দীর্ঘ আট মাসের প্রতীক্ষার পর গত ১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ ব্যাচের ১২ হাজার ৮৩০ জন সহকারী শিক্ষক তাঁদের কর্মস্থলে যোগদান করেন। তবে অত্যন্ত পরিতাপের বিষয় যে, যোগদানের প্রায় দুই মাস অতিবাহিত হতে চললেও তাঁদের মধ্যে অধিকাংশ শিক্ষক এখনো প্রাপ্য বেতনভাতা পাননি। এই পরিস্থিতিতে ডিসেম্বরের শুরুতেই তাঁদের বেতন নিশ্চিত করার দাবি জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষকেরা।

আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকেরা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। তাঁরা জানান, তাঁদের পে ফিক্সেশন-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য iBAS++ সিস্টেমে সংশ্লিষ্ট উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরদের আইডিতে প্রদর্শিত হচ্ছে না। এই কারিগরি জটিলতার কারণে বেতন বিল প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। তবে ব্যতিক্রম হিসেবে মাগুরা সদর উপজেলা এবং গাইবান্ধা ও ঝিনাইদহ জেলার কয়েকটি উপজেলার কিছু শিক্ষক বেতন পেয়েছেন বলে জানা গেছে।

ভুক্ত শিক্ষকদের অভিযোগ, ডিডিওর আইডি থেকে পে ফিক্সেশন ফরওয়ার্ড করার পর তা হিসাবরক্ষণ অফিসে দেখা যাচ্ছে না। আবার যখন সংশোধনের জন্য তথ্যগুলো ফেরত পাঠানো হয়, তখন অনেক ক্ষেত্রে এডিট মেনুতে সেই তথ্য আর পাওয়া যাচ্ছে না। এছাড়া সংশোধন করে পুনরায় জমা দিতে গেলে সিস্টেমে কারিগরি ত্রুটির বার্তা প্রদর্শিত হচ্ছে বলে তাঁরা দাবি করেছেন।

এই জটিলতার বিষয়ে iBAS++ কর্তৃপক্ষ জানিয়েছে, পে ফিক্সেশনের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। তবে কারিগরি ত্রুটির কারণে এই প্রক্রিয়ায় দেরি হতে পারে। যদিও এই সমস্যার চূড়ান্ত সমাধান কবে নাগাদ হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে রাজি হয়নি।