বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের কথা ছিল। তবে বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক জটিলতার কারণে নির্ধারিত ওই তারিখে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। মূলত ‘রিপিট ক্যাডার’ সমস্যা নিরসন এবং সরকারি পদের শূন্যতা রোধ করতে পিএসসি এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বিজ্ঞপ্তির এক বছরের মধ্যে একটি বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করার যে লক্ষ্য কমিশন নির্ধারণ করেছিল, তা কিছুটা পিছিয়ে যাচ্ছে।
পিএসসি সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ এবং প্রার্থীদের চাকরিতে যোগদানের হিসাব সমন্বয় না করে ৫০তম বিসিএসের ফল প্রকাশ করলে অন্তত ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ খালি থেকে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। কমিশনের এই সিদ্ধান্ত এবং ঘোষিত ক্যালেন্ডার থেকে সরে আসায় চাকরিপ্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষা ও রিপিট ক্যাডার–সংকট
পিএসসির একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট যেকোনো সময় প্রকাশিত হতে পারে। গেজেট প্রকাশের পর প্রার্থীরা চাকরিতে যোগ দিলে প্রকৃত শূন্য পদের সঠিক হিসাব পাওয়া যাবে। সেই হিসাবের সমন্বয় করেই ৫০তম বিসিএসের চূড়ান্ত সুপারিশ তালিকা প্রস্তুত করা হবে। এই কারণেই ২৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে গেজেট প্রকাশের পরপরই দ্রুততম সময়ের মধ্যে ফল ঘোষণা করা হবে বলে কমিশন সূত্র নিশ্চিত করেছে।
বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় ‘রিপিট ক্যাডার’ ও ‘লোয়ার ক্যাডার’ একটি দীর্ঘমেয়াদী সমস্যা। যখন কোনো প্রার্থী আগের কোনো বিসিএসে একটি নির্দিষ্ট পদে সুপারিশ পান এবং পরবর্তী বিসিএসে পুনরায় একই পদে অথবা ‘লোয়ার ক্যাডারে’ সুপারিশ পান, তখনই এই সংকট তৈরি হয়। সাধারণত ওই প্রার্থী নতুন পাওয়া পদে আর যোগ দেন না, যার ফলে মূল্যবান ক্যাডার পদটি শূন্য থেকে যায়। পরিসংখ্যান অনুযায়ী, এ ধরনের জটিলতার কারণে প্রতিটি বিসিএসে গড়ে ২০০ থেকে ২৫০টি পদ ফাঁকা থাকে। উদাহরণস্বরূপ, ৪৪তম বিসিএসের ১ হাজার ৭১০টি পদের মধ্যে প্রায় ৪০০ জনই ছিলেন রিপিট ক্যাডার। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর এই অসংগতির কারণে শত শত মেধাবী তরুণ–তরুণী ন্যায্য নিয়োগ থেকে বঞ্চিত হন।
শতভাগ নিখুঁত না হলেও সুযোগ মিলবে অন্তত আড়াই শ প্রার্থীর
পিএসসির সূত্রগুলো বলছে, ৪৬তম বিসিএসের গেজেটের জন্য অপেক্ষা করলেও ৫০তম বিসিএসের ফল শতভাগ রিপিট ক্যাডারমুক্ত করা সম্ভব হবে না। এর প্রধান কারণ হলো, এখনো ৪৭তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়নি এবং এর ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগবে। পিএসসি কেবল ৪৬তম বিসিএসের গেজেটের জন্য অপেক্ষা করবে; কারণ ৪৭তম বিসিএসের জন্য অপেক্ষা করলে ৫০তম বিসিএসের ফল প্রকাশ আরও দীর্ঘায়িত হবে।
ফলে ৪৬তম ও ৪৭তম—এই দুটি বিসিএস মিলিয়ে রিপিট ও লোয়ার ক্যাডার জটিলতায় যেখানে প্রায় ৫০০ চাকরিপ্রার্থী নিয়োগবঞ্চিত হওয়ার ঝুঁকিতে ছিলেন, সেখানে এই প্রক্রিয়ায় অন্তত অর্ধেক অর্থাৎ ২৫০ যোগ্য প্রার্থী নতুন করে ক্যাডার পদে সুপারিশ পাওয়ার সুযোগ পাবেন, বলছে পিএসসি। পুরোপুরি সংকট না কাটলেও এটিকে আংশিক সমাধান হিসেবে দেখা হচ্ছে।
৫০তম বিসিএসের পরিক্রমা ও ক্যালেন্ডার রক্ষার প্রশ্ন
‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ বা এক বছরে একটি বিসিএস শেষ করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২ হাজার ১৫০টি পদের বিপরীতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ প্রার্থী। শুরু থেকেই পিএসসি ফল প্রকাশে দ্রুতগতি বজায় রাখে। চলতি বছরের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মাত্র ১১ দিনের মাথায় ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়।
পরবর্তী ধাপে ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়। খাতা মূল্যায়নের জটিলতা কাটিয়ে মাত্র ৭৭ দিনে অর্থাৎ ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে কমিশন। এতে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন ৬ হাজার ১৬৫ জন। ১১ আগস্ট শুরু হয়ে নির্ধারিত সময়েই শেষ হয় মৌখিক পরীক্ষা। সব ধাপ সময়মতো শেষ হওয়ায় ২৬ নভেম্বর চূড়ান্ত ফল পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন প্রার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা দেওয়া এক প্রার্থী বলেন, “এক বছরে বিসিএস সম্পন্ন করার এই ঘোষণা পিএসসির প্রতি প্রার্থীদের আস্থা বাড়িয়েছিল। কমিশনের উচিত ছিল যেকোনো মূল্যে ঘোষিত ক্যালেন্ডার রক্ষা করা।”
অন্যদিকে আরেক চাকরিপ্রার্থী পিএসসির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, “রিপিট ক্যাডার সংশোধন করেই ফল দেওয়া উচিত। এতে অনেক মেধাবীর কর্মসংস্থান হবে। তবে এই প্রক্রিয়ায় যেন খুব বেশি সময় নষ্ট না হয়। আমরা চাই, ডিসেম্বরের মধ্যেই যেন ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়।”
ভেরিফিকেশন ও গেজেট জটিলতায় বাড়ছে ভোগান্তি
নাম প্রকাশ না করার শর্তে এক চাকরিপ্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “পিএসসি দ্রুত পরীক্ষা নিলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের ধীরগতির কারণে আমরা ভুগছি। ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে ৯ মাস আগে। গেজেট এত দিনেও কেন হলো না, তার কোনো সদুত্তর নেই। ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের কাজ দ্রুত শেষ করা উচিত, তা না হলে এক বিসিএসের জটে পরের বিসিএস আটকে যেতেই থাকবে।”
ফল প্রকাশের নির্ধারিত সময়সূচি ও সার্বিক বিষয়ে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “৫০তম বিসিএসের ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফল তৈরির আনুষঙ্গিক কার্যক্রম চলমান। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে যথাসময়ে তা জানিয়ে দেওয়া হবে।”
জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, রিপিট ক্যাডার ঠেকানোর উদ্যোগটি যৌক্তিক হলেও পিএসসির ঘোষিত ক্যালেন্ডার রক্ষা করতে না পারাটা একধরনের ব্যর্থতা। বিসিএসের সামগ্রিক জট খুলতে হলে পিএসসির সময়ানুবর্তিতা বজায় রাখার পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের প্রক্রিয়ায়ও গতি আনতে হবে, তা না হলে এক বিসিএসের জটে আরেক বিসিএস আটকে থাকার পুরোনো সংস্কৃতি থেকে বের হওয়া কঠিন হবে।