বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা এবং পুলিশ ক্যাডারের জন্য বিশেষ বিসিএস নেওয়ার গুঞ্জন নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন চাকরিপ্রার্থীরা। বিশেষ করে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশে যে বিলম্ব হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পূর্ববর্তী বিসিএসগুলোর দিকে তাকালে দেখা যায়, ৪৫তম বিসিএসে ভাইভা শেষ হওয়ার ১৬ দিন, ৪৬তম বিসিএসের ১৩ দিন এবং ৪৭তম মাত্র ১০ দিন পর চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছিল। এমনকি ৪৮ ও ৪৯তম স্পেশাল বিসিএসের ক্ষেত্রে ভাইভা শেষ হওয়ার মাত্র ২ দিনের মধ্যেই ফলাফল পাওয়া গিয়েছিল। অথচ ৫০তম বিসিএসের ভাইভা শেষ হয়েছে গত ২৯ সেপ্টেম্বর। আজ ১৯ নভেম্বর—অর্থাৎ ভাইভা শেষ হওয়ার পর ৫১ দিন পার হয়ে গেলেও এখনো চূড়ান্ত ফল প্রকাশিত হয়নি। যদিও ৫০তম বিসিএসের সার্কুলারে ২৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের কথা উল্লেখ ছিল; কিন্তু নির্ধারিত সময়ের এই কাছাকাছি সময়ে এসেও ফল প্রকাশ না হওয়ায় প্রার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
ফলাফল প্রকাশে এই অস্বাভাবিক বিলম্বের পেছনে কোনো অজানা কারণ কাজ করছে বলে মনে করছেন প্রার্থীরা। গুঞ্জন রয়েছে যে, পূর্ববর্তী বিসিএসের গেজেট এবং যোগদানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষায় ফল ধরে রাখা হচ্ছে। তবে ইতিমধ্যে ৪৫তম বিসিএসের গেজেট ও জয়েনিং সম্পন্ন হয়েছে। প্রার্থীরা দাবি জানিয়েছেন, যদি পূর্ববর্তী বিসিএসের গেজেট ও জয়েনিংয়ের জন্য রেজাল্ট দিতে বিলম্ব করা হয়, তবে ওই সব বিসিএসের জয়েনিংয়ের পর যে পদগুলো ফাঁকা থাকবে, সেগুলো যেন ৫০তম বিসিএসে যুক্ত করা হয়। তাঁদের মতে, অন্যথায় চূড়ান্ত ফল প্রকাশে এই অস্বাভাবিক বিলম্ব কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। যদি এত দেরিতে ফল প্রকাশের পরও পূর্ববর্তী বিসিএসগুলোর ফাঁকা পদ যুক্ত করা না হয়, তবে চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হবে এবং সরকারি কর্ম কমিশনের প্রতি তরুণ সমাজের আস্থা অনেকাংশে কমে যাবে।
এর পাশাপাশি পুলিশ ক্যাডারের জন্য আলাদা স্পেশাল বিসিএস নেওয়ার কথা শোনা যাচ্ছে, যা প্রার্থীদের মধ্যে আরও অসন্তোষ তৈরি করেছে। ৫০তম বিসিএসে বিপুলসংখ্যক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও পুলিশ ক্যাডারের পদগুলো এখান থেকে পূরণ না করে স্পেশাল বিসিএসের সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করছেন তাঁরা। উল্লেখ্য, ৫০তম বিসিএসে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যেখানে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট পদ রয়েছে মাত্র ২ হাজার ১৫০টি। এমতাবস্থায় পুলিশ ক্যাডারের শূন্যপদ ৫০তম বিসিএস থেকে পূরণ না করে নতুন করে স্পেশাল বিসিএস নেওয়া হলে তা রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে বলে দাবি প্রার্থীরা। তাই স্পেশাল বিসিএসের পরিবর্তে ৫০তম বিসিএসে পদ বৃদ্ধির দাবি জানিয়েছেন তাঁরা।
সামগ্রিক পরিস্থিতি এবং সময়সীমা নিয়ে প্রার্থীরা এখন পিএসসি চেয়ারম্যানের কাছ থেকে একটি সুনির্দিষ্ট বক্তব্য বা সাক্ষাৎকার প্রত্যাশা করছেন। তাঁরা চান ফলাফল প্রকাশের প্রকৃত অবস্থান এবং নির্ধারিত সময়ে ফল পাওয়ার নিশ্চয়তা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেতে।
*বিসিএস পরীক্ষা দেওয়া চাকরীপ্রার্থী