ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে এবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ সোমবার দিল্লির সাকেত আদালতের বিচারপতি এই গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। এর আগে ধ্রুবকে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। তবে সেই সমনের কোনো সাড়া না দেওয়ায় গত অক্টোবরে তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানার পরও তিনি আদালতে উপস্থিত না হওয়ায় এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠির বিরুদ্ধে এই ফৌজদারি মামলাটি দায়ের করা হয়েছিল। মামলাটি করেছিলেন বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে নামের এক ব্যক্তি, যিনি নিজেকে একজন রাজনৈতিক স্বেচ্ছাসেবক হিসেবে পরিচয় দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত সক্রিয়। বিকাশের অভিযোগ, ২০১৮ সালে ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে তাঁকে চরমভাবে অসম্মান করা হয়েছে। ওই ভিডিওতে ধ্রুব দাবি করেছিলেন যে, বিকাশ বিজেপির আইটি সেলের সঙ্গে জড়িত।
বিকাশের দাবি অনুযায়ী, ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে তাঁর বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সবকটিই মিথ্যা এবং দুরভিসন্ধিমূলক। এই ধরনের মিথ্যা তথ্য পরিবেশনের ফলে তাঁর সামাজিক সম্মানহানি হয়েছে। উল্লেখ্য, ধ্রুবর আপলোড করা ওই বিতর্কিত ভিডিওটির শিরোনাম ছিল ‘বিজেপি আইটি সেল পার্ট টু’।
ওই ভিডিওতে ধ্রুব বলেছিলেন, “তাঁকে কালিমালিপ্ত করতে বিজেপির আইটি সেল বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল।”
‘রাজনৈতিক স্বেচ্ছাসেবক’ হিসেবে পরিচিত বিকাশ পান্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এবং তিনি ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামে একটি পেজ পরিচালনা করেন। ধ্রুব রাঠির ওই ভিডিওর প্রতিক্রিয়ায়ই তিনি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির এই মামলাটি দায়ের করেন।
মামলাটি চলাকালীন ২০১৯ সালের জুলাই মাসে দিল্লির সাকেত কোর্ট প্রথমবার ধ্রুব রাঠিকে সমন পাঠিয়েছিল। তবে সেই সময়ে তিনি অস্ট্রিয়ায় অবস্থান করছিলেন, যার ফলে আইনি প্রক্রিয়ায় বিলম্ব ঘটে।
ধ্রুব রাঠি ভারতীয় নাগরিক হলেও তিনি জীবনের অধিকাংশ সময় জার্মানিতে অতিবাহিত করেন। এই কারণে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি দীর্ঘ সময় ধরে আদালতে ঝুলে ছিল। চলতি বছরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে অংশ নিতে তিনি ভারতে আসেন। এসআইআরের মাধ্যমে ভোট চুরির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সিজেপির ডাকা আন্দোলনে যোগ দিতে তিনি বেঙ্গালুরু যান।
বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার পর তিনি দিল্লিতে আসেন একই দাবিতে আয়োজিত ‘যন্তর মন্তর টু’ আন্দোলনে অংশ নিতে। ১০ অক্টোবর সেই বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার আগেই দিল্লি সংলগ্ন হরিয়ানার গুরগ্রামে তাঁর বাসভবন থেকে পুলিশ তাঁকে আটক করে। তবে সেটি ছিল সতর্কতামূলক আটক, পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি।
প্রায় ২০ ঘণ্টা আটকে রাখার পর ধ্রুব রাঠি ভারত ত্যাগ করেন। পরবর্তীতে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রবাসী ভারতীয়দের ভারত সরকারবিরোধী এক সমাবেশে তাঁকে অংশ নিতে দেখা যায় এবং সেখানে তিনি ভাষণও দেন। ওই সময়ে পুলিশ গুরগ্রামের বাড়িতে সমন নিয়ে গেলেও তাঁকে সেখানে পাওয়া যায়নি। গত ১৭ অক্টোবর তাঁর বিরুদ্ধে যে পরোয়ানা জারি করা হয়েছিল, তা ছিল জামিনযোগ্য।
নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজিরা না দেওয়ায় আজ সোমবার সাকেত আদালতের ডিউটি ম্যাজিস্ট্রেট তথা ফার্স্টক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনাম রইস খান ধ্রুবর বিরুদ্ধে এই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।