উপকূলের আটটি জেলায় বছরে প্রায় ৫ হাজার ৬৭০ কোটি টাকার দুধ ও মাংস উৎপাদিত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই অঞ্চলের মহিষগুলোর বিশেষ সক্ষমতা রয়েছে। তবে কাগজে-কলমে মালিকানার কোনো দলিল নেই, আছে শুধু মহিষের কানে দেওয়া একটি ক্ষুদ্র ‘দাগ’। এই চিরায়ত প্রথার ওপর ভর করেই দাঁড়িয়ে আছে উপকূলের প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার দুধ ও মাংসের বাজার। কিন্তু একুশ শতকের ডিজিটাল যুগে এসে প্রায় ২০০ বছরের পুরোনো দাগপ্রথা মালিকানা প্রমাণে আর ধোপে টিকছে না। সাম্প্রতিক সময়ে প্রশাসনিক হয়রানি আর রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে উপকূলীয় আট জেলার ঐতিহ্যবাহী মহিষের বাথান।
উপকূলীয় দ্বীপ ও চরাঞ্চলে মহিষ পালন দীর্ঘকাল ধরে গ্রামীণ অর্থনীতির একটি অন্যতম ভিত্তি। বর্তমানে বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামের দ্বীপ ও চরাঞ্চলে পালিত হয় প্রায় ৬ লাখ মহিষ। উপকূলের নতুন জেগে ওঠা দ্বীপ ও চরের বিস্তৃত চারণভূমিতে ‘বাথান’ পদ্ধতিতে মুক্ত অবস্থায় চরে বেড়ায় মহিষের দল। এসব মহিষের কোনো গোয়ালঘর নেই। দিনে-রাতে, ঝড়ে, খরায় চরাঞ্চলে টিকে থাকার অসামান্য ক্ষমতা রয়েছে দেশীয় জল-কাদা প্রজাতির এসব মহিষের। তবে নানা প্রতিকূলতায় বর্তমানে আশঙ্কাজনক হারে কমছে উপকূলীয় মহিষ ও বাথানের সংখ্যা।
মুক্তকণ্ঠর অনুসন্ধানে উঠে এসেছে, চারণভূমির সংকোচন, বন বিভাগের তৎপরতা, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট খাদ্যসংকট এবং রাজনৈতিক দুরভিসন্ধি—এই চার কারণে বর্তমানে উপকূলীয় মহিষবাথান হুমকির মুখে পড়েছে। এ খাতের বিশেষজ্ঞরা মনে করেন, সারা দেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে প্রাণিসম্পদ খাত নানা সমস্যায় জর্জরিত। কৃষির বিপর্যয় ও চারণভূমি নষ্ট হয়ে খাদ্যসংকট এর মধ্যে অন্যতম। তবে এসব অভিঘাত মোকাবিলা করে টিকে থাকার ক্ষমতা রয়েছে উপকূলীয় মহিষের। বিশেষজ্ঞদের মতে, দেশে একটি স্বতন্ত্র, পূর্ণাঙ্গ ও সমন্বিত প্রাণিসম্পদ নীতিমালা নেই। উপকূলের মহিষবাথান প্রথাকে টিকিয়ে রাখতে একটি সময়োপযোগী নীতিমালা প্রণয়ন জরুরি।
ডিজিটাল নিবন্ধন ছাড়া ভবিষ্যতে বাথান রক্ষা করা কঠিন হবে। মহিষের জন্য ইউনিক আইডেনটিটি নম্বর থাকা উচিত। এ ছাড়া উপকূলীয় চরাঞ্চলের জন্য পৃথক চারণনীতি ও মালিকানা নীতি গ্রহণ করতে হবে।
সম্প্রতি সন্দ্বীপ উপজেলার কালীরচরের চারণভূমিতে ২৮৪টি মহিষ নিয়ে তৈরি হয়েছিল মালিকানা প্রমাণের জটিলতা। যাঁরা মহিষগুলো নিয়ে আসেন, তাঁদের কাছে মালিকানার কাগজপত্র তলব করে স্থানীয় প্রশাসন। মুক্তকণ্ঠ গত ৩০ জুলাই এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সে সময় মালিকানার কাগজপত্রের বিষয়ে সরকারি নির্দেশনা কেমন, তা জানাতে পারেনি সন্দ্বীপের প্রাণিসম্পদ কার্যালয়। মহিষগুলো প্রায় দুই মাস ধরে প্রশাসনের জিম্মায় থাকায় স্বাভাবিক খাদ্য গ্রহণ এবং বিচরণ থেকে বঞ্চিত হয়েছে। ঘটনাটি প্রাণিসম্পদ ও চারণভূমি ব্যবস্থাপনায় সরকারের নীতিশূন্যতার বিষয়টি প্রকটভাবে সামনে আনে।
উপকূলীয় বাথানের গুরুত্ব
উপকূলীয় ৮ জেলায় প্রায় ৭০০ বাথানে ৬ লাখের বেশি মহিষ রয়েছে। এ তথ্য নিশ্চিত হওয়া গেছে সংশ্লিষ্ট প্রাণিসম্পদ কার্যালয়গুলোর দেওয়া তথ্যে। এসব মহিষের মধ্যে বছরে প্রায় তিন লাখ মহিষ দুধ দেয় এবং দেড় লাখের বেশি মহিষ মাংস উৎপাদনে ব্যবহৃত হয়। প্রতিবছর কিছু মহিষ বিক্রি করে বাথান খরচ ও ও নগদ অর্থ হাতে পান মালিকেরা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ (স্থির মূল্যে)। চলতি মূল্যে এ খাতের আকার প্রায় ৯১ হাজার কোটি টাকা। তবে সরকারি পরিসংখ্যানে উপকূলীয় মহিষবাথানের আলাদা কোনো হিসাব নেই। মুক্তকণ্ঠর অনুসন্ধানে দেখা যায়, উপকূলের বাথানগুলো থেকেই বছরে আনুমানিক সাড়ে ৫ হাজার কোটি টাকা মূল্যের দুধ ও মাংস উৎপাদিত হয়।
তিনটি ভিন্ন এলাকার ১২ জন বাথানমালিক ও বাথানি তাঁদের মহিষের দুধ ও মাংসের মহিষ বিক্রির হিসাব দিয়েছেন মুক্তকণ্ঠকে। এ ছাড়া সরেজমিনে দুধ ও মাংসের বাজার, ব্যবসায়ী এবং রাখালদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উপকূলের ৮ জেলায় ৬ লাখ মহিষের মধ্যে বছরে পর্যায়ক্রমে প্রায় ৩ লাখ মহিষ দুধ দেয়। প্রতিটি মহিষ থেকে দৈনিক গড়ে ৩ লিটার দুধ পাওয়া গেলে এবং বছরে ৩০০ দিন দুধ বিক্রি হলে, ৮ জেলার বাথান থেকে দুধ বিক্রির বার্ষিক মূল্য দাঁড়ায় প্রায় ৩ হাজার ৫১০ কোটি টাকা। অন্যদিকে বছরে জবাই হওয়া দেড় লাখ মহিষের প্রতিটি থেকে গড়ে ২৪০ কেজি হাড়সহ মাংস পাওয়া গেলে এবং বাথান থেকে বিক্রির গড় দাম প্রতি কেজি ৬০০ টাকা ধরলে মাংসের বাজারমূল্য হয় প্রায় ২ হাজার ১৬০ কোটি টাকা। সে হিসাবে দুধ ও মাংস মিলিয়ে উপকূলের মহিষবাথান থেকে বছরে প্রায় ৫ হাজার ৬৭০ কোটি টাকার পণ্য বিক্রি হয়।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা
জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাংলাদেশের প্রাণিসম্পদ খাতকে ইতিমধ্যে ঝুঁকিতে ফেলেছে। ২০২৪ সালে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ১৯৯৫ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে গবাদিপশুর ওপর তাপজনিত চাপের মাত্রা তীব্র থেকে অত্যন্ত তীব্র পর্যায়ে ছিল।
২০১৭ সালে জার্নাল অব ফুড কোয়ালিটি সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবছর প্রায় ২০০ হেক্টর পশুখাদ্যের জমি লবণাক্ততায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে খাদ্যসংকট ও পশুর নানা রোগের ঝুঁকি বাড়ছে। ২০২৫ সালে ডিসকভার এনভায়রনমেন্ট সাময়িকীতে প্রকাশিত আরেক গবেষণায় উপকূলের তিন এলাকার উত্তরদাতাদের ৬৩ দশমিক ৪ শতাংশ ঘূর্ণিঝড়ে এবং ৬৩ দশমিক ৬ শতাংশ বন্যায় গবাদিপশু আহত বা মারা যাওয়ার কথা জানিয়েছেন।
জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলে তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, লবণাক্ততাসহ নানা দুর্যোগ বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে জলাভূমিতে বিচরণ, বন্যা বা জলোচ্ছ্বাসে দীর্ঘ সময় সাঁতারের সক্ষমতা, নিম্নমানের খাদ্য গ্রহণ ও পানিতে শরীর ঠান্ডা রাখার স্বাভাবিক বৈশিষ্ট্যের কারণে দেশীয় জল-কাদা প্রজাতির মহিষ পালন তুলনামূলক সুবিধা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মাঠপর্যায়ের অভিজ্ঞতায় দেখা যায়, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় অন্যান্য গবাদিপশুর তুলনায় এদের বেঁচে থাকার হার অনেক বেশি এবং দ্রুত পুনরুদ্ধার ক্ষমতাও তুলনামূলকভাবে শক্তিশালী। কিন্তু নীতিগত স্বীকৃতি ও পরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে এই সম্ভাবনাময় খাতটির ঝুঁকি দিন দিন বাড়ছে।
দাগপ্রথা ও সংকট
উপকূলীয় চরে মহিষের মালিকানা নির্ধারণে প্রায় ২০০ বছর ধরে চলছে ‘দাগপ্রথা’। বাথানমালিকেরা চারণভূমিতে মহিষ আলাদা করতে দুই কানে ছুরি বা ব্লেড দিয়ে নির্দিষ্ট চিহ্ন কাটেন, যেটি তাঁদের নিজস্ব ‘দাগ’ হিসেবে পরিচিত। অনেক মহিষের মধ্যে এই দাগ দেখেই বাথানের মালিক ও রাখালেরা নিজেদের মহিষ সহজে আলাদা করতে পারেন। তবে এ পদ্ধতির আইনগত ভিত্তি নেই। মালিকেরা নিজেদের মহিষ আলাদা করতে পারলেও আইনি জটিলতায় পড়লে মালিকানা প্রমাণে এটি গ্রহণযোগ্যতা পায় না।
২০১৩ সালের ২৪ এপ্রিল নোয়াখালীর কোম্পানীগঞ্জের সহকারী জজ আদালত ‘দাগপদ্ধতি’ গ্রহণ না করে পাঁচটি মহিষ নিলামে তোলার নির্দেশ দেন। প্রশাসনের জিম্মায় থাকা মহিষগুলো জাহাইজ্জারচরের বাথান থেকে ভেসে কোম্পানীগঞ্জ উপকূলে গিয়ে উঠলে প্রশাসন মালিকানার প্রমাণ তলব করে। মহিষের মালিক শাহাদাত চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, “কোম্পানীগঞ্জ থানা-পুলিশ মহিষ ছাড়িয়ে নিতে মোটা অঙ্কের অর্থ দাবি করে। ঘুষ তিনি আদালতে পাঠিয়ে দেন। আদালত মহিষগুলো নিলামে তুলে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার নির্দেশ দেন। উচ্চ আদালতে আপিল করে মহিষ ফিরে পেলেও মহিষের মূল্যের সমান অর্থ গচ্চা গেছে আমার।”
প্রাণিসম্পদ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (সাময়িক দায়িত্ব) শাকিলা ফারুক মনে করেন, দাগ দেখে মহিষ চেনা গেলেও মালিকানা প্রমাণে এটি যথেষ্ট নয়। ডিজিটাল নিবন্ধন ছাড়া ভবিষ্যতে বাথান রক্ষা করা কঠিন হবে।
যেখানে ঘাস, সেখানে মহিষ
বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় চারণভূমি রক্ষার কোনো আলাদা নীতিমালা নেই। কৃষিজমি বা খাসজমির তালিকায় ‘চারণভূমি’ বলে নেই কোনো স্পষ্ট শ্রেণিবিন্যাসও।
রাখালদের ভাষ্য, মহিষের খাদ্যঘাটতি, মিষ্টিপানির সংকট ও নিরাপত্তার কারণে তাঁদের চারণভূমি পরিবর্তন অপরিহার্য হয়ে ওঠে। একটি বাথানে সচরাচর ৫০ থেকে ৫০০ বা তার বেশি মহিষ থাকে। উপকূলে যেখানে ঘাস মেলে, সেখানে স্থানান্তর করে এসব মহিষকে টিকিয়ে রাখতে হয়। তবে এক চর থেকে আরেক চরে মহিষের পাল হাজির হলেই দেখা দেয় চাঞ্চল্য। কখনো স্থানীয় রাজনৈতিক নেতাদের বাধা, কখনো গুজব, আবার কখনো প্রশাসনিক টালবাহানায় পড়তে হয় দুর্ভোগে।
২০১৯ সালে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি গবেষণা জানায়, দেশের উপকূলীয় অঞ্চলে গবাদিপশুর মধ্যে ‘অ্যানথ্রাক্স ফুট অ্যান্ড মাউথ ডিজিজ’ ও ‘ব্রুসেলোসিস’ রোগের ঝুঁকি বাড়ছে। চারণভূমি স্থানান্তরের অনুমতির নির্দেশনা থাকলে রাজনৈতিক ইন্ধনে প্রশাসনিক বিপত্তি যেমন দূর হবে, তেমনি মহিষের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ব্যাধি ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হবে।
বাথানকেন্দ্রিক বাস্তুসংস্থান
মহিষ শুধু মাংস বা দুধের উৎস নয়, উপকূলীয় চরের নতুন মাটি বা ‘পয়স্তি’ ভূমির চরিত্র বদলেও ভূমিকা রাখে। চরে যখন নতুন ঘাস জন্মে, মহিষের বিচরণ সেই ঘাসকে প্রাকৃতিকভাবে ছেঁটে রাখে, যা মাটির উপরিভাগের উর্বরতা বাড়াতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মহিষের গোবর। প্রতিদিন হাজার হাজার মহিষ যে পরিমাণ জৈব সার চরের মাটিতে ফেলে, তা লবণাক্ত চরের মাটিকে চাষযোগ্য পলি মাটিতে রূপান্তর করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
এ ছাড়া মহিষের বাথানকে কেন্দ্র করে চরে একধরনের ক্ষুদ্র প্রতিবেশ তৈরি হয়। মহিষের গায়ের পোকা খেতে আসে বক, শালিকসহ বিভিন্ন পরিযায়ী পাখিও। মহিষের খুঁড়ে রাখা কাদামাটিতে জন্মানো ছোট ছোট উদ্ভিদ ও পোকামাকড় চরের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করে। বিশেষজ্ঞরা মনে করেন, বাথানব্যবস্থা বিলুপ্ত হলে চরাঞ্চলের মাটির প্রাকৃতিক গঠনপ্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং অনেক বিরল প্রজাতির প্রাণী ও পাখি আবাসস্থল হারাবে।
বিপদ বাড়ছে, কমছে মহিষ
উপকূলীয় আট জেলার পাঁচটির প্রাণিসম্পদ কার্যালয় জানিয়েছে, গত কয়েক বছরে মহিষের সংখ্যা কমার প্রমাণ পেয়েছেন তাঁরা। তবে রাখালদের দাবি, আশঙ্কাজনক হারে কমছে উপকূলের মহিষের সংখ্যা।
কেবল জাহাইজ্জারচরের বাথানগুলোয় ১৫ বছর আগে প্রায় ২৫ হাজার মহিষ ছিল, যা এখন নেমে এসেছে ১০ হাজারে—এমন তথ্য দিয়েছেন সেখানকার রাখালেরা। বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন, আগের তুলনায় মহিষের সংখ্যা কমছে লক্ষণীয়ভাবে।
মুক্তকণ্ঠর অনুসন্ধানে দেখা যায়, বাথান সংকোচনে এখন তৈরি হয়েছে চতুর্মুখী চাপ। চারণভূমি সংকোচন, বন বিভাগের মামলা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মহিষ ভেসে যাওয়া এবং প্রশাসনিক হয়রানির কারণে অনেকে বাথান গুটিয়ে নিচ্ছেন। নোয়াখালীর সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ এলাকায় ১০ পরিবারের প্রতিটির ৫০০ থেকে ১ হাজার মহিষ ছিল। এখন কোম্পানীগঞ্জে একটিমাত্র পরিবারে আছে ৮০০ থেকে ৯০০ মহিষ। সুবর্ণচরে এখন কিছু পরিবারে ২০-২৫টি করে মহিষ দেখা যায়।
সন্দ্বীপ-সংলগ্ন ডোবাচরের বাথানমালিক আশরাফ উদ্দিন বলেন, “আমার মহিষ কোথাও আটকা পড়লে আমাকে কী কী কাগজ দেখাতে হবে, তা সরকারকেই ঠিক করতে হবে।”
নিজাম উদ্দিন নামের আরেক মালিক বলেন, “নিজেরা খেটে মরি, জায়গার অভাবে বাল্কহেড ভাড়া করে এই চরে ওই চরে মহিষ নিয়ে ঘুরি। বাগানে গেলে বন বিভাগ মামলা দেয়। এক চর থেকে আরেক চরে গেলে বলে, চুরির মহিষ। এভাবে আর পারব না, বেচে দেব সব মহিষ।”
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অতি জোয়ারে এক চর থেকে অন্য চরে বা এক জেলা থেকে অন্য জেলায় মহিষের পাল ভেসে যাওয়া একটি সাধারণ ঘটনা। মুক্তকণ্ঠর অনুসন্ধানে দেখা যায়, রাজনৈতিক দুর্বৃত্তরা এই সুযোগে ভেসে আসা মহিষ সরিয়ে নেওয়ার পাঁয়তারা করে। প্রতিকার হিসেবে বাথানমালিকেরা সংশ্লিষ্ট থানার শরণাপন্ন হন। থানার পুলিশ সেই সুযোগে মহিষ উদ্ধারে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সমঝোতার প্রস্তাব দেয়। অন্যথায় বিষয়টি আদালতে পাঠালে মালিকানা প্রমাণের জটিলতা তৈরি হয়।
মালিকের কাছে নিজেদের মর্জিমাফিক মহিষের শরীর কেটে দেওয়া দাগ ছাড়া অন্য কোনো প্রমাণ থাকে না। ফলে মহিষ নিলামে তুলে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার মতো আদালতের নির্দেশনার মুখোমুখি হতে হয়। নিরুপায় মহিষমালিককে তখন অর্থের বিনিময়ে সমঝোতার প্রস্তাব মেনে নিতে হয়। এভাবেই রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার চক্র গিলে খাচ্ছে মহিষবাথানকে।
বিদ্যমান প্রাণিসম্পদ কাঠামো
২০০৫ সালে পশুরোগ আইনে খামার নিবন্ধন, ২০০৮ সালে পশুরোগ প্রতিরোধ বিধিমালা, ২০১৩ সালের জাতীয় প্রাণিসম্পদ সম্প্রসারণ নীতি, ২০২১ সালে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ সালে বাংলাদেশ প্রাণিসম্পদ পদক নীতিমালার মতো বিভিন্ন সময় নানা আইন ও বিধি প্রণীত হয়েছে। ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন কোনো প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক আহত বা ক্ষতিগ্রস্ত হলে তাঁর উপযুক্ত চিকিৎসা ও আর্থিক সুবিধা পাওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র প্রাণিসম্পদ নীতিমালা এখনো অনুপস্থিত।
এসব আইন ও বিধিতে উপকূলীয় বাথান, চারণভূমি মালিকানা কিংবা জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপন্ন চরাঞ্চলের জন্য আলাদা কোনো নীতিমালা নেই। জাতীয় কৃষি নীতি ২০১৩-এর অংশ হিসেবেও প্রাণিসম্পদ খাতকে কেবল একটি গুরুত্বপূর্ণ উপখাত হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে মহিষ পালনে বাথান ও চারণভূমির ব্যবস্থাপনা মূলত বাথানমালিক ও রাখাল তথা বাথানিদের তৈরি পুরোনো প্রথার ওপর নির্ভর করছে।
মুক্তকণ্ঠর অনুসন্ধানে দেখা গেছে, প্রতিটি উপজেলায় প্রাণিসম্পদ অফিস থাকলেও চরাঞ্চলের বাথানগুলোর জন্য নেই আলাদা মনিটরিং সেল বা নিবন্ধনপ্রক্রিয়া। মাঠপর্যায়ে পশুর মালিকানা, স্বাস্থ্য রেকর্ড বা স্থানান্তর-সম্পর্কিত কোনো তদারকি বা তথ্যভান্ডার নেই। এ ছাড়া স্থানীয় প্রশাসন, ভূমি অফিস, বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকায় বাথান এবং চারণভূমির মালিকানার বিরোধ বাড়ছে, যা ভবিষ্যৎ পশুসম্পদ ব্যবস্থাপনা ও উপকূলীয় মহিষের বাথানকে আরও বিপন্ন করে তুলছে।
নীতিমালা কেন জরুরি
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ২ নম্বর লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশে নিরাপদ খাদ্য ও পুষ্টির জোগানে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় ন্যায্যতা ও আইনি কাঠামো থাকা আবশ্যক। অন্যদিকে খরা, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার মতো জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উপকূলীয় মহিষবাথান হতে পারে পশুপালনের টেকসই সমাধান।
বিশেষজ্ঞরা মনে করেন, প্রতিটি বাথানকে ডিজিটাল ম্যাপের আওতায় এনে একটি কেন্দ্রীয় ডেটাবেজ তৈরি করা প্রয়োজন, যেখানে বন বিভাগ, ভূমি মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করবে। বন বিভাগের সৃজিত বাগানের ভেতরে মহিষের অবাধ বিচরণ নিশ্চিত করতে ‘সিলভোপাসচার’ বা বন-তৃণভূমি মডেল অনুসরণ করা যেতে পারে। এতে বনেরও ক্ষতি হবে না, আবার মহিষও খাবার পাবে। এই সমন্বিত উদ্যোগই পারে কয়েক শ বছরের পুরোনো এই প্রথাকে আধুনিক ও লাভজনক শিল্পে রূপান্তর করতে।
কর্তৃপক্ষ কী ভাবছে
সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাবিল ফারাবী জানান, এ অঞ্চলে নির্দিষ্ট কোনো ঘোষিত চারণভূমি নেই। আন্তমন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে মহিষের জন্য চারণভূমি নির্ধারণ করতে পারলে মহিষ পালন সহজ হতে পারে। তবে বিপত্তি এড়াতে বাথানমালিকদের খামার নিবন্ধনের পরামর্শ দেন তিনি। যদিও বাথানমালিকদের দাবি, খামারের ধারণার সঙ্গে বাথানপদ্ধতির কোনো সামঞ্জস্য নেই।
মালিক ও রাখালদের প্রস্তাব, চারণভূমি নির্দিষ্টকরণ, অনলাইনে মহিষের জন্ম ও মালিকানা নিবন্ধন, বিক্রয় ও হস্তান্তরের তথ্য হালনাগাদ, চারণভূমির নাম ও অবস্থান হালনাগাদ এবং এক চারণভূমি থেকে আরেক চারণভূমি স্থানান্তরের আগে অনলাইনে অনুমতির জন্য আবেদনের ব্যবস্থা করতে হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের সদ্য বিদায়ী মহাপরিচালক মো. রেয়াজুল হক মুক্তকণ্ঠকে বলেন, “পয়স্তি ভূমির মালিকানা ভূমি মন্ত্রণালয়ের। সেখানে বাগান সৃজন করে বন বিভাগ। আমরা চাই, এগুলো প্রাণিসম্পদ বিভাগকে চারণভূমির জন্য ইজারা দেওয়া হোক।” মহিষের অনলাইন নিবন্ধন ও তথ্যভান্ডারের বিষয়টি সময়োপযোগী এবং অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন করা সম্ভব বলে মত দেন রেয়াজুল হক।
তবে প্রাণিসম্পদ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক শাকিলা ফারুক মনে করেন, ইজারা নয়, বরং আন্তমন্ত্রণালয় সমঝোতার মাধ্যমে বন বিভাগের গাছ পরিপক্ব হওয়া সাপেক্ষে চারণভূমি হিসেবে ব্যবহারের বিধান রাখা যেতে পারে। এতে জেগে ওঠা ভূমি টেকসই হবে।
দ্রুত পদক্ষেপ প্রয়োজন
বাথানমালিক ও রাখালেরা চান তাঁদের জন্য চারণভূমি নির্দিষ্ট করে দেওয়া হোক। নির্ধারিত চারণভূমিতে কেল্লা, দিঘি ও গভীর নলকূপ স্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা। অবিলম্বে মহিষের মালিকানা নির্ধারণে সুস্পষ্ট সরকারি বিধান প্রণয়নের জোর দাবি রয়েছে তাঁদের।
প্রাণিসম্পদ বিশেষজ্ঞ ড. শাকিলা ফারুক মনে করেন, মহিষের জন্য ইউনিক আইডেনটিটি নম্বর (পরিচিতি নম্বর) থাকা উচিত। জন্মের পরই সেটি কানে পরিয়ে দিলে চিহ্নিত থাকবে। ওই পরিচিতি নম্বরের অনুকূলে মহিষ ও মালিকের বৃত্তান্ত অনলাইনে সংরক্ষিত থাকবে। তাতে ঝড়-জোয়ারে ভেসে গেলেও মালিক মহিষের সন্ধান পাবেন। কোন মহিষের কোন বাছুর, সেটিও নিশ্চিত হবে।
চারণভূমির বিষয়ে শাকিলা ফারুক বলেন, “বাথান পদ্ধতি টিকিয়ে রাখতে হলে চারণভূমি ব্যবস্থাপনায় নজর দেওয়া জরুরি। বর্তমানে নতুন ভূমি জেগে উঠলেও বাগান এবং চাষাবাদের কারণে প্রকৃত চারণভূমির আয়তন কমছে। উপকূলীয় চরাঞ্চলের জন্য পৃথক চারণ ও মালিকানা নীতি গ্রহণ করতে হবে।” টেকসই চারণভূমি ব্যবস্থাপনার জন্য তিনি আন্তদাপ্তরিক সমন্বয়ের ওপর জোর দেন।
বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের (বিসিএএস) সিনিয়র ফেলো ও উপকূলীয় ঝুঁকি নিরূপণ বিশেষজ্ঞ ড. মো. আবু সৈয়দ বলেন, মহিষের পাল বিচ্ছিন্ন ও দুর্গম দ্বীপ ও চরে বিচরণ করে। প্রাণিসম্পদ বিভাগকে সেসব জায়গায় পৌঁছে সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁদের সক্ষমতা বাড়িয়ে লজিস্টিক সাপোর্ট দিতে হবে। বাথানমালিক ও রাখালদের সঙ্গে তাঁদের যোগাযোগ সহজ হলে ঝুঁকি নিরূপণ ও সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া সহজ হবে।
বিশেষজ্ঞদের মতে, চরাঞ্চলে কেবল মহিষ ছেড়ে দিলেই হবে না, সেখানে দুর্যোগকালীন প্রস্তুতির জন্য পর্যাপ্ত কেল্লা বা উঁচু টিলা নির্মাণ করতে হবে। প্রতিটি বড় চারণভূমিতে অন্তত একটি করে গভীর নলকূপ স্থাপন করতে হবে, যাতে খরা মৌসুমে মিষ্টিপানির অভাব না হয়। তাঁরা মনে করেন, উপকূলীয় চরাঞ্চলের মহিষবাথান শুধু অর্থনীতির অংশ নয়, এটি কয়েক লাখ মানুষের জীবিকা, পুষ্টি ও সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ।