পলিআর্টেরাইটিস নোডোসা একটি অত্যন্ত বিরল রক্তনালি প্রদাহজনিত রোগ, যার সঠিক সময়ে শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সময়মতো এই রোগ ধরা না পড়লে পরবর্তী সময়ে তা গুরুতর জটিলতার সৃষ্টি করতে পারে, যা শিশুর জীবনকে চরম ঝুঁকিতে ফেলে দেয়। এই বিশেষ রোগে আক্রান্ত হলে রক্তনালিতে প্রদাহ তৈরি হয় এবং রক্তনালির দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়ে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে।
চিকিৎসকদের মতে, এই রোগের সঠিক কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হয় যে, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার অস্বাভাবিক প্রতিক্রিয়া এই রোগ সৃষ্টিতে বড় ভূমিকা পালন করে। এছাড়া হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হয়, যদিও সব রোগীর ক্ষেত্রে এর প্রমাণ পাওয়া যায় না। উল্লেখ্য যে, এটি কোনো ছোঁয়াচে রোগ নয়।
এই রোগের লক্ষণগুলো সাধারণত অস্পষ্টভাবে শুরু হয়। এর প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী জ্বর ও শারীরিক দুর্বলতা। এছাড়া ত্বকের পরিবর্তন লক্ষ্য করা যায়; যেমন ত্বকে জালের মতো বেগুনি বা লালচে দাগ, গুটি, ঘা কিংবা হাত ও পায়ের আঙুলে রক্ত সরবরাহ কমে গিয়ে কালো রঙের ক্ষত তৈরি হতে পারে। এমনকি গুরুতর ক্ষেত্রে হাত অথবা পায়ের আঙুলগুলো খসে পড়তে পারে।
অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে মাংসপেশি ও গিরায় ব্যথা এবং পেটব্যথা। এছাড়া কিডনির সমস্যা ও উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, যার ফলে প্রস্রাবে প্রোটিন ও রক্ত নির্গত হয়। অনেক ক্ষেত্রে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। স্নায়ুতন্ত্র আক্রান্ত হলে শরীরে দুর্বলতা, অবশ ভাব এবং পায়ের পাতা তুলতে অসুবিধার মতো সমস্যা দেখা দেয়।
বিশেষজ্ঞরা জানান, কেবল যেকোনো একটি উপসর্গ দেখে এই রোগ শনাক্ত করা সম্ভব নয়। রোগ নির্ণয়ের জন্য রোগীর বিস্তারিত ইতিহাস, শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং ল্যাবরেটরি পরীক্ষার সমন্বয় অত্যন্ত জরুরি। সাধারণত রক্তের পূর্ণমান পরীক্ষা, প্রদাহ সূচক—যেমন ইএসআর, সিআরপি এবং কিডনি ও লিভারের কার্যকারিতা পরীক্ষা করা হয়।
প্রয়োজনে ত্বকের নির্দিষ্ট স্থান থেকে বায়োপসি এবং ইমেজিং পরীক্ষা, যেমন এনজিওগ্রাফি করা হয়, যার মাধ্যমে রক্তনালির প্রদাহ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। এছাড়া স্নায়ু, ত্বক, কিডনি বা রোগের অন্যান্য উপসর্গ অনুযায়ী অতিরিক্ত পরীক্ষার প্রয়োজন হতে পারে। যথাসময়ে রোগ শনাক্তকরণ এবং চিকিৎসা শুরু করা গেলে এই রোগের প্রদাহ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং অঙ্গজটিলতা অনেকাংশে কমিয়ে আনা যায়।
তথ্য প্রদান করেছেন অধ্যাপক ডা. ইমনুল ইসলাম, শিশু বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। তিনি বর্তমানে মিরপুর-৬-এর আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে চেম্বার করছেন।