দীর্ঘকাল বেঁচে থাকার আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির বিভিন্ন প্রতিষ্ঠান অমরত্ব লাভ বা দীর্ঘায়ু নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক গবেষণায় বিনিয়োগ করছে। তবে এখন পর্যন্ত মৃত্যুকে পুরোপুরি ঠেকিয়ে রাখার মতো কোনো কার্যকর পদ্ধতি আবিষ্কৃত হয়নি। এখন প্রশ্ন হলো, মানুষের দীর্ঘায়ুর কি কোনো নির্দিষ্ট সীমা আছে?

বিজ্ঞানীদের মতে, মানুষ যদি ক্যানসার বা হৃদ্‌রোগের মতো জটিল রোগে আক্রান্ত না-ও হয়, তবুও সময়ের সাথে সাথে শরীরের সক্ষমতা হ্রাস পায়। শরীরের অভ্যন্তরীণ কাঠামোগত ও বিপাকীয় ব্যবস্থার ভারসাম্য দুর্বল হয়ে পড়ে। ফলে কোনো শারীরিক বা মানসিক চাপ ছাড়াই জীবনযাপন করলেও মানুষের সর্বোচ্চ আয়ু ১২০ থেকে ১৫০ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। এর পর কোনো দুর্ঘটনা বা রোগ না থাকলেও স্বাভাবিকভাবেই মৃত্যু ঘটে।

২০২১ সালের মে মাসে 'নেচার কমিউনিকেশনস' সাময়িকীতে বার্ধক্যের গতি নিয়ে একটি গবেষণার ফল প্রকাশ করেন সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান 'জেরো'-র তৎকালীন গবেষক টিমোথি পাইরকভ ও তাঁর সহকর্মীরা। তাঁরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ার তিনটি বড় জনগোষ্ঠীর বার্ধক্যের গতি পর্যবেক্ষণ করেন। এই গবেষণায় রক্তকণিকার সংখ্যা এবং দৈনিক হাঁটার পদক্ষেপের পরিবর্তনের মাধ্যমে মানুষের স্থিতিশীল স্বাস্থ্য থেকে বিচ্যুতি মূল্যায়ন করা হয়।

গবেষণার তথ্যানুসারে, রোগ না থাকলেও বয়স বাড়ার সাথে সাথে শরীরের সক্ষমতা কমতে থাকে। ফলে বিভিন্ন আঘাতের বিপরীতে শরীরের প্রতিক্রিয়া স্বাভাবিক অবস্থা থেকে দূরে সরে যায় এবং সেরে উঠতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। গবেষক হুইটসন জানান, একজন সুস্থ তরুণ দ্রুত শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া তৈরি করে খাপ খাইয়ে নিতে পারেন, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে এই ক্ষমতা সামান্য দুর্বল। এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারলে মানুষ আরও দীর্ঘায়ু হতে পারে।

যুক্তরাষ্ট্রের বার্মিংহামের ইউনিভার্সিটি অব আলাবামার বিজ্ঞানী স্টিভেন অস্টাড মানুষের আয়ু দ্রুত বৃদ্ধির বিষয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, “মানুষের দীর্ঘায়ু নিয়ে বাজি ধরা যেতে পারে। আয়ু বাড়ানোর সক্ষমতার খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি বলে আমার মনে হয়। প্রাণীদের ওপর এবং ক্রমবর্ধমানভাবে মানুষের ওপর অনেক পদ্ধতি আশাব্যঞ্জক ফল দেখিয়েছে।”

অন্যদিকে, শিকাগোর ইউনিভার্সিটি অব ইলিনয়-এর বিজ্ঞানী জে ওলশানস্কি ‘নেচার ইনডেক্স ২০২৫ এজিং’ শীর্ষক গবেষণা ক্রোড়পত্রে ভিন্ন মত দিয়েছেন। তিনি জানান, “১৯৯০ সালে আমরা পূর্বাভাস দিয়েছিলাম আয়ু বৃদ্ধির হার কমে যাবে। কারণ, বেশি মানুষ দীর্ঘদিন বাঁচলে বার্ধক্যের অপরিবর্তনীয় শক্তির সংস্পর্শে আসবে। উন্নত বিশ্বে গড় আয়ু স্থবির হয়ে পড়েছে। প্রচলিত চিকিৎসাবিজ্ঞান মানবদেহকে যত দূর সম্ভব এগিয়ে নিয়ে গেছে। বার্ধক্যের ধরন অপরিবর্তিত থাকলে বর্তমান অবস্থার চেয়ে বেশি দিন বেঁচে থাকার সীমা বাড়ানো যাবে না। মানুষের আয়ু আরও বাড়ানোর একমাত্র পথ হলো বার্ধক্য প্রক্রিয়াকেই ধীর করা। এই কাজে বড় সম্ভাবনা রয়েছে। জৈবিক বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে পারব বলে আমি খুব আশাবাদী। আমাদের জীবদ্দশাতেই এটি ঘটবে বলে আমার বিশ্বাস। যদিও শেষ পর্যন্ত মূল বিষয় হলো আমরা কত দিন বেঁচে থাকবে তা নয়, মূল বিষয় হলো আমরা কত ভালোভাবে বাঁচবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কোষ টিস্যু ও অঙ্গগুলোকে ক্যানসার হৃদ্‌রোগ এবং স্নায়ুর রোগের প্রবণ করে তোলে এমন জৈবিক পরিবর্তন উন্মোচন করাই আমাদের কাজ। নির্দিষ্ট রোগগুলোকে লক্ষ্য করলে আয়ু বাড়তে পারে।”

স্টিভেন অস্টাড আরও জানান, সুস্থভাবে বেঁচে থাকার বছরগুলোই হলো প্রকৃত 'স্বাস্থ্যকর আয়ু'। ২০০০ সাল থেকে হৃদ্‌রোগজনিত মৃত্যু এক-তৃতীয়াংশ কমলেও, যারা বেঁচে যান তারা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন না, যা জীবনযাত্রার মান কমিয়ে দেয় এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করে। এক শতাব্দী আগে ইঁদুরের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, সীমিত ক্যালরিযুক্ত খাবার খেলে প্রাণীরা বেশি দিন বাঁচে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার পোস্টডক জাহিদা সুলতানোভা বলেন, ইঁদুরের ক্ষেত্রে এটি কাজ করে এবং বার্ধক্য ধীর করে। তিনি জানান, দীর্ঘায়ু প্রাণীদের কোষীয় প্রক্রিয়া অধ্যয়ন করে বার্ধক্য সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে এবং এই প্রক্রিয়াগুলো সুস্থ শতবর্ষী মানুষের মধ্যেও দেখা গেছে।

কেমব্রিজের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক লিওনার্ড গুয়ারেন্তে ও তাঁর সহকর্মীরা 'সার্টুইনস' নামক জিন ও সংশ্লিষ্ট প্রোটিনের গুরুত্ব শনাক্ত করেছেন। গুয়ারেন্তে বলেন, “এগুলোকে আরও সক্রিয় করলে আপনি আয়ু বাড়াতে পারেন। কিছু শতবর্ষী মানুষের শরীরেও অতিরিক্ত সক্রিয় সার্টুইনস থাকে।” সার্টুইনস ডিএনএ রক্ষণাবেক্ষণ ও মেরামতে সাহায্য করে, তবে এটি 'এনএডি প্লাস' নামক অণুর ওপর নির্ভরশীল, যা বয়সের সাথে সাথে কমে যায়। বয়স্ক ইঁদুরের ক্ষেত্রে এনএডি প্লাস বাড়ানোর সম্পূরক খাদ্য সার্টুইনস সক্রিয় করে আয়ু বাড়াতে পারে।

তবে ইঁদুরের গবেষণার ফল মানুষের ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। 'সিনোলাইটিকস' নামক একদল ওষুধ, যা অকার্যকর সেনিসেন্ট কোষ পরিষ্কার করে প্রদাহ কমায়, তা এখনো মানুষের ক্ষেত্রে প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞানী স্টিভেন অস্টাড মনে করেন, মানুষের ওপর বার্ধক্যরোধী সুনির্দিষ্ট চিকিৎসা প্রয়োগ করতে আরও দুই থেকে তিন দশক লাগতে পারে। তাঁর ভাষ্যে, “দীর্ঘমেয়াদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এমন বিষয়ে আমাদের খুব নিশ্চিত হতে হবে।” বিজ্ঞানী ওলশানস্কির মতে, “সামনে মানুষের আয়ু বৃদ্ধি তুলনামূলকভাবে সামান্য হবে। বেশির ভাগ মানুষ দীর্ঘায়ু নিয়ে পাটিগণিতের মতো ভাবেন। তবে জৈবিক সময়ে আমরা সূচকীয় স্কেলে কাজ করি। এখনো আমাদের আয়ু ১৫০ বছরে নেওয়া অদ্ভুতভাবে আমাদের নাগালের বাইরে। বিষয়টি অনেকটা উড়োজাহাজে করে মহাকাশে যাওয়ার মতো।”