১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ রোধ করতে একটি বাধ্যতামূলক অন্তর্বর্তীকালীন গাইডলাইন প্রণয়ন ও জারি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়নের জন্য অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগবিশেষজ্ঞ এবং আইনবিদদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
আজ রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ প্রদান করেন। এই নির্দেশের আওতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
চলতি মাসের শুরুতে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর এই রিট আবেদনটি দায়ের করেন। তার আবেদনের মূল বিষয় ছিল ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপে জাতীয় নীতিমালা প্রণয়নে কর্তৃপক্ষের ব্যর্থতা। আদালতে রিটের পক্ষে শুনানি পরিচালনা করেন তিনি নিজেই।
আদালতের আদেশের বিষয়ে আইনজীবী ফয়সাল দস্তগীর মুক্তকণ্ঠকে বলেন, “কোনো নীতিমালা না থাকায় ১৬ বছরের নিচে অর্থাৎ অপ্রাপ্তবয়স্করা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তাদের মানসিক বিকাশ-উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অনেকের ক্ষেত্রে দৃষ্টিশক্তিসহ নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে এক গবেষণায় এসেছে। অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে ১৬ বছরের নিচে যাদের বয়স, অপ্রাপ্তবয়স্করা সামাজিকমাধ্যম ব্যবহার করতে পারে না।” মূলত এই বাস্তবতাকে সামনে রেখেই জনস্বার্থে রিটটি করা হয়েছে বলে তিনি জানান।
আইনজীবী ফয়সাল দস্তগীর আরও জানান, অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়নে একটি স্বাধীন কমিটি গঠন করতে বলা হয়েছে। পাশাপাশি ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপে জাতীয় নীতিমালা প্রণয়নে ব্যর্থতাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুলে জানতে চাওয়া হয়েছে।