কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করার সময় নয়জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরীঘাট এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। তবে বিজিবি কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, অভিযানের সময় মানব পাচারকারী চক্রের ১০ থেকে ১৫ জন সদস্য নৌকায় করে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আবদুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।
বিজিবির দেওয়া তথ্যানুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজার জেলার স্থানীয় বাসিন্দা। শনিবার সন্ধ্যায় তাঁদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে লম্বীঘাট এলাকায় জড়ো করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে নৌঘাটে অভিযান পরিচালনা করে বিজিবি। সেই মুহূর্তে মানব পাচারকারী চক্রের সদস্যরা একটি নৌকায় করে সাগরের দিকে পালিয়ে যায়, তবে ঘটনাস্থল থেকে নয়জনকে উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “উদ্ধার হওয়া নয়জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, পুরুষদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সাগরপথে কাঠের ট্রলারে মালয়েশিয়ায় যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন মানব পাচারকারী দলের সদস্যরা। একইভাবে নারীদের মালয়েশিয়ায় নিয়ে গিয়ে উপযুক্ত পাত্রের কাছে বিয়ের আশ্বাস দেয় মানব পাচারকারীরা।”
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, “উদ্ধার হওয়া নয়জনের বিস্তারিত পরিচয় শনাক্তের কাজ চলছে। পালিয়ে যাওয়া মানব পাচাকারী দলের সদস্যদের আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”