নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ভারতের সাথে সম্পর্ক ভবিষ্যতে কীভাবে মোকাবিলা বা ডিল করা হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি দীর্ঘমেয়াদি রূপরেখা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই সংলাপে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলে আরও ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। মধ্যাহ্নভোজ ও বিস্তারিত আলোচনার পর সাংবাদিকদের সামনে কথা বলেন নাহিদ ইসলাম। জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের এই আলোচনা চলে প্রায় ৩৫ মিনিট।
সংলাপের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “সরকারপ্রধান ঐক্যের আহ্বান জানিয়েছেন। কী কী হলে এই ঐক্যটা আরও সুদৃঢ় হবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে থাকা সব শক্তিকে একটা জায়গায় এনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তার একটা ভিত্তি ও রোডম্যাপ প্রস্তুত করা উচিত, সেটি আমরা বলেছি। এটা শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না। আওয়ামী লীগ ও ভারতের ইস্যুটা আমাদের আগামীতে ডিল করতে হবে। ফলে আমাদের একটা দীর্ঘমেয়াদী রোডম্যাপ (পথনকশা) প্রয়োজন।”
নাহিদ ইসলাম আরও জানান, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি এবং বিদ্যমান সংকটগুলো নিয়ে বিস্তারিত কথা হয়েছে। তিনি উল্লেখ করেন, গত কিছুদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি পতিত স্বৈরাচানী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং একটি রাজনৈতিক ঐক্য সম্ভব কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে বর্তমান উদ্বেগগুলো প্রকাশ করেছেন এবং ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।
নাহিদ বলেন, “আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান পরিস্থিতিটা আসলে একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।” তিনি আরও যোগ করেন, “যেকোনো ধরনের ঐক্যের প্রশ্নে আমাদের অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। এই ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার আহ্বান বা সুপারিশ জানিয়েছি।”
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানানোর কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, “বিচারের বিষয়ে আমরা বলেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়িয়ে জেলা পর্যায়েসহ বিভিন্ন জায়গায় হওয়া মামলাগুলোর তদন্ত করে অভিযোগপত্র দেওয়া ইত্যাদি আইনি প্রক্রিয়া যাতে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়, জুলাইয়ের ভুক্তভোগীরা যাতে ন্যায়বিচার পান।”
সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নাহিদ ইসলাম বলেন, “আমরা চেয়েছি, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ওনারা বলছেন, ওনারা এগুলো বিবেচনা করবেন।”
গঙ্গার পানিবণ্টন চুক্তির বিষয়ে ভারতকে অত্যন্ত কঠোর বার্তা দিতে সরকারপ্রধানকে আহ্বান জানিয়েছেন বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমাদের পানির ন্যায্য হিস্যা আদায়ে আলোচনায় সরকার যাতে কোনো কম্প্রোমাইজ (আপস) না করে, সেটি আমরা বলেছি। শহীদ ওসমান হাদির খুনি ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার কথাও আমরা বলেছি। জুলাই যোদ্ধাদের যাতে রাজনৈতিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেটার জন্য প্রশাসনকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দিতে বলেছি। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণের পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে-সেই আহ্বান জানিয়েছি।”
নাহিদ ইসলামের দাবি, “এটা এখন খুবই সুস্পষ্ট যে বাংলাদেশে যা কিছু হচ্ছে, এর সঙ্গে ভারত সরাসরি সম্পৃক্ত। বৈশ্বিকভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা মিস–ইনফরমেশন ক্যাম্পেইন চালানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবে ভারতই এখন সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ। আমাদেরও বৈশ্বিকভাবে তুলে ধরতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি হিন্দুরা নির্যাতিত হয়েছেন, সবচেয়ে বেশি হিন্দুদের সম্পত্তি দখল হয়েছে। সরকার যেন দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম–ওলামা, মাজার–দরগাহর সুফি, সংস্কৃতিকর্মী—সব সামাজিক শক্তির সঙ্গে বসে আলোচনা করে, তাঁদের ঐক্যবদ্ধ রাখে, এ কথাও সরকারপ্রধানকে বলেছে এনসিপি।”