দক্ষিণ ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা গতকাল বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের হামলা’ চালানো হয়েছে। এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পরেই বাহরাইনে অবস্থিত মার্কিন রাডার স্থাপনায় হামলার কথা ঘোষণা করে আইআরজিসি।
আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত একটি বিবৃতিতে আইআরজিসি তাদের এই সামরিক পদক্ষেপকে একটি ‘গুরুতর সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করেছে। একই সাথে তারা শত্রুপক্ষকে আকাশপথে ধারাবাহিক উসকানিমূলক কর্মকাণ্ড এবং হরমুজ প্রণালিতে তেল চোরাচালান বন্ধ করার জোরালো আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ‘এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির বাহিনী জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।’
এদিকে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স দাবি করেছে যে, আইআরজিসির মহাকাশ শাখা ওই রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটিকে ‘ধ্বংস করেছে’। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে ওয়াশিংটন বা মানামা থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। রাজধানী মানামার নেভাল সাপোর্ট অ্যাকটিভিটি ঘাঁটিতে অবস্থিত এই সদর দপ্তরটি মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন নৌবাহিনীর যাবতীয় অভিযান পরিচালনার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে এই সদর দপ্তরেও হামলা চালানো হয়েছিল। আল–জাজিরার বিশ্লেষণ করা কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ছবিতে দেখা গেছে, ওই ঘাঁটির বেশ কয়েকটি রাডারে সরাসরি হামলা চালানো হয়েছিল এবং সেখানকার বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।