‘টিম ওয়ার্ক বিয়ন্ড বিজনেস’—এই বিশেষ স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আগামী ২৭ নভেম্বর প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) আয়োজিত ফুটবল কাপ ২০২৬। ঢাকার বেরাইদস্থ অ্যাথলেটস হাবে তিন দিনব্যাপী এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে, যেখানে দেশের ১২টি শীর্ষস্থানীয় সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের ফুটবল দল নিয়ে মাঠে নামছে।

গতকাল রবিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ফুটবল টুর্নামেন্ট পলিসি কমিটির চেয়ারম্যান এবং বিসিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হাকিম সুমন এই ফুটবল কাপের আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএমইএর প্রেসিডেন্ট ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম, জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন, পরিচালক হামজাহ সাকিফ তাবানী, মো. আশরাফুজ্জামান, মোহাম্মাদ জিয়াউল হক জিকো এবং সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির। এছাড়া ফুটবল আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ও ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার, ভিদ্রেসের এরিয়া ম্যানেজার পাও পার্ডো বাদিয়া এবং চায়না গ্লেজের ডিএমডি এনডি তাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিসিএমইএর প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, “করপোরেট সামাজিক দায়বদ্ধতা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের বন্ডি আরও দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন। একই সঙ্গে শিল্প খাতে অংশীজনদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবদুল হাকিম সুমন অংশগ্রহণকারী দলগুলোর নাম প্রকাশ করে জানান, এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১২টি প্রতিষ্ঠান। দলগুলো হলো— আবুল খায়ের সিরামিক, আলী সিরামিক, বিসিএল সিরামিক, ব্রিজ কেমি, ডিবিএল সিরামিকস, এক্সিলেন্ট সিরামিক, খাদিম সিরামিকস, মীর সিরামিকস, মিরপুর সিরামিকস, প্যারাগন সিরামিক, আরএকে সিরামিকস এবং শেল্‌টেক্‌ সিরামিকস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬-এর পাওয়ার্ড বাই স্পনসর হিসেবে থাকছে ভিদ্রেস ইন্ডিয়া সিরামিকস। গোল্ড স্পনসর হিসেবে যুক্ত হয়েছে কেডা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, ফোশান হে হে গ্লেজ টেকনোলজি, চায়না গ্লেজ বাংলাদেশ এবং সিরামিন এফজেড এলএলসি। পাশাপাশি সহযোগী পার্টনার হিসেবে থাকছে ফোশান ডংহাই টেকনোলজি, এফসিআরআই ইম্পোর্ট ও এক্সপোর্ট, প্রাইম সিয়াম ইন্টারন্যাশনাল এবং গিমপেক্স প্রাইভেট লিমিটেড।

টুর্নামেন্টটির বিভিন্ন ক্ষেত্রে আরও অনেক প্রতিষ্ঠান অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। ব্যাংকিং পার্টনার হিসেবে থাকছে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক এবং ফাইন্যান্স পার্টনার হিসেবে আইপিডিসি। অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মুক্তকণ্ঠ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং শেপিং বাংলাদেশ ম্যাগাজিন। এছাড়া আইসক্রিম পার্টনার সেভয় আইসক্রিম, হাইড্রেশন পার্টনার এসিআই ইলেকট্রোলাইট, রিফ্রেশমেন্ট পার্টনার ইসপি, হট বেভারেজ পার্টনার ব্লেন্ডারস চয়েস ও নেসক্যাফে, নিউট্রিশন পার্টনার নেসলে মাইলো, স্ন্যাকস পার্টনার ম্যাগি হেলদি স্যুপ ও হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট এবং ফ্রাগরেন্স বাই অ্যাঞ্জেলিক ফ্রেশ এই আয়োজনে সহযোগিতা করছে।