ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।
নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার ১ নম্বর আসামি করা হয়েছে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে। এছাড়া তাঁর অনুসারীদের মধ্যে আরও ৯৫ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অতর্কিত হামলায় রাজু মোল্লা গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস ঘটনার পাঁচ দিন পর অবশেষে মামলাটি করা হলো।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন যে, ১ নম্বর আসামি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের নির্দেশনা ও অর্থায়নে অন্য আসামিরা পরিকল্পনা করে ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন। তারা মশাল জ্বালিয়ে সড়কে ইটের খোয়া, পাথরের টুকরা ও বাঁশের লাঠি বিছিয়ে রাখে। এসময় আসামিদের হাতে ছিল রামদা, চাপাতি, সড়কি ও ককটেলসহ বিভিন্ন দেশি অস্ত্র।
এজাহারে আরও বিস্তারিত বলা হয়েছে, রাত পৌনে আটটার দিকে আসামিরা বাদীর স্বামী রাজু মোল্লাকে মোটরসাইকেলসহ আটক করে। সেই সময় ২ নম্বর আসামি পৌরসভার হাজরাহাটি এলাকার শাহাদাৎ খয়রাতি (৪১) ধারালো সড়কি দিয়ে রাজুর কোমরের ডান পাশে প্রচণ্ড আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর জখম হন।
এছাড়া ৩ নম্বর আসামি হামিরদী এলাকার আল আমিন (৪৫), ৪ নম্বর আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভাঙ্গা পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান (৪২), ৬ নম্বর আসামি নিষিদ্ধ ছাত্রলীগের ভাঙ্গা উপজেলা কমিটির আহ্বায়ক আশিকুজ্জামান (৩৬), ১৫ নম্বর আসামি বালা মিয়া (৪৬), ১৮ নম্বর আসামি কামাল (৪৫) ও ২১ নম্বর আসামি বেলায়েত মুন্সী (৩৮) রাজুকে নির্মমভাবে মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাঁকে সড়কে টেনেহিঁচড়ে নেওয়া হয়, যার ফলে তাঁর পেটের ডান পাশ থেকে ডান পায়ের হাঁটু পর্যন্ত চামড়া ছিলে যায় এবং পুরো শরীর রক্তাক্ত হয়ে পড়ে।
এজাহারের বর্ণনা অনুযায়ী, খবর পেয়ে রাত সোয়া আটটার দিকে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই খালিদ মাহমুদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় উত্তেজিত আসামিরা পুলিশ দলের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং এসআই খালিদ মাহমুদের কাছ থেকে একটি ওয়াকিটকি ছিনিয়ে নেয়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সেখান থেকে উদ্ধার করে রাত নয়টার দিকে রাজু মোল্লাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঘটনার দিন ভাঙ্গা থানা-পুলিশ যে ২৬ জনকে আটক করেছিল, তাঁদের এই মামলায় আসামি করা হয়েছে কি না, তা জানতে চাইলে এসআই মিজানুর জানান, তিনি মাত্র মামলার এজাহারের কপি পেয়েছেন। যাচাই-বাছাই করে পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।