জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে নতুন প্রক্টরসহ চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন। একই সাথে আরও চারজন অধ্যাপক বিভিন্ন দপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। তাঁদের প্রত্যেকের নিয়োগ আগামী দুই বছরের জন্য কার্যকর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়। ওই আদেশ অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত পাঁচজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, “বিশ্ববিদ্যালয়ের সংবিধির ১৫(১) বিধি অনুসারে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক নাছির আহমদকে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।” তাঁর এই নিয়োগ ২৮ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
পাশাপাশি, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আনিসুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের কার্যকারিতাও ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে।
ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল। বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৪(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে তাঁকে দুই বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে, যা ২৮ অক্টোবর থেকে কার্যকর হয়।
অন্যদিকে, অধ্যাপক মো. নাছির আহমাদ প্রক্টর হিসেবে নিযুক্ত হওয়ায় পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) পদটি শূন্য হয়। ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ৮(৭) ধারা মোতাবেক সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সিন্ডিকেটে রিপোর্ট সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) হিসেবে নিযুক্ত করা হয়েছে।
শিক্ষকদের ডরমিটরি ভবনের প্রশাসকের পদেও পরিবর্তন আনা হয়েছে। পূর্বের নিয়োগ আদেশ (তারিখ: ২৯/০৪/২০২৫ খ্রি.) বাতিল করে অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. মাহমুদ হাসান শাহকে পরবর্তী দুই বছরের জন্য শিক্ষকদের ডরমিটরি ভবনের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।