বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বচ্চন পরিবার একের পর এক হুমকির মুখে পড়ছে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখেছেন এই বর্ষীয়ান তারকা। রোববার মুম্বাইয়ে নিজের ব্যক্তিগত বাংলো ‘জলসা’র সামনে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তবে এবারের বিশেষত্ব ছিল এই যে, তাঁকে কোনো বুলেটপ্রুফ কাচের আড়ালে দেখা যায়নি। সেই মুহূর্তের ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তাঁর বাংলো ‘জলসা’র বাইরে প্রতি রোববারই অপেক্ষমাণ ভক্তদের সঙ্গে দেখা করার রীতি রয়েছে অমিতাভের। প্রিয় অভিনেতাকে একপলক দেখার আশায় এদিনও তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। অমিতাভ হাত নেড়ে তাঁদের অভিবাদন জানান এবং ভক্তদের ভালোবাসার উষ্ণ জবাব দেন।

তবে এবারের সাক্ষাতের একটি ভিন্ন দিক ছিল। সাম্প্রতিক নিরাপত্তাঝুঁকির কথা মাথায় রেখে ভক্তদের সঙ্গে দেখা করার নির্দিষ্ট মঞ্চের চারপাশে আগে বুলেটপ্রুফ কাচ বসানো হয়েছিল। কিন্তু রোববার সেই কাচ ছাড়াই সরাসরি ভক্তদের সামনে উপস্থিত হন অভিনেতা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। বাবার পাশে দাঁড়িয়ে তিনি আশপাশের পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছিলেন।

কেন বাড়ানো হয়েছিল অমিতাভের নিরাপত্তা?
অমিতাভ বচ্চনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পেছনে বেশ কিছু উদ্বেগজনক ঘটনা রয়েছে। গত অক্টোবরে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের কার্যালয়ে একটি হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়। সেখানে অমিতাভের বাংলো ‘জলসা’সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে হামলার হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করে মুম্বাই পুলিশ।

এছাড়া অভিনেতা টাইগার শ্রফের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনার পর বলিউড তারকাদের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। ওই ঘটনার দায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দাবি করেছিলেন। এই পরিস্থিতির প্রেক্ষিতেই অমিতাভের ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

অমিতাভ ও অভিষেককে প্রাণনাশের হুমকি
নভেম্বরেও বচ্চন পরিবারকে হুমকি দেওয়ার খবর সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে গোল্ডি ঢিলোঁর পক্ষ থেকে দেওয়া ওই হুমকিতে সরাসরি অমিতাভ ও অভিষেক বচ্চনের নাম উল্লেখ করা হয়েছিল। একের পর এক এমন ঘটনার পর বচ্চন পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

‘কেবিসি’ নিয়ে ব্যস্ত অমিতাভ
পেশাগত জীবনের কথা বললে, বর্তমানে জনপ্রিয় কুইজভিত্তিক রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ উপস্থাপনা করে ব্যস্ত অমিতাভ বচ্চন। কয়েক দশক ধরে হিন্দি সিনেমার রাজত্ব ধরে রাখা এই অভিনেতার জনপ্রিয়তায় যে এখনো কোনো ভাটা পড়েনি, তা প্রতি রোববার ‘জলসা’র বাইরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখলেই স্পষ্ট বোঝা যায়।