দশকের মাঝামাঝি সময়ে জাপানে আসা জ্যেষ্ঠ নাগরিক আবদুর রহমান বলেন, “কয়েক দশক ধরে তাঁর সঙ্গে আমার পরিচয়। পারিবারিকভাবেও আমরা অত্যন্ত ঘনিষ্ঠ। মনজুরুল হক ছিলেন একজন অত্যন্ত মেধাবী লেখক ও সাংবাদিক। পাশাপাশি তিনি একজন সজ্জন ব্যক্তি। তাঁর সঙ্গে অনেক স্মৃতি। তিনি চিরকাল আমাদের মনে থাকবেন।”

এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের প্রধান চিকা মুরাকামি বলেন, “মনজু ভাই প্রায় ৩০ বছর এনএইচকে ওয়ার্ল্ড বাংলা সার্ভিসে কাজ করেছেন। আমি ২০১৩ সালে সেখানে যোগদান করি…এরপর থেকেই তাঁর সঙ্গে কাজ করেছি। কয়েক বছর তিনি বাড়ি থেকেই কাজ করছিলেন, তাঁর শেষ কর্মদিবস ছিল ২৮ অক্টোবর।” মুরাকামি আরও জানান, নিয়মিত সংবাদ পাঠের পাশাপাশি “আমার দেখা বাংলা”সহ বিভিন্ন অনুষ্ঠানে তিনি কণ্ঠ দিয়েছেন, যা বেশ প্রশংসিত হয়েছে। প্রবীণ সাংবাদিক হিসেবে তিনি বাংলা ও ইংরেজি ভাষা ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে সব সময় পরামর্শ দিতেন। তাঁর মৃত্যুতে এনএইচকে বাংলা সার্ভিসের সব সহকর্মী গভীরভাবে শোকাহত।

এই প্রতিনিধির কাছে খবর পেয়ে জাপান টাইমস, সিঙ্গাপুর স্ট্রেইট টাইমস, আরব নিউজ, ব্লুমবার্গ, নিউইয়র্ক টাইমসের সাবেক ও বর্তমান সাংবাদিকসহ টোকিওতে কর্মরত বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকেরা মনজুরুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

টোকিওতে বিদেশি সাংবাদিকদের ক্লাব এফসিসিজের সাবেক প্রেসিডেন্ট সুভেন্দ্রিনি কাকুচি বলেন, “মনজুরুল ও আমার মধ্যে একটি অব্যক্ত ভৌগোলিক বন্ধন ছিল, যা সম্ভবত সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা যায় দক্ষিণ এশিয়ার বিশৃঙ্খল গণমাধ্যম জগৎ সম্পর্কে আমাদের বোঝাপড়ার মাধ্যমে, যা জাপানে একেবারেই অপরিচিত। এই অভিন্ন পরিচয়ের অন্তর্নিহিত স্রোত দিন দিন আরও গভীর হয়েছে। মনজুরুল যখন বাংলাদেশের রাজনীতিতে পশ্চিমা স্বার্থ নিয়ে কথা বলতেন, তখন তাকে খুব বেশি বিস্তারিত বলার প্রয়োজন পড়ত না। বরং এতে আমাদের কথোপকথন আরও গভীর হতো।”

তুরস্কের সাংবাদিক ইলগিন ইয়োরুলমাজ বলেন, “তাঁর মৃত্যুতে কতটা দুঃখ পেয়েছি, আমি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। বৃক্ষ থেকে আরও একটি পাতা ঝরে পড়ল। মনজুরুল ছিলেন একজন প্রকৃত বন্ধু, একজন নির্ভীক সাংবাদিক...আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দান করুন।”

এফসিসিজের সাবেক প্রেসিডেন্ট খালদন আজহারি বলেছেন, “বিদায়, মনজুর! শান্তিতে থাকুন। আমাদের প্রেস ট্যুরগুলোতে আপনি একজন অসাধারণ ভ্রমণসঙ্গী ছিলেন। আপনার সদয় মনোভাব এবং সুস্পষ্ট ও চিন্তাশীল যোগাযোগের প্রতি আপনার অঙ্গীকারের বিষয়টি আমরা গভীরভাবে অনুভব করে যাব।”

মনজুরুল হকের আরেক সহকর্মী, বিশিষ্ট লেখক ও অনুবাদক কাজুহিরো ওয়াতানাবে বলেন, “মনজুরুল হক ছিলেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ১৯৯৪ সালে রেডিও জাপান—এনএইচকের বাংলা বিভাগে মনজু ভাই কাজ শুরু করেন। তখন থেকেই আমরা সহকর্মী। তবে আমার কাছে তিনি শুধু সহকর্মী ছিলেন না, ছিলেন একজন চমৎকার পথনির্দেশক। জাপান, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের ঘটনাবলিকে কোন দৃষ্টিকোণ থেকে কীভাবে দেখা উচিত, সে ব্যাপারে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।”

বাংলা লেখালেখির ক্ষেত্রে মনজুরুল হকের অবদানের কথা স্মরণ করে ওয়াতানাবে আরও বলেন, “বাংলায় লিখতে তিনি আমাকে উৎসাহিত করেছেন এবং লেখাগুলো বই আকারে সংকলিত করতে সাহায্য করেছেন। তাঁর সহযোগিতা ও পরামর্শ ছাড়া “আমার বাংলাদেশ” ও “রক্ত ও কাদা ১৯৭১”–এর মতো কয়েকটি বই ঢাকা থেকে প্রকাশ করা কখনোই সম্ভব হতো না। আমি জানি, মনজু ভাইয়ের স্মৃতি জাপানিদের মনে গেঁথে রাখতে হবে এবং সে জন্য আমার অনেক কিছু করার আছে। কিন্তু এই মুহূর্তে তাঁকে হারানোর শোক মনে ধারণ করা এবং তাঁর স্মৃতির রোমন্থন করা ছাড়া আর কিছু করতে পারব বলে মনে হয় না।”

জাপানে অবস্থানরত অনেকের মধ্যেই মনজুরুল হকের স্মৃতি এভাবেই অনুরণিত হচ্ছে। তাঁর অনবদ্য সাংবাদিকতা ও ক্ষুরধার লেখনী আগামী দিনেও জাপানি সমাজে তাঁকে প্রাসঙ্গিক করে রাখবে। মনজুরুল হক জাপানে বাংলাদেশের এক উজ্জ্বল তারকা, তাই তাঁকে বিদায় জানানোর অবকাশ নেই। এটুকুই বলা যায়, ‘মনজু ভাই দেখা হবে—লেখার টেবিলে, চিন্তার কুঠুরিতে, সূর্যোদয়ের এই জনপদের নানা প্রান্তে সংবাদ সংগ্রহের প্রতিটি পদক্ষেপে।’