কক্সবাজারের টেকনাফে বিজিবির এক বিশেষ অভিযানে শতাধিক আইইডি বোমা, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই অভিযানের পাশাপাশি আইন প্রয়োগকারী বাহিনী দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র-গুলি সংগ্রহ করে চোরাইপথে টেকনাফে নিয়ে এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে এসব সরঞ্জাম উদ্ধারে কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ২ বিজিবি সড়কে তল্লাশিচৌকি স্থাপন করে। তল্লাশির সময় অস্ত্র-গুলি ও বিস্ফোরকসহ দুই অটোরিকশাচালককে আটক করা হয়। সেই সঙ্গে অস্ত্র-গুলি ও বিস্ফোরক পাচারে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুলবিল এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম এবং নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান। তাঁরা দুজনই পেশায় অটোরিকশার চালক।

পুরো অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম। তিনি বলেন, “উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”