প্রাতিষ্ঠানিক শিক্ষা সীমিত হলেও বইয়ের প্রতি অদম্য ভালোবাসা এবং পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে অনন্য সম্মান অর্জন করেছেন জসিম উদ্দীন। দ্বিতীয় শ্রেণির পর পড়াশোনা থেমে গেলেও জীবিকার তাগিদে তিনি বেছে নিয়েছিলেন কাঠমিস্ত্রির পেশা। তবে কাঠের আসবাব তৈরির পাশাপাশি তিনি গড়ে তুলেছেন বই পড়ার এক ভিন্ন জগৎ। সেই অনন্য ব্যক্তিত্বকেই একটি বিদ্যালয়ের বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

আজ শনিবার পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে অবস্থিত ইসলাহুল উম্মাহ একাডেমির উদ্যোগে 'ইসলাহুল উম্মাহ উন্মুক্ত পাঠাগারের খুদে পাঠক সম্মেলন' অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার খোকসায় ‘খোকসা কমিউনিটি পাঠাগার’ প্রতিষ্ঠাতা কাঠমিস্ত্রি জসিম উদ্দীন। সকাল ১০টায় একাডেমি ক্যাম্পাসের পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে দুই শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার ও কথাসাহিত্যিক এবং পাবনা সরকারি বুলবুল কলেজের উপাধ্যক্ষ আখতার জামান। পুরো সম্মেলনের সভাপতিত্ব করেন ইসলাহুল উম্মাহ একাডেমির কো-চেয়ারম্যান মারুফ চৌধুরী এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাদ বিন আবদুর রউফ।

সম্মেলনে অংশ নেওয়া খুদে পাঠকেরা তাদের অনুভূতি ব্যক্ত করে জানান, বদ্ধ কক্ষের পরিবর্তে খোলা প্রাঙ্গণে গড়ে তোলা এই পাঠাগারটি তাদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এখান থেকে তারা যেকোনো সময় নিজেদের পছন্দের বই সংগ্রহ করে পড়তে পারে, যা তাদের পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে গিয়ে নতুন কিছু শেখার সুযোগ করে দিয়েছে।

প্রধান আলোচক আখতার জামান তার বক্তব্যে বলেন, “ধর্মীয় মূল্যবোধ ও বিজ্ঞানমনস্কতার সহাবস্থান এবং পাঠ্যবইয়ের পাশাপাশি মুক্তপাঠের এমন আয়োজন ইসলাহুল উম্মাহ একাডেমিকে নিছক একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে স্বপ্ন বাস্তবায়নের কর্মশালায় পরিণত করবে। এমন ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত।”

একাডেমির প্রধান শিক্ষক সৈয়দা ইসমাত আরা শিশুদের প্রকৃত জ্ঞানপিপাসু করে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিশুকে প্রকৃত অর্থে জ্ঞানপিপাসু করে তুলতে হলে তার পাঠকে পাঠ্যবইয়ের মধ্যে আটকে রাখা যাবে না। পাঠ্যবই পরীক্ষার প্রস্তুতি দেয়; কিন্তু ইতিহাস, বিজ্ঞান, গল্প, কবিতা ও উপন্যাসের বিস্তৃত পাঠ একজন শিশুকে জীবন ও সমাজ বুঝতে শেখায়। এই ভাবনা থেকেই উন্মুক্ত পরিসরে পাঠাগারটি গড়ে তোলা হয়েছে, যা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের জন্যও উন্মুক্ত।

দ্বিতীয় শ্রেণি পাস একজন কাঠমিস্ত্রিকে বিদ্যালয়ের প্রধান অতিথি করার বিষয়ে সৈয়দা ইসমাত আরা বলেন, “আমাদের কাছে জসিম উদ্দীন শুধু একজন কাঠমিস্ত্রি নন। তিনি স্বপ্ন নির্মাণের কারিগর। জ্ঞানচর্চার নীরব সাধক। তাঁর হাতে কাঠের আসবাব তৈরি হয়। আর তাঁর পাঠাগার আন্দোলনের মাধ্যমে তৈরি হচ্ছে আলোকিত সমাজ। শিশুদের সামনে এমন একজন মানুষকে সম্মানিত অতিথি হিসেবে তুলে ধরাও একটি শিক্ষা।”

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দীন জানান, শৈশবে দারিদ্র্য ও পারিবারিক প্রতিকূলতার কারণে দ্বিতীয় শ্রেণির পর আর পড়াশোনার সুযোগ হয়নি তাঁর। পেশায় ক্ষুদ্র কাঠমিস্ত্রি হলেও শিশুদের নিয়ে তাঁর স্বপ্ন অনেক বড়। নতুন প্রজন্মকে বইয়ের জগতে যুক্ত রাখতে তিনি নিজের বাড়িতেই পাঠাগার গড়ে তুলেছেন। এমন অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি নিজেকে গর্বিত মনে করছেন। তিনি আরও বলেন, “আমি বইয়ের মানুষ বলেই আজ সুদূর কুষ্টিয়া থেকে পাবনায় এসে শিশুদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি।”

সম্মেলনের এক পর্যায়ে ১০ জন খুদে পাঠককে সেরা পাঠক হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

জসিম উদ্দীনের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বিলজানি গ্রামে। পারিবারিক প্রতিকূলতা ও চরম দারিদ্র্যের কারণে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা দ্বিতীয় শ্রেণিতেই থেমে যায় এবং জীবিকার প্রয়োজনে তিনি কাঠমিস্ত্রির কাজ শুরু করেন। তবে বইয়ের প্রতি তাঁর অনুরাগ কখনো কমেনি। কাঠমিস্ত্রির কাজ করে উপার্জিত অর্থের একটি অংশ জমিয়ে বছরের পর বছর বই সংগ্রহ করেছেন তিনি। ২০১৬ সালের দিকে নিজের বাড়ির আঙিনায় তিনি প্রতিষ্ঠা করেন ‘খোকসা কমিউনিটি পাঠাগার’। বর্তমানে সেখানে গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ের দুই হাজারের বেশি বই রয়েছে। শিশু-কিশোর, শিক্ষার্থী ও বইপ্রেমীদের জন্য এই পাঠাগারটি সর্বদা উন্মুক্ত। কাজের ব্যস্ততার মাঝেও জসিম উদ্দীন পাঠাগারে সময় দেন, শিশুদের বই পড়তে উৎসাহিত করেন এবং নতুন বই সংগ্রহের চেষ্টা চালিয়ে যান। তাঁর এই অনন্য উদ্যোগে প্রতিদিন পাঠাগারে শিশুদের মিলনমেলা বসে।