এক সময়ের দাপুটে মরিচের বর্তমান করুণ দশা এখন বাজারের প্রধান আলোচনার বিষয়। যে মরিচের দাম নিয়ে এক সময় সংসদের ভেতরেই বিস্তারিত আলাপ-আলোচনা চলত, যার বাজারদরের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক নির্ধারিত হতো এবং দ্বিপক্ষীয় আমদানি-রপ্তানি বাণিজ্যে যার ছিল অত্যন্ত জোরালো ভূমিকা, আজ সেই মরিচের অবস্থাই যেন সবচেয়ে করুণ।

বর্তমানে বাজারের সবচেয়ে কম দাম এখন মরিচের। এক সময় যার দাম ছিল হাজারের ওপরে, আজ তা নেমে এসেছে পঞ্চাশ টাকার নিচে, মাত্র ত্রিশ-চল্লিশ টাকায়। এমনকি রাতের বাজারে কিছু খুচরা ক্রেতা মরিচের কেজি দর বিশ টাকাতেও নামিয়ে আনতে চান। এই পরিস্থিতি নিয়ে মরিচের তীব্র ক্ষোভ। মরিচের আক্ষেপের ভাষায়, “কত বড় স্পর্ধা, এক কেজি মরিচ ২০ টাকা। ভাবা যায়! সত্যিই সেলুকাস! বিচিত্র এ বঙ্গভূমির ক্রেতাসাধারণেরা।”

মরিচের দাবি, তাকে ছাড়া রান্নার কথা ভাবাই অসম্ভব। তার পূর্বপুরুষদের গুঁড়া করে মসলার মর্যাদা দেওয়া হয়েছে। লাল মরিচ ভাজা তো সবাই পছন্দ করে। শত শত হোটেল ও রেস্তোরাঁ তাদের নামের সাথে মিলিয়ে ‘চিলিজ' নাম ব্যবহার করে, এমনকি সবাই চিলি সস খেয়ে থাকে। অথচ এই খারাপ সময়ে কেউ পাশে নেই। মরিচের অভিযোগ, “বলতে ঘিন্না হয়, লেডিস ফিঙ্গার নামধারী সেই লম্বু ঢ্যাঁড়সের দামও আমার থেকে বেশি। কী তার ভাবসাব! তাকে বলি, এতই যখন দেমাগ আর দাম তবে আমারে ছাড়া যাওনা এক দিন পাবলিকের প্লেটে!”

মরিচ মনে করে, ঢ্যাঁড়স কখনোই তার অভাব পূরণ করতে পারবে না। সে প্রশ্ন করে, “পারবা? কক্ষনো না”। এমনকি বাজারে যার মূল্য খুব কম, সেই বায়ুত্যাগী মুলার দামও আজ মরিচের চেয়ে বেশি। এই চরম অপমান ও অবহেলায় মরিচ এতটাই ক্ষুব্ধ যে, তার মনে হয় রাগে-ক্ষোভে নিজের বোঁটা নিজেই ছিঁড়ে পচে-মরে যাওয়া ভালো।

তবে এই অপমানের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনাও করেছে মরিচ। সামনের রমজানেই সে তার শাস্তির ব্যবস্থা করবে বলে দাবি করেছে। তখন বাঙালি ক্রেতারা এর তীব্রতা অনুভব করবেন। মরিচ হুঁশিয়ারি দিয়ে বলেছে, “পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের ভিনদেশি ভাই–বেরাদাররে আমদানি করেও আমার ঝাঁজ কমানো যাবে না তখন—এই বলে দিলাম কিন্তু। মনে থাকে যেন।”

এই আক্ষেপ ও হুঁশিয়ারির মধ্য দিয়েই আপাতত তার কথা শেষ।