দীর্ঘ অসুস্থতার পর আবারও পর্দায় ফিরে দর্শকদের মন জয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প্রায় নয় মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসায় জানা যায় তাঁর মস্তিষ্কে টিউমার হয়েছে। এরপর অস্ত্রোপচার, দীর্ঘ চিকিৎসা এবং কেমোথেরাপির কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। এই দীর্ঘ সময়ে অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন অভিনেত্রী। অবশেষে গত ২৬ অক্টোবর শুটিং সেটে ফিরে আসেন তিনি। ইকসান রনির নতুন নাটক ‘অংশীদার’-এর শুটিংয়ে অংশ নেন তানিয়া বৃষ্টি। গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়।
‘অংশীদার’ নাটকটি মূলত পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক বাস্তবসম্মত গল্পের ওপর ভিত্তি করে নির্মিত। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি এবং সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় নির্মিত এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।
নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক প্রশংসা পাচ্ছেন তানিয়া বৃষ্টি। এখন পর্যন্ত নাটকটির ভিউ সংখ্যা ১৫ লাখ ৮৫ হাজারে পৌঁছেছে। দর্শকদের আবেগঘন প্রতিক্রিয়া পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুমাইয়া নামে এক দর্শক লিখেছেন, ‘নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে—এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।’ অন্যদিকে ফারজানা নামের আরেক দর্শক লিখেছেন, ‘নাটকটির সঙ্গে বাস্তবতার অনেক মিল, আমাদের সঙ্গেও মিলে গেল, আমরাও দুই বোন, বাবা মারা গেছেন, আত্মীয়স্বজনদের কত রূপে দেখছি, কিন্তু বাবা মারা যাওয়ার আগে আমাদের নামেও দলিল করে দিয়ে গেছেন।’
তানিয়া বৃষ্টির সুস্থ হয়ে ফিরে আসায় শুভকামনা জানিয়েছেন দর্শকেরা। আরোশি নামে এক দর্শক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। তানিয়া বৃষ্টি আপুকে আবার নতুন নাটকে আমাদের মাঝে ফিরে পেয়েছি, আপু তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো এই দোয়া করি।’ অন্য একজন দর্শক লিখেছেন, ‘সবচেয়ে বেশি ভালো লাগছে প্রিয় অভিনেত্রী বৃষ্টি আপুকে নাটকে ফিরে পেয়েছি, এভাবে সুস্থ থেকে দর্শকদের নাটক উপহার দিন তানিয়া বৃষ্টি।’
দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি। নাটকটি সম্পর্কে তিনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকেরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।
এর আগে শুটিংয়ে ফেরার পর তানিয়া বৃষ্টির উচ্ছ্বাসের কথা জানান নির্মাতা। তিনি বলেন, ‘গেল বছরের শেষ দিকে তানিয়া (বৃষ্টি) আপুর সঙ্গে আমার কাজ করার কথা ছিল। হুট করেই তাঁর অসুস্থতার খবর শুনি। এরপর আমাদের আর কাজটি করা হয়নি। মাসখানেক ধরে আবার আমাদের আলাপ হচ্ছিল। গল্পটি পড়ে ফোন করে জানালেন, কাজটি করতে চান। শুটিংয়ের আগে দুই দিন বসেছিলাম। তিনিও অভিনয়ে ফেরার জন্য বেশ উদ্গ্রীব ছিলেন। শুটিংয়ে তাঁকে আমার আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। আমার এই চরিত্রেও তিনি দারুণ কাজ করেছেন।’