চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ঘরের ভেতরে খেলার সময় বিষধর সাপের ছোবলে মো. আবদুল্লাহ নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ছিল মাত্র ২১ মাস। গতকাল রোববার রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুল্লাহ বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার বাসিন্দা প্রবাসী ওসমান আলীর একমাত্র সন্তান।

ওসমান আলীর চাচা রুকন উদ্দিন মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, “গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খাচ্ছিল। এ সময় ঘরের দরজার পাশে বসে খেলছিল শিশুটি। হঠাৎ শিশুটি কেঁদে উঠলে তার মা ও দাদি এগিয়ে গিয়ে দেখেন, পাশে একটি সাপ। সাপটি দ্রুত চলে যায়। এরপর শিশুটির জামা খুলে ডান হাতের বগলের কাছে সাপের ছোবলের দুটি দাগ ও রক্ত দেখতে পান পরিবারের সদস্যরা।”

রুকন উদ্দীন আরও জানান, রাত সাড়ে নয়টার দিকে শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে অ্যান্টিভেনম (সাপে কাটা রোগীর ভ্যাকসিন) ইনজেকশন প্রদান করেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকালে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহরম আলী মুক্তকণ্ঠকে বলেন, “শিশুটি তার মা–বাবার একমাত্র সন্তান ছিল। শিশুটি কেঁদে ওঠার পর সাপের পাশাপাশি একটি ব্যাঙও দেখতে পেয়েছিলেন পরিবারের সদস্যরা। তাই প্রথমে তাঁরা ভেবেছিল ব্যাঙ কামড় দিয়েছে। পরে ছোবলের দাগ দেখতে পেয়ে সাপে দংশন করার বিষয়টি বুঝতে পারেন।”

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুনুল হক মুক্তকণ্ঠকে বলেন, “শিশুটির শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই অ্যান্টিভেনম দিয়েই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়।”