বাহরাইনের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের এই বিশেষ অভিযানে ওই দুই ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

তবে এই হামলার বিষয়ে ভিন্ন দাবি করেছে বাহরাইন। দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার কথা স্বীকার করলেও জানিয়েছে, হামলাটি কোনো সামরিক ঘাঁটিতে নয়, বরং বেসামরিক শিল্প স্থাপনায় চালানো হয়েছে। এই হামলার ফলে ওই স্থাপনায় আগুন ধরে গিয়েছিল বলে জানানো হয়।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শনিবার গভীর রাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের চালানো বেশ কয়েকটি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এ হামলা ছিল ‘ইরানের আগ্রাসনের’ অংশ। তারা আরও জানায়, এতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলার শিকার হওয়া নির্দিষ্ট স্থাপনাটির নাম বা অবস্থান সম্পর্কে মন্ত্রণালয়টি বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে বাহরাইনের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বা এয়ার রেইড সাইরেন বেজে ওঠে। সেই মুহূর্তে মন্ত্রণালয় বাসিন্দাদের দ্রুত কাছের নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। তবে ঠিক কী ধরনের হুমকি রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তখন দেওয়া হয়নি।

অন্যদিকে, আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে যে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অভিযান চালানো হয়েছে। এই অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ক্রমাগত আগ্রাসন এবং ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। মূলত দুটি মার্কিন এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পরই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়।

এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছিল, আইআরজিসি বাহরাইনের শেখ ইসা আর জুফাইরে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে অভিযান চালিয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘন করার জবাব দেওয়ার পাশাপাশি হেঙ্গাম দ্বীপের রাডার স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর অবস্থান করছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই নৌবহরটি বারবার আক্রমণের শিকার হয়েছে। কয়েক সপ্তাহের বিরতির পর সম্প্রতি এই নৌবহরে তিনটি ড্রোন হামলা চালানো হয়। যুদ্ধের শুরু থেকেই ইরান প্রতিবেশী দেশগুলোতে একের পর এক হামলা চালিয়ে আসছে, যার মূল লক্ষ্যবস্তু হচ্ছে সেসব দেশে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা।