উচ্চশিক্ষার প্রত্যাশায় বিদেশের মাটিতে পা রাখা অনেকেরই দীর্ঘদিনের স্বপ্ন। তবে স্বপ্নের সেই রঙিন পর্দার আড়ালে লুকিয়ে থাকে এক ভিন্ন বাস্তবতা। নতুন পরিবেশ, সংস্কৃতি এবং জীবনযাত্রার সাথে খাপ খাইয়ে নেওয়ার লড়াইয়ে অনেক সময় শিক্ষার্থীদের মুখোমুখি হতে হয় কঠিন চ্যালেঞ্জের। স্বপ্নের সাথে বাস্তবতার এই ব্যবধানই হয়ে ওঠে তাদের জীবনের এক নতুন অভিজ্ঞতার গল্প।
জাপানের রিতসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সরদার আকিব লতিফ। তার কাছে জাপানের কথা ভাবলেই ভেসে উঠত সাকুরা ফুল আর নয়নাভিরাম মাউন্ট ফুজি। তবে সেখানে পৌঁছানোর পর সেই মোহ খুব দ্রুতই কেটে যায়। জাপানিজ ভাষার জটিলতা, পার্টটাইম চাকরির তাগিদ, আর্থিক টানাপোড়েন এবং পড়াশোনার পাহাড়প্রমাণ চাপ—সব মিলিয়ে দিনরাত এক হয়ে যাচ্ছিল তার। তবে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে নতুন দেশের খাবার এবং যাতায়াত ব্যবস্থার সাথে মানিয়ে নিতে।
জাপানে গিয়ে প্রথমবার তিনি খেয়েছিলেন ‘ওনিগিরি’। এক মুঠ ভাতের ভেতরে মেয়োনেজ মাখা সেদ্ধ টুনা মাছ। ভাতে-মাছে বাঙালি হিসেবে তিনি ভেবেছিলেন খাওয়াদাওয়ায় কোনো সমস্যা হবে না। খাবারের বৈচিত্র্য থাকলেও সেখানে ছিল না কোনো ঝাল বা মসলার স্বাদ। গরম পানি ছাড়া রান্না করতে না জানা আকিব মাসখানেকের মধ্যেই মুরগি রাঁধতে শিখে ফেলেন। সেই রান্নার স্বাদ ভাষায় বর্ণনা করা সম্ভব নয়, তবে ঝাল ও মসলার স্বাদে তার মন ভরে গিয়েছিল। তিনি উপলব্ধি করেন, দূরদেশে দেশি স্বাদের খাবার পেতে হলে নিজেকেই রান্নাঘরে নামতে হয়।
পাহাড় আর সমুদ্রবেষ্টিত জাপানের রাস্তাগুলোও পাহাড়ের মতোই বন্ধুর। পাহাড়ি রুটে বাসের অভাব থাকায় নিজের গাড়ি না থাকলে কেবল পায়ের ওপরই ভরসা করতে হয়। শহরের এই পরিস্থিতি বুঝে তিনি শেষ পর্যন্ত একটি স্কুটার কিনে নেন। তবে তার আগে তিনি রসিকতা করে বলেন, “হাঁটাহাঁটিতেই একটা মাস্টার্স করে ফেলেছিলাম।”
অন্যদিকে, নেদারল্যান্ডসের ডেল্ট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আলফি শাহারিয়া হাসান। নতুন দেশে পা রাখার প্রথম কয়েক দিন তার খুব ভালো কেটেছিল। নতুন জায়গা দেখা এবং মানুষের সাথে পরিচিত হওয়া ছিল আনন্দদায়ক। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, সম্পূর্ণ অপরিচিত এক দেশে যেখানে কেউ তাকে চেনে না, সেখানে বাসাভাড়া থেকে শুরু করে বাজার করা, সাইকেল মেরামত এবং সময়মতো ট্রেন ধরা—সবকিছুই তাকে একাই সামলাতে হচ্ছে।
আলফির মতে, পুরো ইউরোপেই বাসা পাওয়া একটি বড় সমস্যা। উচ্চ ভাড়ার পাশাপাশি অনেকে আর্থিক প্রতারণার শিকার হন। তিনি আসার তিন-চার মাস আগে থেকেই বাসা খোঁজা শুরু করেছিলেন এবং ভাগ্যক্রমে ডর্মে রুম পাওয়ায় বড় কোনো সমস্যায় পড়তে হয়নি।
নেদারল্যান্ডসের একটি ইতিবাচক দিক হিসেবে তিনি উল্লেখ করেন তাদের ‘ওয়ার্ক-লাইফ ব্যালান্স’। সেখানে অফিসের পাশাপাশি বাসা থেকে কাজ করার সুযোগ রয়েছে এবং সবাই নিজের জন্য আলাদা সময় রাখার চেষ্টা করে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক। তবে আয়-ব্যয়ের হিসাব মিলিয়ে চলার চিন্তা সবসময় মাথায় ঘোরে। ভালো থাকার জন্য যে কঠোর পরিশ্রম করতে হয়, মাঝে মাঝে পড়াশোনা সেই অগ্রাধিকারের বাইরে চলে যায়। তবে তিনি মনে করেন, এখানে ভালো থাকার সংজ্ঞা দেশের চেয়ে আলাদা। নিজের সাথে সময় কাটাতে শিখে গেলে এই প্রবাস জীবন আনন্দময় হয়ে ওঠে।