শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত ১০টা ২০ মিনিটে গেটটি খুলে দেওয়া হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, রাত ৯টা ৫০ মিনিটের দিকে গেটটি খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা প্রথমে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে জড়ো হন এবং সেখান থেকে একটি মিছিল নিয়ে মুজিব হলের পকেট গেটের সামনে গিয়ে অবস্থান নেন।
এই বিক্ষোভে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীমউদ্দীন হল এবং সূর্য সেন হলসহ বিশ্ববিদ্যালয়ের আরও বিভিন্ন হলের শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী ও অধ্যাপক এনামুল হক সজীব। তাঁদের সামনে শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ শুরু হওয়ার প্রায় আধা ঘণ্টার মাথায় প্রশাসন গেটটির তালা খুলে দিতে রাজি হয়।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয় সভায় নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। তবে গেটটি বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছিল বলে অভিযোগ করে আসছিলেন তাঁরা এবং এই গেটটি পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।