রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ মুক্তকণ্ঠকে বলেন, “আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।”

গ্রেপ্তারকৃত আজিজুল ইসলামের বয়স ৩৩ বছর এবং তাঁর স্থায়ী নিবাস যশোরের কেশবপুরে। ডিবি পুলিশের প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজিজুলের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে যশোর-৬ (কেশবপুর) আসনে জয়লাভ করেছিলেন আজিজুল ইসলাম। তিনি ওই নির্বাচনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। এর আগে তিনি বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা অর্জন করেন।