ডিবিএল সিরামিকস ও ব্রাইট সিরামিকসের তিন দিনব্যাপী আয়োজিত ‘বিজনেস কনফারেন্স ২০২৬’ সম্প্রতি শেষ হয়েছে। গাজীপুরের একটি রিসোর্টে এই বিশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের মূল স্লোগান ছিল ‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার এবং সহকর্মীরা এই সম্মেলনে অংশ নেন। তারা বিগত দিনগুলোর কার্যক্রম ও অর্জিত সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং আগামী দিনের ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণের বিষয়ে গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।

সম্মেলনের দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ ছিল বিজনেস কনফারেন্স ও গালা নাইট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ এবং ব্রাইট সিরামিকসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) মো. সোহেল রানা তালুকদার। এছাড়া গ্রুপের পরিচালক, জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা এই আয়োজনে যোগ দেন।

সম্মেলনে ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজারের পরিবর্তনশীল পরিস্থিতি, গ্রাহকের চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তাদের বক্তব্যে গত বছরের বিভিন্ন চ্যালেঞ্জের কথা উঠে আসে; যার মধ্যে ছিল গ্যাসসংকট, ব্যয়বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহের চাপ, বাজারের তীব্র প্রতিযোগিতা এবং গ্রাহকদের দ্রুত পরিবর্তনশীল পছন্দ। তবে এসব প্রতিকূলতার মধ্যেও কর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসাকে সামনে এগিয়ে নেওয়ার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

ডিলার পার্টনারদের অবদান এবং প্রতিষ্ঠানের সাথে তাঁদের দীর্ঘমেয়াদী সম্পর্কের বিষয়টি ছিল সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। এই প্রসঙ্গে এম এ কাদের বলেন, ‘কঠিন সময়ে আমাদের ডিলার পার্টনাররা পাশে ছিলেন, বাজারের চাহিদা বুঝে কাজ করেছেন এবং ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ওপর আস্থা রেখেছেন। তাঁদের সহযোগিতা ছাড়া আমাদের এই অগ্রগতি সম্ভব হতো না।’

গালা নাইটের অনুষ্ঠানে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের দক্ষ বিক্রয়কর্মী, সেরা ও সম্ভাবনাময় ডিলার, আঞ্চলিক ডিলার এবং কারখানা ও সহায়ক দলের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ডিলারদের বাস্তব অভিজ্ঞতা ও মূল্যবান মতামত শোনার জন্য একটি ফিডব্যাক পর্বের আয়োজন করা হয়েছিল। সাংস্কৃতিক পরিবেশনা এবং নৈশভোজের মধ্য দিয়ে গালা নাইটের সমাপ্তি ঘটে।

তিন দিনের এই সামগ্রিক আয়োজনে ফুটবল ম্যাচ, দলীয় ও বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শেষ দিনে অংশগ্রহণকারীরা রিসোর্টে অবসর সময় কাটানোর পাশাপাশি কারখানা পরিদর্শন করেন।