কক্সবাজারের টেকনাফে গত শনিবার রাতে বোমা তৈরির বিপুল সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, বড় ধরনের কোনো নাশকতার লক্ষ্যেই মিয়ানমার থেকে টেকনাফে বিস্ফোরক ও অস্ত্র-গুলির এই চালানটি আনা হয়েছিল। তবে এই চালানের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দুটি অটোরিকশায় করে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ার পাহাড়ি এলাকায় এই চালানটি নেওয়া হচ্ছিল। তবে ধারণা করা হচ্ছে, সেটিই এই চালানের শেষ গন্তব্য ছিল না।

শনিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকায় পাঁচটি অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে বিজিবি এই বিস্ফোরক ও অস্ত্র-গুলির চালানটি জব্দ করে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, বিভিন্ন ধরনের প্রায় ১৬ কেজি বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি ম্যাগাজিন ও ২৫৪টি গুলি।

অভিযান চলাকালীন দুটি অটোরিকশার চালককে আটক করা হয়। তবে অটোরিকশার পাশেই একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি অবস্থান করছিলেন, যারা অভিযানের সময় মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যান।

টেকনাফের হাবিরছড়ার পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি সন্ত্রাসী দল সক্রিয় রয়েছে। এসব দলের সদস্যদের বিরুদ্ধে মাদক ও মানব পাচারের পাশাপাশি মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধারণা, পাহাড়ে সক্রিয় এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমেই মিয়ানমার থেকে চোরাইপথে এসব বিস্ফোরক ও অস্ত্র-গুলি আনা হয়েছে এবং হাবিরছড়া থেকে পরবর্তীতে এগুলো অন্য কোথাও পাঠানো হতো।

এই অভিযানের বিষয়ে গতকাল রোববার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, এসব বিস্ফোরক টেকনাফ থেকে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। হাবিরছড়া এলাকায় হয়তো হাতবদল হতো। তবে তদন্তের পর বিস্ফোরক ও অস্ত্র-গুলির গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, “উদ্ধার হওয়া অস্ত্র-বিস্ফোরক যে চালানের পুরো অংশ তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। চালানের আরও অংশ থাকতে পারে। এসব কারা নিয়ে এসেছে, এর নেপথ্যে কারা—অনুসন্ধান করা হচ্ছে। ইতিমধ্যে জব্দ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জামগুলো এসআরবির বিশেষ দল দেখে গেছেন, পুলিশ-সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ হয়েছে। এ নিয়ে তদন্ত হচ্ছে।”

বিস্ফোরক ও অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বাসিন্দাদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের মতে, পর্যটন এলাকায় এত বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। সম্প্রতি দেশব্যাপী শুরু হওয়া নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে এই চালানের কোনো যোগসাজশ থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন। পাশাপাশি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর কোনোটি এসব নিয়ে এসেছে কি না, তাও তদন্ত করা উচিত বলে তাঁদের অভিমত।

কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব এইচ এম নজরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “কক্সবাজার শুধু পর্যটন এলাকা নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী অঞ্চল। এখানে বিদেশি নাগরিকদের পাশাপাশি ১৪ লাখ রোহিঙ্গার বসতি রয়েছে। ফলে নিরাপত্তায় সামান্য দুর্বলতাও জাতীয় নিরাপত্তা ও পর্যটন অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। সীমান্ত এলাকায় কীভাবে এত বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র এল, কারা সরবরাহ করল এবং এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা উচিত।”

জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, “সীমান্তে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ছত্রচ্ছায়ায় মাদক ও অস্ত্রের চোরাচালান চলছে। মাদক ও মানব পাচারে যুক্ত চক্রগুলোর হাতে ভারী অস্ত্রশস্ত্র রয়েছে। পর্যটন শহর কক্সবাজার ও রোহিঙ্গা আশ্রয়শিবিরে নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগ এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট মাদক ও মানব পাচারকারী চক্র এসব বিস্ফোরক ও অস্ত্র আনতে পারে বলে তাঁর আশঙ্কা।”

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী বলেন, সীমান্তে মাদক ও অস্ত্রের চোরাচালান বাড়ছে। ইয়াবা ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজনে ভারী অস্ত্রশস্ত্র রাখছেন এবং রাজনৈতিকভাবেও তাঁদের ব্যবহার করা হচ্ছে। কঠোর নজরদারি না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তিনি সতর্ক করেন।

বিজিবি রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম জানান, বিস্ফোরক ও অস্ত্রের প্রকৃত উৎস, কারা এগুলো সংগ্রহ করেছে, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্রের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দ করা অস্ত্র-গুলি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।