সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে গুলিতে প্রাণ হারিয়েছেন খালেদ আহমদ নামের এক বাংলাদেশি যুবক।

গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে স্থানীয় বাসিন্দারা ভারতের আকুয়া সীমান্ত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। নিহত খালেদ আহমদ কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে প্রায় ১০ জনের একটি দলের সঙ্গে দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলারসংলগ্ন মিকিরপাড়া এলাকা হয়ে ভারতের আকুয়া এলাকায় প্রবেশ করেন খালেদ। সেখানে তিনি গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় ওই দলের অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। জানা গেছে, পালিয়ে ফেরার সময় তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে খালেদের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় বাসিন্দারা ভারতীয়দের সহায়তায় ওপার থেকে খালেদের মরদেহ দেশে নিয়ে আসেন। এই ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ নিহতের বাড়িতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া এক যুবকের মরদেহ স্বজনরা দেশে এনেছেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। পুলিশ সদস্যরা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।”

উল্লেখ্য যে, এর আগে গত ১০ অক্টোবর কানাইঘাট উপজেলার সোনারখেওড় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শাহিন আহমদ নামে আরও এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছিল।