সিলেটের কানাইঘাটে পুলিশের বাধা প্রদান এবং মব তৈরি করে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা বিএনপি এই বহিষ্কারাদেশ জারি করে।

দল থেকে বহিষ্কৃত ওই নেতার নাম আফসর হোসেন। তিনি লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার বিস্তারিত জানিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কানাইঘাট উপজেলার সহসাংগঠনিক সম্পাদক সাঈদ রানাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়েছিল। গত নভেম্বরে কানাইঘাটে দুটি মিছিলে অংশ নেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, বিএনপি নেতারা ওই ব্যক্তিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হিসেবে অভিহিত করেছেন। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী মুক্তকণ্ঠকে জানান, গতকাল রোববার রাতে কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকার মুলাগুল বাজারে কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়। অভিযোগ উঠেছে, সেই অভিযান চলাকালে বিএনপির ওই নেতা পুলিশের বিরুদ্ধে ‘মব তৈরি করে’ আওয়ামী লীগ নেতাকে পুলিশের কবল থেকে ছিনিয়ে নেন।

এমরান আহমদ আরও বলেন, ‘পরে বিষয়টি পুলিশ আমাদের জানায়। প্রাথমিকভাবে তদন্ত করে ওই ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাই তাৎক্ষণিকভাবে বিএনপির ওই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরে বিস্তারিত খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার বিকেলে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলমের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কারাদেশটি অনুমোদন করেছেন জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

এই বিষয়ে যোগাযোগ করা হলে কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ জানান, কানাইঘাট থানার তিনজন পুলিশ সদস্য সাদাপোশাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্যকে ধরতে অভিযান চালান। সেই সময় একদল মানুষ সংঘবদ্ধভাবে পুলিশ সদস্যদের ‘চোর, ডাকাত’ বলে অভিহিত করে তাঁদের ঘিরে ধরে এবং আসামিকে ছিনিয়ে নেয়। পরে আজ সকালে জানা যায় যে, এই ঘটনার পেছনে বিএনপি নেতা আফসর হোসেনের ইন্ধন ছিল। এই কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাঁর এক সৎভাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানা গেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আফসর হোসেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘ঘটনার সময় রাত আটটা বা সাড়ে আটটা হবে। আমি বাড়িতে ছিলাম, বাজারে ছিলাম না। যখন বাজারে যাই, তখন শুনতে পাই চায়ের দোকানে ছাত্রলীগের দুই-চারজন বসা ছিলেন। পুলিশ দেখে দৌড়ে চলে গেছেন। পরে বাজারের লোকজন হইহুল্লোড় করেছেন। পুলিশ সদস্যদের পরিচয় জেনে আমি সবাইকে শান্ত করি।’

আফসর হোসেন আরও দাবি করেন, ‘আমি পুলিশ সদস্যদের চা খাইয়ে আন্তরিকতার সঙ্গে বিদায় দিই। এটাই আমার জন্য সমস্যা হয়ে গেছে। কাউকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিইনি, কোনো কটু আচরণ করিনি। অথচ শুনছি আমাকে বহিষ্কার করা হয়েছে। ঠিক বুঝলাম না, আমার সঙ্গে কেন এমনটা করা হলো?’