দেশের সকল সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হলেও, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের বয়স তুলনামূলকভাবে কম। বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত মোট ১০০৪ জন প্রার্থীর মধ্যে ২৩ থেকে ২৫ বছর বয়সীরা সংখ্যাগরিষ্ঠ। তাদের হার শতকরা ৩৯ দশমিক ৯০। এরপর ২৫ থেকে ২৭ বছর বয়সী ৭০৩ জন (২৭ দশমিক ৯৪ শতাংশ) এবং ২১ থেকে ২৩ বছর বয়সী ৪৮৯ জন (১৯ দশমিক ৪৪ শতাংশ) প্রার্থী সুপারিশ পেয়েছেন। অন্যদিকে, ২৭ থেকে ২৯ বছর বয়সী মাত্র ২৭৮ জন (১১ দশমিক ০৫ শতাংশ) এবং ২৯ বছরের বেশি বয়সী মাত্র ৪২ জন (১ দশমিক ৬৭ শতাংশ) প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
একই ধরণের চিত্র দেখা গেছে গত ৪৩তম বিসিএসেও। সেখানে সুপারিশপ্রাপ্ত মোট প্রার্থীর ৩৭ দশমিক ৬৮ শতাংশের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে ছিল। ২৫ থেকে ২৭ বছর বয়সীরা ছিলেন ৩২ দশমিক ২৭ শতাংশ। ২১ থেকে ২৩ বছর বয়সীরা ছিলেন ১৩ দশমিক ৬৮ শতাংশ, আর ২৭ থেকে ২৯ বছর বয়সীরা ছিলেন ১৪ দশমিক ৬৬ শতাংশ। ২৯ বছরের বেশি বয়সী প্রার্থীদের হার ছিল মাত্র ১ দশমিক ৭১ শতাংশ। অর্থাৎ, দুটি বিসিএসেই বেশি বয়সী প্রার্থীদের সুপারিশের হার সবচেয়ে কম।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া মুক্তকণ্ঠকে বলেন, ‘আমি অতি সম্প্রতি যোগদান করেছি। পিএসসির বার্ষিক প্রতিবেদন দেখে এ ব্যাপারে মন্তব্য করা যাবে।’
প্রতিবেদনে লিঙ্গভিত্তিক পার্থক্যও ফুটে উঠেছে। ৪১তম বিসিএসে পুরুষ প্রার্থীরা নারীদের তুলনায় এগিয়ে রয়েছে। মোট ১৮৪৪ জন পুরুষ (৭৩ দশমিক ২৯ শতাংশ) সুপারিশপ্রাপ্ত হলেও, নারী প্রার্থীরা হয়েছে মাত্র ৬৭২ জন (২৬ দশমিক ৭১ শতাংশ)।
৪৩তম বিসিএসেও একই রকম চিত্র দেখা যায়। সেখানে পুরুষ প্রার্থীদের হার ছিল ৮০ দশমিক ৫৪ শতাংশ (১৭৪২ জন), অন্যদিকে নারী প্রার্থীরা ছিল ১৯ দশমিক ৪৬ শতাংশ (৪২১ জন)।
অতীতের পরীক্ষার তথ্য বিশ্লেষণ করলেও একই ধারা পাওয়া যায়। ৩৮তম বিসিএসে পুরুষ ছিলেন ৭৩ দশমিক ৯ শতাংশ (১৬১১ জন) ও নারী ২৬ দশমিক ৯১ শতাংশ (৫৯৩ জন)। ৩৯তম বিসিএসে (বিশেষ) পুরুষ ছিলেন ৫৩ শতাংশ (৩৬০০ জন) ও নারী ৪৭ শতাংশ (৩১৯২ জন)। ৪০তম বিসিএসে পুরুষের হার ছিল ৭৩ দশমিক ৯৭ শতাংশ (১৪৫২ জন) ও নারী ২৬ দশমিক ৩ শতাংশ (৫১১ জন)। তবে ৪২তম বিসিএসে (বিশেষ) পুরুষ প্রার্থীদের হার ছিল ৫০ দশমিক ৯৮ শতাংশ (২০৩৯ জন) এবং নারী প্রার্থীদের হার ছিল ৪৯ দশমিক ৩ শতাংশ (১৯৬১ জন)।