মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক দম্পতিকে বেঁধে গ্যারেজ থেকে বিপুল পরিমাণ ব্যাটারি ও অটোরিকশা লুট করার ঘটনা ঘটেছে। এই ডাকাতির ঘটনায় স্বামী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১২টার পর শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. অহিদুল্লাহ (৫৪)। তাঁর স্ত্রী ওসনা বেগম (২৮)। জানা গেছে, এই দম্পতি তাঁদের গ্যারেজের ভেতরেই ঘর তৈরি করে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো অহিদুল্লাহ ও তাঁর স্ত্রী গ্যারেজের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। রাত ১২টার পর একদল দুর্বৃত্ত গ্যারেজের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে ওসনা বেগম তাঁর স্বামীকে জাগিয়ে তোলেন। তবে দুর্বৃত্তরা দ্রুত পদক্ষেপ নিয়ে রশি দিয়ে স্বামী-স্ত্রী দুজনকে শক্ত করে বেঁধে ফেলে। এরপর গ্যারেজে থাকা রিকশার ৭২টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট করে নিয়ে যায় তারা।
লুটতরাজ চলাকালীন অহিদুল্লাহ জ্ঞান হারান। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর ওসনা বেগমের চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। তাঁরা অহিদুল্লাহকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত অহিদুল্লাহর আদি বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায় এবং তাঁর স্ত্রী ওসনা বেগমের বাড়ি কুড়িগ্রামে। কয়েক বছর আগে তাঁরা শ্রীনগরে আসেন। সেখানে তাঁদের পরিচয় হয় এবং পরবর্তীতে বিয়ে করেন। ওসনা বেগম ছিলেন অহিদুল্লাহর দ্বিতীয় স্ত্রী।
ঘটনার পরপরই জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শ্রীনগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অহিদুল্লাহর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত মুক্তকণ্ঠকে বলেন, “ঘটনাটি ডাকাতি বলেই মনে হচ্ছে। রাত তিনটার পর জানতে পেরে তখনই পুলিশ পাঠানো হয়। নিহত ব্যক্তির শরীরে কোথাও বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন ছিল না। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ।”