ঢাকার বায়ুদূষণের কথা উঠলে সাধারণত ইটভাটা, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং বর্জ্য পোড়ানোর কথা সবচেয়ে আগে চলে আসে। তবে বাতাসের সূক্ষ্ম বস্তুকণা বা পিএম২.৫-এর রাসায়নিক উপাদান বিশ্লেষণ করে দূষণের আরও একটি উৎস খুঁজে পেয়েছেন গবেষকেরা। সেটি হলো ফ্লোরাইডসমৃদ্ধ শিল্পনির্গমন। গবেষণার ফলাফলে দেখা গেছে, পিএম২.৫-এর পানিতে দ্রবণীয় অজৈব আয়নগুলোর উৎসের মধ্যে এই শিল্প-উৎসের অবদান ১৬ শতাংশ। তবে স্পষ্ট করা হয়েছে যে, এই হার পিএম২.৫-এর মোট ভরের ১৬ শতাংশ নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ছাদে টানা পাঁচ মাস ধরে বাতাসের নমুনা সংগ্রহ করে এই গবেষণাটি চালানো হয়। এর মাধ্যমে স্থানীয় ফ্লোরাইডসমৃদ্ধ শিল্পনির্গমনকে দূষণের একটি স্বতন্ত্র উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, বাতাসের গতিপথ বিশ্লেষণ করে শীতকালে উত্তর-পশ্চিম ও পশ্চিম দিক থেকে আন্তসীমান্ত বায়ুপ্রবাহের প্রমাণ পাওয়া গেছে। তবে ওই বায়ুপ্রবাহের মাধ্যমে আসা দূষিত পদার্থের সঠিক পরিমাণ বা ঢাকার মোট দূষণে তার নির্দিষ্ট অবদান এই গবেষণায় নির্ধারণ করা সম্ভব হয়নি।
‘কমপ্রিহেনসিভ সোর্স অ্যাপোরশনমেন্ট অব পিএম২.৫-বাউন্ড ওয়াটার-সলিউবল ইনঅর্গানিক আয়নস ইন ঢাকা: আ কম্বাইন্ড পিসিএ অ্যান্ড পিএমএফ অ্যাপ্রোচ’ শীর্ষক এই গবেষণাটি ২০২৬ সালের আগস্টে আন্তর্জাতিক সাময়িকী অ্যাটমসফেরিক এনভায়রনমেন্ট: এক্স-এ প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আহসান হাবিব এই গবেষণায় নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে যুক্ত ছিলেন আজহারুল আলম আতিক, জান্নাতুল নাঈম, মো. নাঈম ইসলাম, মো. সামসুল হক দানি, ফারহানা জাহান এবং চীনের গবেষক শিজেন ঝাও ও গান ঝাং।
নতুন এই গবেষণার গুরুত্ব সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ও রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম মুক্তকণ্ঠকে বলেন, “নতুন গবেষণাটি ঢাকার বায়ুদূষণের উৎস নিয়ে আলোচনায় আরেকটি দিক যোগ করেছে। বিশেষ করে শিল্পনির্গমনের সঙ্গে যুক্ত ফ্লোরাইডসমৃদ্ধ অজৈব আয়ন নিয়ে আরও অনুসন্ধানের সুযোগ তৈরি হয়েছে।”
গবেষক দল ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ছাদে বাতাসের নমুনা সংগ্রহ করেন। তাঁদের মূল লক্ষ্য ছিল পিএম২.৫ কণার মধ্যে থাকা পানিতে দ্রবণীয় অজৈব আয়নগুলো বিশ্লেষণ করা। এই আয়নের তালিকায় ছিল সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফ্লোরাইড, ক্লোরাইড, নাইট্রেট ও সালফেট।
নমুনায় এসব উপাদানের উপস্থিতি ও পরিমাণ বিশ্লেষণ করে দূষণের উৎস শনাক্ত করার চেষ্টা করেন গবেষকেরা। উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক যাচাই করতে তাঁরা পিয়ারসন করেলেশন ও প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস (পিসিএ) পদ্ধতি ব্যবহার করেন। অন্যদিকে, উৎসের পরিমাণগত হিসাবের জন্য যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার পজিটিভ ম্যাট্রিক্স ফ্যাক্টরাইজেশন (পিএমএফ) মডেল ব্যবহার করা হয়। এছাড়া বাতাসের গতিপথ বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (নোয়া) এইচওয়াইএসপিএলআইটি মডেল ব্যবহার করা হয়েছে।
বিশ্লেষণের পর পিএম২.৫-এর পানিতে দ্রবণীয় অজৈব আয়নের চারটি প্রধান উৎস শনাক্ত হয়েছে। এগুলো হলো—আঞ্চলিকভাবে তৈরি হওয়া সেকেন্ডারি অ্যারোসল, স্থানীয় ফ্লোরাইডসমৃদ্ধ শিল্পনির্গমন, মাটি ও নির্মাণকাজের ধুলা এবং সামুদ্রিক উৎস ও বায়োমাস পোড়ানোর মিশ্র প্রভাব।
গবেষকদের একজন আজহারুল আলম আতিক মুক্তকণ্ঠকে বলেন, “গবেষণায় প্রাপ্ত ১৬.৩৩ শতাংশ অবদান মূলত উচ্চ-তাপমাত্রার শিল্প প্রক্রিয়া থেকে আসা ফ্লোরাইডসমৃদ্ধ নির্গমনের সঙ্গে যুক্ত। সাধারণত যেসব শিল্প খাতে উচ্চ তাপমাত্রা ব্যবহৃত হয় বা ফ্লোরিনযুক্ত কাঁচামাল ও ফ্লাক্স ব্যবহার করা হয়, সেখান থেকে হাইড্রোজেন ফ্লোরাইড এবং কণাজাতীয় ফ্লোরাইড নির্গত হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইটের ভাটা। শুষ্ক শীত মৌসুমে সচল থাকা প্রচলিত ইটের ভাটাগুলো, যেখানে উচ্চ-ফ্লোরিনযুক্ত কয়লা পোড়ানো হয়।”
তিনি আরও জানান, সিরামিক এবং কাচ উৎপাদন কারখানাতেও ফ্লোরিনযুক্ত কাঁচামাল বা ফ্লাক্স ব্যবহৃত হয়, যা দূষণের উৎস হতে পারে।
গবেষণার সারসংক্ষেপ অনুযায়ী, নমুনা সংগ্রহের শীতকালীন সময়ে পিএম২.৫-এর ২৪ ঘণ্টার ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিত মাত্রার তুলনায় ১১ থেকে ১৫ গুণ বেশি ছিল। জানুয়ারিতে দূষণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং একই সময়ে পিএম২.৫-এর মধ্যে পানিতে দ্রবণীয় অজৈব আয়নের ঘনত্বও বেশি পাওয়া যায়।
শুষ্ক আবহাওয়া, বাতাসের নিম্ন গতিবেগ, ধুলা এবং বিভিন্ন উৎস থেকে নির্গত দূষিত পদার্থ শীতকালে ঢাকার বায়ুদূষণ বাড়িয়ে দেয়। তবে এই নতুন গবেষণায় শুধু দূষণের মাত্রার কথা বলা হয়নি, বরং পিএম২.৫-এর রাসায়নিক উপাদান বিশ্লেষণ করে এর উৎসগুলো আলাদা করার চেষ্টা করা হয়েছে।
গবেষণায় শনাক্ত শিল্প-উৎসটি ফ্লোরাইডসমৃদ্ধ হলেও, ঠিক কোন রাসায়নিক বা শিল্পপ্রক্রিয়ার জন্য ফ্লোরাইডের উপস্থিতি ঘটছে, তা নিশ্চিত হওয়া যায়নি। গবেষণার ফলাফল অনুযায়ী, এটি নিশ্চিত করতে সরাসরি নমুনা সংগ্রহ এবং কারখানাভিত্তিক পরীক্ষার প্রয়োজন।
ঢাকার বাতাসে ফ্লোরাইডের উপস্থিতি নিয়ে এর আগেও গবেষণা হয়েছে। ২০২৪ সালে জার্নাল অব কেমিস্ট্রিতে প্রকাশিত ‘ওয়াটার-সলিউবল ইনঅর্গানিক অ্যানায়নস ইন ফাইন পার্টিকুলেট ম্যাটার (পিএম২.৫) ইন ঢাকা, বাংলাদেশ: সোর্স অ্যাপোরশনমেন্ট’ শীর্ষক গবেষণায় ফ্লোরাইড, ক্লোরাইড, নাইট্রেট, ফসফেট ও সালফেটের মতো অজৈব আয়ন পরীক্ষা করা হয়েছিল। ওই গবেষণার জন্য ২০২৩ সালের ২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাদে নমুনা সংগ্রহ করা হয় এবং পিএম২.৫-এর মধ্যে ফ্লোরাইডের গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে শূন্য দশমিক শূন্য ৮৬ মাইক্রোগ্রাম পাওয়া যায়। তখন গবেষকেরা ফ্লোরাইড ও ক্লোরাইডের সম্ভাব্য উৎস হিসেবে অগ্নিনিরোধক পদার্থ, বস্ত্রবর্জ্য ও পৌর বর্জ্য পোড়ানোর কথা উল্লেখ করেছিলেন।
ওই গবেষণাপত্রে বস্ত্রশিল্পে ব্যবহৃত ফ্লোরিনযুক্ত রাসায়নিক, যেমন পার-অ্যান্ড পলিফ্লুরোঅ্যালকাইল সাবস্ট্যান্সেস (পিএফএএস) নিয়েও আলোচনা করা হয়েছিল। তবে সেখানে পিএফএএস শনাক্ত বা পরিমাপ করা হয়নি; মাপা হয়েছিল অজৈব ফ্লোরাইড আয়ন। ফলে ফ্লোরাইডের উপস্থিতিকে পিএফএএসের প্রমাণ হিসেবে দেখা যাবে না। ২০২৪ সালের ওই গবেষণাতেও নির্দিষ্ট কোনো কারখানাকে দূষণের উৎস হিসেবে চিহ্নিত করা হয়নি।
এইচওয়াইএসপিএলআইটি মডেলের মাধ্যমে বাতাসের গতিপথ বিশ্লেষণে দেখা গেছে, শীতকালে উত্তর-পশ্চিম ও পশ্চিম দিক থেকে ঢাকার দিকে শক্তিশালী বায়ুপ্রবাহ থাকে, যাকে গবেষকেরা আন্তসীমান্ত বায়ুপ্রবাহের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। তবে এই বিশ্লেষণ কেবল বাতাসের গতিপথ নির্দেশ করে; কোন দেশ বা এলাকার দূষিত পদার্থ ঢাকার বাতাসে ঠিক কতটা অবদান রাখছে, তা পরিমাপ করে না।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে ইন্দো-গাঙ্গেয় সমভূমির বায়ুদূষণ বাংলাদেশের ওপর প্রভাব ফেলতে পারে। তবে স্থানীয় ও আন্তসীমান্ত উৎসের পৃথক অবদান নির্ধারণ করতে আরও বিস্তৃত তথ্যের প্রয়োজন।
বিশ্বব্যাংকের ২০২৩ সালের ‘বিল্ডিং ব্যাক আ গ্রিনার বাংলাদেশ’ প্রতিবেদনেও বৃহত্তর ঢাকা অঞ্চলের বায়ুদূষণের উৎস বিশ্লেষণ করা হয়েছে। ২০১৯–২০ সালের মডেলভিত্তিক হিসাব অনুযায়ী, বৃহত্তর ঢাকার পিএম২.৫ এক্সপোজারের বড় অংশ এসেছে ওই অঞ্চলের ভেতরের উৎস থেকে। বাকি অংশের মধ্যে ছিল বাংলাদেশের অন্যান্য অঞ্চল, বিদেশি উৎস ও প্রাকৃতিক উৎস। ওই প্রতিবেদনে গৃহস্থালির রান্নার জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনাকে স্থানীয় দূষণের বড় উৎস বলা হয়েছে। তবে ওই হিসাবের সময়কাল ও ভৌগোলিক পরিসর নতুন গবেষণাটির চেয়ে আলাদা হওয়ায় দুই গবেষণার উৎসভিত্তিক অবদান সরাসরি তুলনা করা সম্ভব নয়।
ঢাকার বায়ুদূষণ কমাতে বিভিন্ন উৎস নিয়ে আরও গবেষণা হয়েছে। ২০২৫ সালের মে মাসে সায়েন্স-এ প্রকাশিত বাংলাদেশের ২৭৬টি জিগজ্যাগ ইটভাটার ওপর একটি পরীক্ষায় দেখা যায়, উন্নত পরিচালনপদ্ধতি গ্রহণের ফলে প্রতি ইটভাটায় বছরে গড়ে ০.৪৫ মেট্রিক টন পিএম২.৫ নির্গমন কমেছে। তবে এটি কেবল ওই নির্দিষ্ট ইটভাটাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, দেশের সব ইটভাটার মোট নির্গমন কমার হিসাব নয়।
২০২৩ সালে ওয়ার্ল্ড ডেভেলপমেন্টে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা গেছে, ইটভাটার দুই কিলোমিটারের মধ্যে বাতাসে পিএম২.৫-এর ঘনত্ব প্রতি ঘনমিটারে ৭২ দশমিক ৩ মাইক্রোগ্রাম বেশি হতে পারে। ওই গবেষণায় ইটভাটার আশপাশে বসবাসকারী মানুষের শ্বাসতন্ত্রের সমস্যার ঝুঁকিও বেশি পাওয়া গেছে।
গবেষক আজহারুল আলম আতিক মুক্তকণ্ঠকে বলেন, “এই ফ্লোরাইড নির্গমনের সম্ভাব্য উৎস হিসেবে ঢাকার উপকণ্ঠের ইটের ভাটাগুলো এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকার শিল্পাঞ্চলগুলোর কথা ইঙ্গিত করা হয়েছে, যেখানে সিরামিক, কাচ ও অন্যান্য শিল্পকারখানা রয়েছে।”