ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রচার করা হয়েছে। সেখানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে। বাহিনীটির দাবি, এই বিশেষ ব্যবস্থার সাহায্যে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব।
বিশ্লেষকদের মতে, নতুন এই উৎক্ষেপণব্যবস্থাটি আগে ব্যবহৃত ইরানের একটি দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার চেয়ে অনেক বেশি উন্নত। উল্লেখ্য, আগের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া হতো। তবে তরল জ্বালানি অধিক কার্যকর বলে বিবেচিত হয়। এ ধরনের জ্বালানি ব্যবহার করলে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ কিছুটা নিয়ন্ত্রণ করার সুযোগ পান পরিচালনাকারীরা, যা যুদ্ধের ময়দানে বাড়তি সুবিধা দেয়।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেছেন যে, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে মুসাভি বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় “অপ্রত্যাশিত চমক” এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয়। এগুলোর গতি নিয়ন্ত্রণের সক্ষমতা থাকায় শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে এটি বিশেষ সুবিধা প্রদান করতে পারে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, দেশটির নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা এবং লক্ষ্যভেদে নির্ভুলতা আগের চেয়ে বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) ওপর নির্ভরতা ছাড়াই পথনির্দেশনা পাওয়ার সক্ষমতাও উন্নত হয়েছে বলে জানানো হয়েছে।
গতকাল শনিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন ভূগর্ভস্থ স্থাপনাটি পরিদর্শন করেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। ওই সময় প্রচারিত ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতর শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযান দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।