যশোরের কেশবপুরে এক সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে কেশবপুর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা তাঁকে মারধর করে বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করেন। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি আবদুল্লাহ আল মামুন (২৫), যিনি মোহনা টিভির যশোর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি যশোরের কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের বাসিন্দা।

মামুনের পরিবারের অভিযোগ অনুযায়ী, রোববার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌরসভা এলাকায় পৌঁছালে জাতীয় নাগরিক পার্টির সদস্যরা তাঁকে আটক করে মারধর করেন। এরপর ওইদিন বিকেলেই তাঁকে কেশবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই বিষয়ে কেশবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ও বর্তমান বিএনপি সরকারের বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন। এ অভিযোগে এনসিপির সদস্যরা তাঁকে আটক করে পুলিশে দেন।” তবে মারধরের বিষয়টি জানতে চাইলে সম্রাট বলেন, “যাঁরা তাঁকে ধরেছেন, তাঁরা দু–একটি চড়থাপ্পড় দিয়েছেন বলে তিনি শুনেছেন।”

ছেলের মুক্তি দাবি করে আবদুল্লাহ আল মামুনের বাবা সোলায়মান হোসেন বলেন, “তাঁর ছেলে কোনো অন্যায় করেননি। তবু তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”

অন্যদিকে, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও জানান, আজ সোমবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, গতকাল রাতে যশোর সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, আবদুল্লাহ আল মামুন তাঁদের সংগঠনের সদস্য। তাঁরা অভিযোগ করেন, রোববার বিকেলে কেশবপুরে ‘মব’ সৃষ্টি করে তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানানো হয়েছে।