আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সাথে তিনি জানান, বর্তমানে ভোজ্য তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

বুধবার (২৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে এক বিশেষ বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, রমজান মাসকে কেন্দ্র করে বাজারে পণ্যের কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই। ভোজ্য তেল, ছোলা, ডাল এবং চিনিসহ যেসব পণ্য আমদানির ওপর নির্ভরশীল, সেগুলোর বর্তমান সরবরাহ এবং রমজানে সম্ভাব্য চাহিদার কথা মাথায় রেখে সরকার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেছে।

তিনি বলেন, “আমাদের পাইপলাইনে যে পরিমাণ পণ্য রয়েছে, তা বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। রমজান কিংবা তার আগে-পরে বাজারে পণ্যের কোনো ঘাটতি তৈরি হবে না।”

আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যের পরিবর্তন এবং জাহাজভাড়ার ওঠানামা আমদানি ব্যয় বৃদ্ধিতে প্রভাব ফেলে, যা পরোক্ষভাবে দেশের বাজারে পণ্যের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

রমজানের আগে ভোজ্য তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, “এই মুহূর্তে ভোজ্য তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।”

আন্তর্জাতিক বাজারে ছোলার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, এ বিষয়ে আমদানিকারকদের সাথে আলোচনা করা হচ্ছে। পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ব্যবসায়ীরা যদি মার্জিন বা অন্য কোনো ব্যাংকিং জটিলতার সম্মুখীন হন, তবে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে মালয়েশিয়ার সাথে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এই আলোচনা এগিয়ে নিয়ে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে দেশটির সাথে চুক্তি সম্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, ওমান, নিউজিল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের সাথেও অগ্রাধিকারমূলক বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা চলমান রয়েছে বলে তিনি জানান।