যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে চালানো বিভিন্ন হামলার প্রতিক্রিয়ায় গত আট মাসেরও বেশি সময় ধরে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালিয়ে আসছে ইরান। দীর্ঘ বিরতির পর সম্প্রতি বাহরাইনে তাদের এই হামলা আরও জোরদার হয়েছে। তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালাল তেহরান। আজ রোববার ভোরে ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাহরাইনের রাজধানী মানামা। এই পরিস্থিতির প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার ভোর চারটার দিকে মানামায় প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে বাসিন্দারা আবারও বিস্ফোরণের শব্দ পান। ঠিক সেই সময়েই সতর্কসংকেত বাজতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে কর্তৃপক্ষ একাধিক সতর্কবার্তা প্রকাশ করে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়। উল্লেখ্য, গত সেপ্টেম্বরের পর এই প্রথম বাহরাইনে এমন সতর্কবার্তা জারি করা হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, দেশটির আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে মোতায়েন মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে মোট ছয়টি ড্রোন পাঠানো হয়েছিল।

তবে বাহরাইনের সামরিক বাহিনী এই দাবির বিপরীতে জানিয়েছে, হামলাকারী ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং সেগুলো তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানি ড্রোনগুলোকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে, প্রতিশোধ নেওয়ার ক্ষেত্র হিসেবে তারা নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে না। এই ধরনের হামলার জন্য ইরানকে পুরোপুরি দায়ী করেছে বাহরাইন।

হামলার ঘটনায় আতঙ্কিত বাহরাইনের বাসিন্দা ৬৫ বছর বয়সী হায়াত ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমি ঠিক এটাই চাইছিলাম না, আবার এমন কিছু ঘটুক। ইরানের হামলা আবার শুরু হওয়ায় সেই উদ্বেগ ও অনিশ্চয়তা ফিরে এসেছে।”

এর আগে গত শুক্রবারও বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় দেশগুলোতে এটিই ছিল প্রথম হামলা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, ওই হামলায় দুটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে সেই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে বাহরাইনে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লিগ। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বাহরাইনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরোধী তারা। বর্তমান উত্তেজনা কমিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, হরমুজ প্রণালির কাছে একটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলার খবর জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী সংস্থা ইউকেএমটিও। সংস্থাটি নিশ্চিত করেছে যে, জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন। তবে ট্যাংকারটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিবেশের ওপর এর প্রভাব কতটুকু হতে পারে, তা এখনো জানা যায়নি।