মধ্যদুপুরের ঝলমলে পরিবেশ, চারদিকে ঝকঝকে সাজসজ্জার এক রেস্তোরাঁ। সেখানে ভিড় করেছেন প্রচুর মানুষ। কারও পাতে রঙিন সালাদ, কেউবা চেখে দেখছেন গ্রিল করা চিংড়ি, আবার কারও সামনে সাজানো সুস্বাদু পাস্তা। তবে এই রেস্তোরাঁটির বিশেষত্ব কেবল তার খাবারের স্বাদে নয়, বরং এর অনন্য ঠিকানায়। অবাক করা বিষয় হলো, এই রেস্তোরাঁটি গড়ে উঠেছে একটি জাদুঘরের ভেতরেই।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত 'নিউ মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্ট'-এ এখন শিল্পকলার পাশাপাশি সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার সুযোগ মিলছে। সাধারণত জাদুঘর বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে খাবার বলতে আমরা সাধারণ ক্যাফেটেরিয়ার কথা চিন্তা করি। কিন্তু নিউইয়র্কের জাদুঘরগুলো এখন সেই পুরনো ও গৎবাঁধা ধারণা থেকে বেরিয়ে আসতে চাইছে।

ম্যানহাটানের এই নিউ মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্ট মূলত সালভাদর দালি ও মার্সেল ডুশাম্পের অসাধারণ শিল্পকর্মের জন্য বিশ্বজুড়ে পরিচিত। অসংখ্য মানুষ এই অনন্য শিল্পকর্মগুলো দেখার জন্য এখানে ভিড় করেন। আর ঠিক এই পরিবেশেই যাত্রা শুরু করেছে নতুন রেস্তোরাঁ 'ওবেরন'।

ঝকঝকে এই রেস্তোরাঁটি এখন মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। দর্শনার্থীরা একদিকে যেমন শিল্পকলার অনন্য জগতে হারিয়ে যাচ্ছেন, অন্যদিকে উপভোগ করছেন তাদের পছন্দের খাবার। এর ফলে নিউইয়র্কের জাদুঘরগুলো এখন আর কেবল শিল্পকর্ম দেখার স্থান হিসেবে সীমাবদ্ধ নেই; বরং নিজেদের বিশেষ বৈশিষ্ট্যের কারণে ভোজনরসিকদের অন্যতম সেরা গন্তব্যে পরিণত হচ্ছে।

জাদুঘরটির পরিচালক মাসিমিলিয়ানো জিওনি বলেন, “এ শহরে বিশ্বসেরা সব রেস্তোরাঁ আছে। সেগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতাও চলে। আমাদের আসল সাফল্য নির্ভর করছে এত বড় বাজারে টিকে থাকার ওপর। অবাস্তব কল্পনা মনে হলেও এতে আমাদের উচ্চাকাঙ্ক্ষা বোঝা যায়।”

রেস্তোরাঁটির ডাইনিং রুমটি ডিম্বাকৃতি, যেখানে একসঙ্গে ৯০ জন অতিথি বসতে পারেন। সেখানেই একটি বুথে বসে কথা বলছিলেন জিওনি। পুরো ঘরটি শিল্পের ছোঁয়ায় অত্যন্ত চমৎকারভাবে সাজানো। জাদুঘরের মূল অংশ থেকে এটিকে আলাদা করে রাখা হয়েছে ঘোলাটে কাচের জানালার মাধ্যমে। জিওনি এই বিশেষ স্থাপত্যটিকে একটি আস্ত ‘মহাকাশযানের’ সঙ্গে তুলনা করেছেন।

জিওনি আরও জানান, এই রেস্তোরাঁয় খাবার খেতে হলে মূল জাদুঘরে প্রবেশের টিকিট কাটার প্রয়োজন নেই। বিশেষ করে রাতের খাবারের জন্য প্রবেশ করতে হয় গ্রাফিতি আঁকা একটি সরু পথ পেরিয়ে। সেই পথ দিয়ে ঢোকার সময় মনে হয়, যেন আলাদা কোনো গোপন দরজা দিয়ে কোনো বিশেষ আড্ডাখানায় প্রবেশ করা হচ্ছে। জিওনির প্রত্যাশা, মানুষ শুধু জাদুঘরে ঘুরতে আসবে না; বরং রেস্তোরাঁর টানে এখানে ছুটে আসবে।

উল্লেখ্য, নিউ মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্টের দীর্ঘ ৪৯ বছরের ইতিহাসে ‘ওবেরন’ হলো প্রথম রেস্তোরাঁ। ৮ কোটি ২০ লাখ ডলারের একটি সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে এটি চালু করা হয়েছে। তবে এই রেস্তোরাঁটি ব্যবসায়িকভাবে কতটা লাভজনক হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নিউইয়র্কের সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে উন্নত মানের রেস্তোরাঁ গড়ে তোলার একটি নতুন ধারা শুরু হয়েছে। অভিজাত সাময়িকী 'কন্ডে নাস্ট ট্রাভেলার' ম্যানহাটানের এই রোমাঞ্চকর রেস্তোরাঁ ওবেরনকে সেই ধারার সর্বশেষ উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। এর আগে গত বছর ‘দ্য ফ্রিক কালেকশন’ চালু করেছে ‘ওয়েস্টমোরল্যান্ড ক্যাফে’। গত এপ্রিলে নিলাম ঘর সদবি’স নিয়ে এসেছে ফরাসি রেস্তোরাঁ ‘মার্সেল’। এছাড়া ২০২৭ সালের শুরুর দিকে কুইন্সের মোমা পিএসওয়ান নামের একটি ফরাসি-আফ্রিকান ক্যাফে ‘সিমোন’ চালু হতে যাচ্ছে।

আমেরিকান অ্যালায়েন্স অব মিউজিয়ামসের এলিজাবেথ মেরিট মনে করেন, বর্তমানে অনেক প্রতিষ্ঠান নামকরা শেফদের ওপর ভরসা রাখছে। কারণ, এই শেফরা নিজেরাই বড় আকর্ষণ। তাঁদের জনপ্রিয়তার কারণে জাদুঘরগুলোতে নতুন দর্শকের আনাগোনা বাড়তে পারে।

জাদুঘরে খাবারের কথা উঠলে সবার আগে ম্যানহাটনের মিউজিয়াম অব মডার্ন আর্টের মূল ভবনে অবস্থিত ‘দ্য মডার্ন’ রেস্তোরাঁর কথা মনে পড়ে। ২০০৫ সালে চালু হওয়া এই রেস্তোরাঁটি দুটি ‘মিশেলিন স্টার’ অর্জন করে অনন্য উচ্চতায় পৌঁছেছে।

এই বিষয়ে হিউস্টন ইউনিভার্সিটির হসপিটালিটি বিভাগের অধ্যাপক ক্রিস্টোফার টেইলর বলেন, জাদুঘরে খাবারের স্বাদ নেওয়া নিয়ে মানুষের মধ্যে কেমন একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল। এ রেস্তোরাঁ সেটা আমূল বদলে দিয়েছে। অধ্যাপক টেইলর আরও বলেন, “জাদুঘরে থাকা রেস্তোরাঁগুলো খুব একটা অভিজাত বা উন্নত মানের নয়; অনেকেই এমনটা মনে করেন।” তিনি মনে করেন, মানুষ কেবল একটি স্যান্ডউইচ আর এক বোতল সান পেলেগ্রিনো খাওয়ার জন্য এসব রেস্তোরাঁয় দীর্ঘ সময় কাটাবে না। তাই খাবারের মান অবশ্যই জাদুঘরের ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

করোনা মহামারীর পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক কেন্দ্রগুলো দর্শক সংকটে ভুগছে। এর পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময়ে সরকারি অর্থায়ন কমানোর প্রভাবও পড়েছে। টেইলরের মতে, এই কঠিন পরিস্থিতিতে জাদুঘরে রেস্তোরাঁ চালু হওয়া প্রতিষ্ঠানগুলোর আর্থিক সচ্ছলতার একটি ইঙ্গিত দেয়।

তবে অনেক ক্ষেত্রে কেবল লাভের জন্য নয়, বরং প্রতিষ্ঠানের পরিচিতি বাড়ানো এবং দাতাদের আকৃষ্ট করতেও এসব রেস্তোরাঁ খোলা হয়। টেইলর জানান, যেসব জাদুঘর সম্প্রতি বড় অঙ্কের অর্থায়নে সংস্কার করা হয়েছে কিংবা পর্যাপ্ত অনুদান পেয়েছে, সেখানেই এই ধরনের রেস্তোরাঁ চালু করা হচ্ছে।

নিউ মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্টের ৪৯ বছরের ইতিহাসে প্রথম রেস্তোরাঁ হিসেবে ‘ওবেরন’ ৮ কোটি ২০ লাখ ডলারের সম্প্রসারণ প্রকল্পের আওতায় চালু হয়েছে। যদিও এর লাভজনকতা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, তবে জিওনি আশা করছেন যে এটি জাদুঘরের আয় বাড়াবে। পাশাপাশি পানশালা থেকেও আয়ের সম্ভাবনা দেখছেন তিনি।

মজার ছলে জিওনি বলেন, “শিল্পী আর পানশালার সম্পর্ক বহুদিনের। বিশ শতকের শিল্পকলার ইতিহাস থেকে মোটেও পানশালার ইতিহাসকে আলাদা করা যাবে না।”