গাজীপুরের টঙ্গীতে একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী। গতকাল রোববার বিকেলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পরবর্তীতে তানিয়া আক্তারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে গাজীপুরের টঙ্গী কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলেন তানিয়া আক্তার। সেখানে উপস্থিত স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে চিনতে পারেন এবং তাৎক্ষণিকভাবে আটক করেন। এরপর তাঁকে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া নাশকতার ঘটনার প্রেক্ষাপটে তানিয়া আক্তার হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছবিটি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
তানিয়া আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক নেত্রী ছিলেন। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থী ছিলেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “তানিয়া আক্তারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।”