বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতুর তালিকায় সোনা অন্যতম। বর্তমানে সোনা কেবল অলংকার বা বিনিয়োগের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ নেই, বরং এই মূল্যবান ধাতু এখন একটি রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক শক্তির এক গুরুত্বপূর্ণ সূচকে পরিণত হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষস্থানে রয়েছে চীন।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছর চীন ৩৮৪ দশমিক ৩ টন সোনা উৎপাদন করেছে (২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালেও দেশটি ৩৮০ দশমিক ২ টন সোনা উৎপাদন করে বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিল।
চীন কেবল সোনা উৎপাদনের শীর্ষ দেশই নয়, বরং তারা এই মূল্যবান ধাতুর সবচেয়ে বড় ভোক্তা হিসেবেও পরিচিত।
সোনা উৎপাদনের ক্ষেত্রে চীন দুটি ভিন্ন পদ্ধতি অনুসরণ করে। দেশটি একদিকে যেমন নিজেদের খনি থেকে প্রাপ্ত কাঁচামাল পরিশোধনের মাধ্যমে সোনা উৎপাদন করছে, তেমনি বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল থেকেও সোনা উৎপাদন করে থাকে।
চীনের পণ্যবাজার সংক্রান্ত তথ্য ও পরামর্শক প্রতিষ্ঠান সানসার্স গত ৫ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের দেওয়া পরিসংখ্যানের কথা উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যানুসারে, দেশীয় ও আমদানি করা—উভয় ধরনের কাঁচামাল মিলিয়ে চীনে মোট ৩৪৭ দশমিক ৯৯ টন সোনা উৎপাদিত হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৪ শতাংশ কম।
৪ নভেম্বর প্রকাশিত চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে (এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত) চীন দেশীয় কাঁচামাল থেকে মোট ২২০ দশমিক ৯৩৫ টন সোনা উৎপাদন করেছে। অন্যদিকে, আমদানি করা কাঁচামাল থেকে দেশটিতে সোনা উৎপাদিত হয়েছে ১২৭ দশমিক শূন্য ৫৫ টন।
অর্থাৎ দেশীয় ও আমদানি করা—উভয় ধরনের কাঁচামাল থেকে চীনে সব মিলিয়ে সোনা উৎপাদিত হয়েছে ৩৪৭ দশমিক ৯৯ টন। আগের বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন ১১ দশমিক ৪৪ শতাংশ কম।
ভোক্তা হিসেবে এ বছরের প্রথম তিন প্রান্তিকে চীনে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন সোনার ব্যবহার হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ২৮ শতাংশ বেশি।
ব্যবহারের খাতগুলোর মধ্যে গয়না তৈরিতে ব্যবহৃত হয়েছে ১৭৮ দশমিক ৬১২ টন সোনা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৮৬ শতাংশ কম। অন্যদিকে, সোনার বার ও কয়েন কেনায় ব্যবহৃত হয়েছে ৪৪৪ দশমিক ৫৭৬ টন, যা গত বছরের তুলনায় ২৬ দশমিক ২৬ শতাংশ বেশি। সাধারণত চীনের সাধারণ মানুষ সোনার বার ও কয়েন কিনে এই খাতে বিনিয়োগ করে থাকে। এছাড়া শিল্পসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়েছে ৬১ দশমিক ৪৩৪ টন সোনা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪১ শতাংশ বেশি।
চায়না গোল্ড অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে সোনার দাম প্রথমে বেড়েছে, পরে কমেছে। তবে দাম সামগ্রিকভাবে উচ্চপর্যায়েই ছিল। স্বল্প মেয়াদে দামের ওঠানামা বেড়ে যাওয়ায় সোনার বাজারের ঝুঁকিও বেড়েছে।
যুক্তরাজ্যভিত্তিক তথ্য ও বিশ্লেষণপ্রতিষ্ঠান গ্লোবালডেটার খনি ও প্রকল্পবিষয়ক তথ্যভান্ডার অনুযায়ী, বর্তমানে বিশ্বে ১ হাজার ৩৫২টির বেশি সোনার খনি চালু রয়েছে, যার মধ্যে ১১৭টি খনি চীনে অবস্থিত।
তাদের খনিবিষয়ক তথ্যভান্ডারের ২০২৩ সালের উৎপাদনের হিসাব অনুযায়ী, চীনের সবচেয়ে বড় পাঁচটি সোনার খনি হলো—
শাসি কপার মাইন: চীনের আনহুই প্রদেশে অবস্থিত এটি একটি ভূগর্ভস্থ খনি। এর মালিক টংলিং ননফেরাস মেটালস গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ৬ লাখ ৪৯ হাজার ১৮০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে।
ইশিংঝাই গোল্ড মাইন: এই সোনার খনিটি চীনের শানসি প্রদেশে অবস্থিত। ইশিংঝাই গোল্ড মাইনের মালিক জিজিন মাইনিং গ্রুপ। ভূগর্ভস্থ এই খনি থেকে ২০২৩ সালে আনুমানিক ১ লাখ ৯২ হাজার ২৪০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৩৯ সাল পর্যন্ত খনিটি চালু থাকবে।
সানশানদাও গোল্ড মাইন: সানশানদাও গোল্ড মাইন চীনের শানদং প্রদেশে অবস্থিত। এর মালিক শানদং গোল্ড গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ১ লাখ ৮৯ হাজার ১৬০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত খনিটি চালু থাকবে।
জিয়াওজিয়া গোল্ড মাইন: এটি চীনের শানদং প্রদেশে অবস্থিত একটি ভূগর্ভস্থ সোনার খনি। এর মালিক শানদং গোল্ড গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ১ লাখ ৭১ হাজার ৪৭০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০২৬ সাল পর্যন্ত খনিটি চালু থাকার কথা রয়েছে।
দে শিং মাইন: দে শিং মাইন চীনের জিয়াংসি প্রদেশে অবস্থিত একটি উন্মুক্ত খনি। এর মালিক জিয়াংসি কপার। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ১ লাখ ৬৫ হাজার ২৩০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৫০ সাল পর্যন্ত খনিটি চালু থাকবে।