দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে এখন সুস্থতার পথে হাঁটছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত অক্টোবরে তিনি আবারও শুটিং সেটে ফিরেছেন। বর্তমানে চিকিৎসার পাশাপাশি অভিনয়ের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। এই কঠিন সময়ে সহকর্মীদের কাছ থেকে পাওয়া সাহস ও অনুপ্রেরণার কথা জানালেন এই অভিনেত্রী।

দীর্ঘ আট মাস পর গত মাসে হঠাৎ ফেসবুক লাইভে আসেন তানিয়া বৃষ্টি। তাঁকে লাইভে দেখে হাজারো ভক্ত উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অনেকেই মন্তব্যের মাধ্যমে তাঁকে আবারও পর্দায় দেখার ইচ্ছা প্রকাশ করেন। ভক্তদের এই ভালোবাসায় তানিয়া নিজেও জানান, খুব দ্রুতই তিনি আবারও অভিনয়ে ফিরছেন।

তানিয়ার ফেসবুক লাইভে ভক্তদের মনে অনেক প্রশ্ন ছিল। কেউ জানতে চান তাঁর বর্তমান শারীরিক অবস্থা, আবার কেউ প্রশ্ন করেন, ‘কীভাবে তিনি অসুস্থ হলেন’, ‘অসুস্থ হওয়ার আগে কী লক্ষণ ছিল’—এমন নানা জিজ্ঞাসা ছিল ভক্তদের মনে। মৌসুমী আক্তার নামের একজন ভক্ত লিখেছিলেন, ‘আপনি শুটিং করতে গিয়েই অসুস্থ হলেন, আপনার অসুস্থতার কোনো লক্ষণ ছিল না?’

ভক্তদের সচেতনতার কথা মাথায় রেখে এই প্রশ্নগুলোর উত্তর দেন তানিয়া। তিনি জানান, অসুস্থতার আগে তাঁর তেমন কোনো বিশেষ লক্ষণ ছিল না। তানিয়া বৃষ্টি মুক্তকণ্ঠকে বলেন, ‘আমার কোনো লক্ষণ ছিল না। আমি একদমই স্বাভাবিক ছিলাম। কেউ যদি আমার “দাদির আদর” নাটকের ট্রেলার দেখেন, নাটক দেখেন, তাহলে কিছুটা বুঝতে পারবেন। তখন আমার কিছুটা মাথাব্যথা ছিল। সেভাবেই আমি শুটিং করেছি। সচরাচর এমনটা থাকে।’

তবে এই সময়ে কিছু ভুল তথ্য বা গুজব ছড়িয়েছিল যে তিনি শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন। এই বিষয়ে তানিয়া স্পষ্ট করে বলেন, ‘আমাদের এখানে একটু কিছু হলেই সেটা নানাভাবে ছড়াতে থাকে। আমি শুটিংয়ে অসুস্থ হইনি, টায়ার্ড হয়ে গিয়েছিলাম। কারণ, আমাকে রাত পর্যন্ত শুটিং করতে হয়েছিল। শুটিংয়ের ব্যস্ততার কারণে এমনও হয়েছিল যে দুপুরের খাবার সন্ধ্যায় খেয়েছি। কোনো বিরতি ছিল না। কিছু অনিয়মের কারণে ক্লান্ত ছিলাম। এমনটাও কিন্তু শুটিংয়ে হয়ে থাকে।’

তানিয়া জানান, শুরুতে তিনি বুঝতে পারেননি যে তিনি কোনো বড় অসুস্থতার মুখে দাঁড়িয়ে আছেন। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল এবং তিনি আরও বেশ কিছু নাটকের শিডিউল দিয়ে রেখেছিলেন। যদিও পরে তিনি উপলব্ধি করেন যে মাথায় ব্যথার কিছু লক্ষণ ছিল, তবে তা শুটিংয়ের পরিশ্রম ও মানসিক চাপের কারণে হয়ে থাকে বলে তিনি গুরুত্ব দেননি।

তানিয়া বৃষ্টি বলেন, ‘টানা শুটিং করছি। চার দিন শুটিংয়ে কিছুটা মাথাব্যথা ছিল। এই ব্যথা আসে–যায় টাইপের। আমিও অতটা গুরুত্ব দিইনি। পরে ব্যথাটা আরও বাড়তে থাকে। পঞ্চম দিন সকালে অনেক ব্যথা হয়। সেই সঙ্গে বমি হতে থাকে। সেদিনই আমি হাসপাতালে ভর্তি হই। চিকিৎসক বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা দেন। ষষ্ঠ দিনে জানতে পারি, আমার ব্রেন ক্যানসার। তার আগে আমি একদম ভালো, শুটিং করছি। কী থেকে কী হয়ে গেল। পাঁচ দিন পর হাসপাতালে ভর্তি, ষষ্ঠ দিনে রিপোর্ট আসে ব্রেন ক্যানসার।’

এই দুঃসংবাদ পাওয়ার পরপরই দ্রুত চিকিৎসা শুরু করেন তিনি। দেশে এবং ভারতে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যান এই অভিনেত্রী। দীর্ঘ চিকিৎসার পর এখন তিনি সুস্থ জীবনে ফেরার পথে এবং আবারও শুটিংয়ে কাজ শুরু করেছেন। তানিয়া বলেন, ‘আমি চাই, এখন সবাই আমার কাজ নিয়ে আগের মতো কথা বলুক। আমি কাজ করছি, সেটাই জানুক। আর কারও যেকোনো শারীরিক সমস্যা দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসা নেওয়া উচিত।’

চিকিৎসার অংশ হিসেবে তাঁকে এখনো প্রতি মাসের শুরুতে কেমোথেরাপি নিতে হয়। নিয়মিত শুটিং করতে পারবেন কি না সে বিষয়ে তানিয়া বলেন, ‘এটা এখনো বলতে পারছি না। আমি নিজেও নিয়মিত শুটিং করতে চাই না। আরও দুই মাস কেমোথেরাপি নিতে হবে। এ সময় হয়তো প্রতি মাসে দুই–একটা কাজ করব। আর কেমো শেষ হলে আমি বাসা থেকে বের হতে চাই। তখন আমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। কারণ, আমি চাই না টিউমার আবার দেখা দিক। যে কারণে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে।’

মিডিয়া অঙ্গনে তানিয়ার ক্যারিয়ারের বয়স এক দশক। দীর্ঘ বিরতির পর গত মাসে ক্যামেরার সামনে দাঁড়ানো তাঁকে ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, যা তাঁকে আবেগপ্রবণ করে তোলে। তানিয়া বলেন, ‘আমি যখন প্রথম শুটিং করি, যখন আমি একদমই নতুন, অভিনয়ের কিছুই জানি না, শুধু প্যাশন আছে। সেই জায়গাটায় এবার চলে আসি। মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে। টিমের সবাই আমাকে সহায়তা করেছেন। সবার কাছে কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবং ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়। পরবর্তীতে চেন্নাইয়ে গিয়ে তাঁকে আরও একবার সার্জারি করাতে হয়। আগামী দুই মাস তাঁকে কেমোথেরাপি নিতে হবে।