জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার লক্ষ্যে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তাঁর মতে, প্রকৃত অর্থে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় কার্যকর করা অপরিহার্য।

রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত আল ফালাহ মিলনায়তনে আজ রোববার জামায়াতের জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পরবর্তীতে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে অবহিত করে দলটি।

বক্তব্যের এক পর্যায়ে এ টি এম আজহারুল ইসলাম উল্লেখ করেন যে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাররা কেবল সরকার গঠন নয়, বরং সংবিধান সংস্কারের প্রশ্নেও তাদের মতামত দিয়েছেন। তিনি জানান, জামায়াতের সংসদ সদস্যরা তাদের সদস্য পদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেছেন। তবে বিএনপির সংসদ সদস্যরা দ্বিতীয় শপথটি নেননি। তাঁর অভিযোগ, “এর মাধ্যমে বিএনপি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।”

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সুযোগ এখনো বিদ্যমান। তিনি মনে করেন, জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং ২০২৪ সালের আন্দোলনের চেতনাকে জাতীয় ঐক্যের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে।

এ টি এম আজহারুল ইসলাম সতর্ক করে বলেন, যদি সংবিধান সংস্কার না করা হয়, তবে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে একই রাজনৈতিক চরিত্রের কোনো দল পুনরায় ক্ষমতায় আসার সুযোগ পেতে পারে। এ ধরনের পরিস্থিতি প্রতিরোধ করতে জনগণকে সাথে নিয়ে আন্দোলন অব্যাহত রাখার কথা জানান তিনি।

বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, দেশের সীমান্ত রক্ষা এবং সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু সরকার তা করতে ব্যর্থ হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সহিংসতা ও নাশকতা দমনে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনগণের দাবির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। জামায়াতের নায়েবে আমির পুনরায় জোর দিয়ে বলেন, “জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকর করা জরুরি।”

মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য প্রদান করেন দলের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, রফিকুল ইসলাম খান, এ এইচ এম হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম এবং মুয়াযযম হোসাইন হেলালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে উপস্থিত জামায়াতের এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে মুক্তকণ্ঠকে জানিয়েছেন, “সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এই বৈঠক ডাকা হয়েছে। সেখানে সারা দেশের পরিস্থিতি জেলা ও মহানগর আমিরদের মাধ্যমে জানা হয়েছে এবং তাঁদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”