৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্ধারিত গুগল ফর্মটি যারা এখনো পূরণ করেননি, তাদের আগামী ১২ অক্টোবরের মধ্যে তা অবশ্যই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিএসসি সচিবালয় থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই জরুরি নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে যে, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচির ৫ নম্বর অনুচ্ছেদে প্রার্থীদের জন্য একটি নির্দিষ্ট গুগল ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে দেখা গেছে, মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া অনেক প্রার্থী এখনো উক্ত ফর্মটি দাখিল করেননি।
পিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে গুগল ফর্মটি পূরণ করতে ব্যর্থ হয়েছেন, তাঁদের কারণ দর্শানোসহ ২ অক্টোবরের মধ্যে আবশ্যিকভাবে নির্দিষ্ট লিংকে গিয়ে ফর্মটি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
এই প্রক্রিয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির অনুলিপি পিএসসি সচিবালয়ের সিস্টেম অ্যানালিস্ট এবং জনসংযোগ কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়েছে।