প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ করল ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করলেও দীর্ঘ চার দশকের অধিক সময়েও আবাসন সংকট, নিরাপত্তাহীনতা, শিক্ষক ও শ্রেণিকক্ষের অভাব এবং প্রশাসনিক ভোগান্তির মতো মৌলিক সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে বিভ্রান্তি, পরিবহন সংকট, নিয়োগ বাণিজ্য এবং সনাতন পদ্ধতির ধারাবাহিকতা ও সনদ উত্তোলনে শিক্ষার্থীদের ভোগান্তি রয়ে গেছে। মানসম্মত গবেষণা এবং আন্তর্জাতিক মানের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি তুলনামূলক পিছিয়ে রয়েছে। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এসব সংকট নিরসনের আশ্বাস দিলেও বাস্তবে আশানুরূপ ফলাফল দেখা যায়নি।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে প্রায় ৮৩ শতাংশ শিক্ষার্থী আবাসিকতার বাইরে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নাম নিয়েও চরম বিভ্রান্তি বিদ্যমান। আইনে নাম ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ থাকলেও দাপ্তরিক কাগজপত্রে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়; ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া; ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-ঝিনাইদহ; ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’—এমন একাধিক নাম ব্যবহৃত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা চাকরির আবেদনসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। আবাসিকতার অভাবে সাড়ে ১৯ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৬ হাজার শিক্ষার্থীকে পার্শ্ববর্তী মেস বা কুষ্টিয়া ও ঝিনাইদহের মেসে থাকতে হচ্ছে। যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহন না থাকায় তারা চরম ভোগান্তির শিকার হন। বিশেষ করে নারী শিক্ষার্থীরা মেস ও গণপরিবহনে বিভিন্ন সময়ে হেনস্থার মুখোমুখি হচ্ছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগে ৪১৫ জন শিক্ষক পাঠদান করছেন, যার মধ্যে প্রায় ১৫টি বিভাগেই শ্রেণিকক্ষের সংকট রয়েছে। পর্যাপ্ত ল্যাব, কমনরুম, সেমিনার লাইব্রেরি ও গবেষণাগারের অভাব প্রকট। তবে সংকট সমাধানে বর্তমানে ৪টি হল ও ১টি একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। সংশ্লিষ্টদের মতে, এই কাজগুলো দ্রুত শেষ হলে আবাসিকতার সংকট অনেকাংশে দূর হবে।
প্রায় পাঁচ দশক অতিক্রান্ত হলেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখনো সনাতন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ফি প্রদানের জন্য দুটি ব্যাংকের সঙ্গে ই-পেমেন্ট সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া হলেও তা এখনো কার্যকর হয়নি। ফলে ফর্ম ফিলাপ বা সার্টিফিকেট সংগ্রহের মতো সাধারণ কাগজপত্রের জন্য শিক্ষার্থীদের এক ভবন থেকে অন্য ভবনে দৌড়াতে হয়। ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার চিত্রও ভয়াবহ। সম্প্রতি দিনদুপুরে নিজ কক্ষে এক শিক্ষককে কুপিয়ে হত্যা এবং পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের দ্বারা ক্যাম্পাসে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা সামনে এসেছে। এসব ঘটনার বিচারপ্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে। এছাড়া শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। শিক্ষার্থীদের দীর্ঘ দাবি সত্ত্বেও এখনো কেন্দ্রীয় ছাত্রসংসদ গঠিত হয়নি। এসব নানামুখী সংকট ও আন্তর্জাতিক মানের ঘাটতি নিয়েই বিশ্ববিদ্যালয়টি তার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
গত ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আতিকুর রহমানসহ ডিন, বিভাগীয় সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়টিতে ধর্মতত্ত্ব অনুষদের পাশাপাশি সাধারণ ও বিজ্ঞান অনুষদে নিয়মিত গবেষণা চলছে। বর্তমানে ৩৮টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মোট নিয়মিত শিক্ষার্থী ১৯ হাজার ৬৬৮ জন (ছাত্র: ১১ হাজার ৮৮৭; ছাত্রী: ৭ হাজার ৭৮১ জন)। এছাড়া এমফিল গবেষক ১৫১ জন (ছাত্র: ১৩৭; ছাত্রী: ১৪ জন) এবং পিএইচডি গবেষক ১৫২ জন (ছাত্র: ১২০; ছাত্রী: ৩২ জন) মিলিয়ে সর্বমোট ১৯,৯৭১ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। এ পর্যন্ত ৮ শতাধিক এমফিল এবং প্রায় সাড়ে ৭ শত (৭৫০ জন) পিএইচডি ডিগ্রি অর্জনকারী গবেষক বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন।
উচ্চশিক্ষা ও গবেষণা নির্ভর দক্ষ জনবল তৈরির কারখানা হিসেবে প্রতিষ্ঠানটিকে গড়ে তোলার কথা জানিয়ে উপাচার্য বলেন, ‘যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তারা কিন্তু প্রতিযোগিতাময় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে আসে। সুতরাং মেধাবীদের জন্য যুগোপযোগী করে কারিকুলাম প্রণয়ন করলে, বেকার তৈরির কারখানা হবে না। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রশাসন কাজ করছে। আমরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কোলাবোরেশনের চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের পূর্বের সব সংকট ও দুর্নীতির ইতিহাস মুছে ফেলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।’
উল্লেখ্য, ১৯৭৭ সালে মক্কায় অনুষ্ঠিত প্রথম বিশ্ব মুসলিম শিক্ষা সম্মেলনে উপনিবেশবাদ ও ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থার মোকাবিলায় আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওআইসির পৃষ্ঠপোষকতায় তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ড. এম এ বারীকে চেয়ারম্যান করে ‘ইসলামিক ইউনিভার্সিটি কমিটি’ গঠন করেন। ২৯ আগস্ট বারী কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ১৯৭৯ সালের ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে সময়ের সঙ্গে কমিশনের প্রস্তাবিত মূল পাঠ্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য থেকে বিশ্ববিদ্যালয়টি বিচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তুলনামূলকভাবে দেখা যায়, মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউএম) ২০২৭ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ৬৯১তম অবস্থানে এবং পাকিস্তানের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউআই) ১ হাজার ৪০১ বা তার পরের অবস্থানে রয়েছে। বিপরীতে, ওআইসির পৃষ্ঠপোষকতায় একই সময়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয় এখনো কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে কোনো স্থান পায়নি।
লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য বলেন, বাংলাদেশ, মালয়েশিয়া ও পাকিস্তানের তিনটি ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মাধ্যমে যাত্রা শুরু করে। এসব বিশ্ববিদ্যালয়ের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। তবে ইসলামী বিশ্ববিদ্যালয় একসময় দুর্ভাগ্যজনকভাবে সেসব বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হয়। সেই বিচ্যুতি কাটিয়ে মূল লক্ষ্য ও উদ্দেশ্যে ফিরে যেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
উপাচার্য আরও জানান, লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলামিক স্টাডিজ কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি অমুসলিম শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আদলে একটি পৃথক বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া সব শিক্ষার্থীর জন্য বাংলাদেশ স্টাডিজ এবং শিল্পপ্রতিষ্ঠানসংশ্লিষ্ট (ইন্ডাস্ট্রি রিলেটেড) কোর্স বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের দেড় বছর পার হয়ে গেলেও তদন্তে কোনো অগ্রগতি নেই। সর্বশেষ তদন্তভারপ্রাপ্ত সিআইডি-ও তেমন কোনো দৃশ্যমান ফলাফল দেখাতে পারেনি। তদন্তের দীর্ঘসূত্রতার কারণে ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে, বিভিন্ন বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তৎকালীন প্রশাসন সিআইডির মাধ্যমে অনানুষ্ঠানিক ব্রিফিং করালেও তা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। সরকার পরিবর্তনের পর সংশ্লিষ্টরা নীরব ভূমিকা পালন করছেন। গত বছরের ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, গত ৪ মার্চ বিকেলে সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা নিজ অফিস কক্ষে খুন হন। ওই কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দিনহাজিরার কর্মচারী ফজলুর রহমানকে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসকের মাধ্যমে রুনাকে মৃত ঘোষণা করা হয়। এই হত্যা মামলার প্রধান আসামি ফজলু রহমানকে চিকিৎসা শেষে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে, তবে বাকি তিন আসামি এখনো অধরা। মামলার চার্জশিট এখনো জমা হয়নি। এ বিষয়ে ইবি থানার ওসি মামুনুর রশীদ বলেন, ‘আমরা কাজ শেষ করেছি। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে খুব দ্রুতই চার্জশিট জমা দেব।’
তবে প্রতিকূলতার মাঝেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন। বর্তমান উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। এছাড়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু জাফর খান এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাকির হুসাইনও এই প্রতিষ্ঠানের শিক্ষক। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।
পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ জন সাবেক শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন কুষ্টিয়া-৩ আসনের মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনের রুহুল আমিন ও নেত্রকোনা-৫ আসনের মাছুম মোস্তফা। তাঁরা চারজনই জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ১১-দলীয় জোটে নির্বাচিত প্রতিনিধি।